
গত বুধবারের রাষ্ট্র-পরিচালিত গণহত্যার শোকাঘাতে মিসরের ৪০ লাখ মানুষ এখনো স্তম্ভিত। শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণকারী অন্তত ৬০০ মানুষকে হত্যা করা হয়েছে সেদিন, সংখ্যাটা সম্ভবত এর থেকে আরও অনেক বেশি। এ রকম পরিস্থিতিতে কিছু প্রশ্ন মনে জাগছে, যা অত্যন্ত মৌলিক। যথা: যারা তোমাকে হত্যা করার জন্য তৈরি, তুমি কীভাবে শান্তি স্থাপন করবে? যারা তোমাদের হত্যা করছে, তোমরা তাদের কীভাবে থামাবে?
আমি মিসরীয় নাগরিকদের একটি মোর্চার প্রতিনিধিত্ব করি। জুলাই মাসে যে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, আমার মোর্চাটি সে অভ্যুত্থানের বিরুদ্ধে। দুই সপ্তাহ ধরে আমরা অনেক বিদেশি কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছি। তাঁদের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দূত বেরনারদিনো লেওন ও যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম জে বার্নসের নাম উল্লেখ করা যায়। সামরিক অভ্যুত্থানের নেতারা ওই কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন মিসরে এসে মধ্যস্থতা করতে। আমরা তাঁদের কথা শ্রদ্ধার সঙ্গে শুনেছি; মিসরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের মূল্যায়ন সততার সঙ্গে তাঁদের অবহিত করেছি এবং একটা শান্তিপূর্ণ সমাধানে পৌঁছার আকাঙ্ক্ষা আমরা তুলে ধরেছি। কিন্তু শান্তিপূর্ণ সমাধানের সব প্রয়াস ব্যর্থ হয়ে গেছে মিসরের সামরিক শাসক জেনারেল আবদুল-ফাত্তাহ এল-সিসির দুরভিসন্ধির কারণে। মধ্যস্থতাকারীদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনিই, মুরসি-সমর্থক মোর্চা নয়।
মধ্যস্থতাকারীদের উদ্যোগেরও কিছু সমস্যা ছিল। কূটনীতিক ও সাংবাদিকেরা শুধু মুসলিম ব্রাদারহুডের সঙ্গে আলোচনার ব্যাপারে কথা বলে গেছেন। কিন্তু শুধু ব্রাদারহুডই বিক্ষোভ করছে না, মিসরের সব রাজনৈতিক অঙ্গন থেকেই বিক্ষোভ হচ্ছে; ব্রাদারহুড ছাড়াও অন্য অনেক গ্রুপ আছে যারা মুরসিকে ক্ষমতাচ্যুত করার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে। মিসরীয় এক জনমত জরিপ সংস্থার হিসাব অনুযায়ী, এ দেশের ৬৯ শতাংশ মানুষ ওই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে।
আরও খারাপ ব্যাপার হচ্ছে, মার্কিন পররাষ্ট্র বিভাগ ও অন্যান্য পশ্চিমা দেশের কূটনীতিকেরা দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন বাগাড়ম্বর করে চললেন। যে মুখে তাঁরা রাষ্ট্রশক্তির সহিংসতার নিন্দা-সমালোচনা করেছেন, সেই একই মুখে আবার ব্রাদারহুডসহ অন্যান্য বিক্ষোভকারীর প্রতি সহিংসতা ‘পরিহার’ অথবা ‘এড়ানো’র আহ্বান জানিয়েছেন। এতে করে সামরিক জান্তা ‘সহিংসতা প্রতিরোধের’ নামে হত্যাযজ্ঞসহ যাবতীয় রকমের জঘন্য অপরাধ চালিয়ে যাওয়ার অজুহাত পেয়েছে। বিক্ষোভের স্থানগুলোতে কয়েক সপ্তাহ ধরে প্রচুরসংখ্যক বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন, তাঁরা এমন একটিও আলামত দেখতে পাননি যে বিক্ষোভকারীদের হাতে অস্ত্র ছিল, অথবা সহিংসতা শুরু করেছিল তারাই। মধ্যস্থতাকারীদের সবচেয়ে মারাত্মক ভুল হচ্ছে এই যে তাঁরা চাপ প্রয়োগ করেছেন সহিংসতার শিকার মানুষদের ওপর, যারা তাদের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যাচ্ছে তাদের ওপর নয়। মধ্যস্থতাকারীদের দৃষ্টিতে আমরা বিক্ষোভকারীরাই সংকটের একমাত্র কারণ, যে অবৈধ অভ্যুত্থানকারীরা সংবিধান স্থগিত করেছেন এবং খোদ প্রেসিডেন্টকে অপহরণ করেছেন, তাঁদের কোনো দোষ নেই! মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ১ আগস্ট এক তাক-লাগানো মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ করা হচ্ছে। অভ্যুত্থানের প্রতি হোয়াইট হাউসের সমর্থন না থাকা সত্ত্বেও পররাষ্ট্রমন্ত্রী কেরি এই বক্তব্য দিয়েছেন। এ থেকে মোটেও এ রকম মনে হয় না যে আমেরিকা শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণকারীদের পক্ষে রয়েছে। আমাদের এখন বলা হচ্ছে, আমরা যদি সামরিক অভ্যুত্থানকে যা হওয়ার হয়ে গেছে বলে মেনে নিতাম, তাহলেই সবকিছু ভালো হতো। তাহলে সামরিক বাহিনীর তরফ থেকে সদিচ্ছার প্রকাশ ঘটত এবং সবাইকে নিয়ে মিলেমিশে একটা গণতন্ত্র কায়েম করা যেত।
এসব প্রতিশ্রুতি আমরা আগেও অনেক শুনেছি। সামরিক বাহিনী ও তথাকথিত উদারপন্থী অভিজাতেরা বারবার দেখিয়েছে যে তারা মনে করে, মিসরের জনগণের সিদ্ধান্ত ঠেকিয়ে দেওয়ার কর্তৃত্ব রয়েছে তাদের। কিন্তু যে সামরিক জেনারেল নিজের শপথ ভঙ্গ করেছেন এবং মিসরের ইতিহাসে একমাত্র নির্বাচিত প্রেসিডেন্টকে আইনবহির্ভূত পন্থায় আটক করেছেন, তাঁর ওপর এই ভরসা রাখা যায় না যে তিনি এসব পদক্ষেপের বিরোধী একটি আন্দোলনকে টিকে থাকতে দেবেন, এগিয়ে যেতে দেওয়ার কথা তো ভাবাই যায় না।
যাঁরা এই সংকট থেকে উত্তরণের ব্যাপারে আসলেই আন্তরিক, তাঁদের জন্য কিছু কঠিন সত্য স্বীকার করে নেওয়া জরুরি। প্রথমত, এটা একটা যুদ্ধ: একটি গণতান্ত্রিক, বহুত্ববাদী মিসর, যেখানে ব্যক্তি-নাগরিকের সম্মান থাকবে এবং থাকবে ব্যালটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করার ক্ষমতা—এমন একটি মিসরের স্বপ্ন যারা দেখে, তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে সেই সব মানুষ, যারা মিসরকে দেখতে চায় একটা সামরিকায়িত রাষ্ট্র হিসেবে, যেখানে বলপ্রয়োগের মাধ্যমে জনগণের মাথার ওপর বসিয়ে দেওয়া হবে একটা সরকারকে। মিসরে এখন এই দুটি পক্ষের মধ্যে যুদ্ধ চলছে।
দ্বিতীয়ত, এই সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিসরকে আবারও স্বৈরতন্ত্রের সেই কালো যুগে ফিরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রমালিকাধীন ও বেসরকারি গণমাধ্যমের ওপর কঠোর সামরিক নিয়ন্ত্রণ, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ-প্রতিবাদে অংশগ্রহণকারী জনতা ও সাংবাদিকদের ওপর সহিংস আক্রমণ, ফৌজদারি অভিযোগ ছাড়াই আইনানুগ পন্থা ব্যতিরেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের গ্রেপ্তার করা ও আটক রাখা—স্বৈরতান্ত্রিক যুগের এই সবকিছু আবার ফিরে এসেছে।
তৃতীয়ত, জেনারেল সিসি এখন আর কসম খেয়ে বলতে পারবেন না যে তিনি মিসরের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। মিসরের সংবিধান সমুন্নত রাখতে তিনি শপথ নিয়েছিলেন; কিন্তু তিনিই সংবিধান স্থগিত করেছেন। এবং সামরিক জান্তার চিরাচরিত দুমুখো স্বভাবমতো একদিকে বিরোধী দলের নিন্দা করেছেন বিদেশি শক্তিগুলোর সঙ্গে যোগসাজশ করার জন্য, অন্যদিকে পশ্চিমা কূটনীতিক ও পারস্য উপসাগরীয় শেখদের মদদ পাওয়ার জন্য মরিয়া চেষ্টা করেছেন, মূলত যারা তাঁর অভ্যুত্থানের পেছনে অর্থের জোগান দিয়েছে।
এই সবকিছুর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরকার অক্ষমতার ভান করে চলেছে। এমন কোনো দিন নেই যখন কোনো যুক্তরাষ্ট্রের কোনো তথ্য কর্মকর্তা, বিশ্লেষক, বা সরকারি কর্মকর্তা এমন ধারণা প্রকাশ করছেন যে মিসরের জেনারেলদের ওপর ওয়াশিংটনের তেমন কোনো প্রভাব নেই। কিন্তু এতে কোনো লাভ হবে না। আমেরিকার প্রভাব আগেও ছিল, এখনো বিলক্ষণ আছে। প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে সামরিক বাহিনী যে অভ্যুত্থান
করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই তথ্য প্রেসিডেন্টের কার্যালয়কে জানিয়ে দিয়েছিলেন একজন আমেরিকান কর্মকর্তা, কোনো মিসরীয় নন।
আজ মিসরের সামনে একটিমাত্র পথই খোলা আছে: বৈধ সরকারকে তার ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। তার পরই কেবল আমরা একটা জাতীয় সমঝোতা-মীমাংসার জন্য আলোচনার টেবিলে বসার কথা ভাবতে পারি, যেখানে সবকিছুই আলোচনার জন্য উন্মুক্ত থাকবে। মোহাম্মদ মুরসিকে প্রেসিডেন্টের পদ ফিরিয়ে দেওয়ার সঙ্গে আদর্শ বা অহংয়ের কোনো সম্পর্ক নেই। এটা কোনো রাজনৈতিক বাহাদুরি নয়। নয় কোনো দর-কষাকষির কৌশল। এটি একটি বাস্তবিক অনিবার্য প্রয়োজনীয়তা। এই জরুরি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছাড়া, মিসরের এই রক্তপাত ও নৈরাজ্যের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির মুখে দাঁড় করানো ছাড়া সবার অংশগ্রহণভিত্তিক একটি গণতান্ত্রিক ব্যবস্থা, মুক্তি, স্বাধীনতা, মানুষের জীবন—কোনো কিছুরই নিশ্চয়তা নেই।
মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ও আর্থিক সহযোগিতার ব্যাপারে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, তা নির্ভর করবে প্রেসিডেন্ট ওবামার সিদ্ধান্তের ওপর। কিন্তু আমেরিকান জনগণের উপলব্ধি করা প্রয়োজন, মিসরের জনসাধারণের মধ্যে এই ধারণা ক্রমেই বদ্ধমূল হচ্ছে যে গণতন্ত্র নিয়ে আমেরিকার বাগাড়ম্বর নিতান্তই ফাঁকা বুলি, তাৎক্ষণিক রাজনৈতিক ফায়দা লাভের স্বার্থে আমেরিকান রাজনীতিকেরা নিজেদের তৈরি আইন-বিধান ভাঙতে বা নিজেদের ঘোষিত আদর্শ-মূল্যবোধ জলাঞ্জলি দিতে একটুও দ্বিধা করেন না। আর মুক্তি, স্বাধীনতা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা—এই বিষয়গুলো যখন জরুরি হয়ে দেখা দেয়, তখন তারা মনে করেন যে এগুলো মুসলমানদের জন্য প্রযোজ্য নয়।
মিসরে আজ আমরা যে শাসনব্যবস্থার মুখোমুখি, তা নতুন নয়। এর সঙ্গে আমাদের পরিচয় অত্যন্ত নিবিড়। এর নেতারা নির্যাতন, নিপীড়ন আর স্থবিরতার বেসাতি করতে চাইছেন। কিন্তু আমরা এসব নিচ্ছি না। আমেরিকারও উচিত হবে না নেওয়া।
ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
আমর দারাগ: মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির কার্যকরী পরিষদের সদস্য। সাবেক মুরসি সরকারের পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী।