মুক্তিযুদ্ধের দায়বদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা যারা বাংলাদেশি, তাদের সবার ওপর একাত্তরের মুক্তিযুদ্ধের দায়বদ্ধতা আছে। যে মুক্তিযুদ্ধের কল্যাণে আমরা বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি, সে মুক্তিযুদ্ধকে আমরা অসম্মানিত করতে পারি না।
ইদানীং পত্রপত্রিকায় দুটি বিষয় নিয়ে লেখালেখি হচ্ছে। একটি হলো নিম্নস্তর থেকে সচিব পর্যায়ে চাকরিজীবীদের মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার হিড়িক, অপরটি আমাদের মুক্তিযুদ্ধের সমর্থক বিদেশি অতিথিদের সম্মাননা দেওয়ার জন্য তৈরি ক্রেস্ট। দুটিতেই প্রতারণা ও জালিয়াতির ঘটনা ঘটেছে।
সত্যিকারের মুক্তিযোদ্ধা না হয়েও একদিকে যেমন শুধু চাকরির স্থায়িত্বকাল বাড়ানোর জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ পেশ করা হচ্ছে, তেমনি আমাদের মহান মুক্তিযুদ্ধে সমর্থন দেওয়ার জন্য বিদেশি অতিথিদের সোনার যে ক্রেস্ট দেওয়া হয়েছিল, তা ভেজাল বলে প্রমাণিত হয়েছে। ক্রেস্টটিতে এক ভরি সোনা এবং ৩০ ভরি রুপা থাকার কথা থাকলেও বিএসটিআইয়ের পরীক্ষায় তাতে সোয়া তিন আনা সোনা ও রুপার বদলে ৩৫১ গ্রাম পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু পাওয়া গেছে।
এ দুটো বিষয়ই আমাদের মহান জাতির জন্য কলঙ্কের বোঝা হয়ে রইল।
একজন মুক্তিযুদ্ধের লেখক হিসেবে আমি সরকারের কাছে ওই সব অপকর্মের হোতাদের উপযুক্ত বিচার প্রার্থনা করছি। কেননা, আমরা সবাই একাত্তরের মহান মুক্তিযুদ্ধের কাছে দায়বদ্ধ।
বাদল মেহেদী, ঢাকা৷