সরকার মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে শহীদ ও খেতাবপ্রাপ্ত মৃত মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের কাজ শুরু হয়েছে। অচিরেই হয়তো খেতাবপ্রাপ্ত মৃত মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের কাজও শুরু হবে। সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে আগামী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধরে রাখা সম্ভব হবে।
শামসুল হক বীর বিক্রম খেতাবধারী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। তখন তাঁর পদবি ছিল নায়েব সুবেদার। ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের আক্রমণ শুরু করলে তিনি ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। তিনি যুদ্ধ করেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে। পরে ভারতে সংগঠিত হয়ে জেড ফোর্সের অধীনে ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।
১৯৭১ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে কানাইঘাটের যুদ্ধে সাহস ও বীরত্ব প্রদর্শনের জন্য তিনি বীর বিক্রম খেতাব পান।
শামসুল হক ১৯৭৮ সালে সেনাবাহিনীর সুবেদার পদ থেকে অবসর নেন। এর পর থেকে তিনি তাঁর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বলিবাড়ি গ্রামে বসবাস করতেন। চলতি বছরের ২৩ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।
শামসুল হকের পারিবারিক কোনো কবরস্থান নেই। তাঁর ছেলেমেয়ের আর্থিক সংগতি তেমন ভালো নয়। তাঁদের ভিটেবাড়ির জায়গায়ও খুব ছোট। সেখানে সবার থাকার স্থান সংকুলান হচ্ছে না। তাঁকে বলিবাড়ি ও পার্শ্ববর্তী বলিঘর গ্রামের সম্মিলিত কবরস্থানে দাফন করা হয়েছে।
এ অবস্থায় সরকার ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে আবেদন, শামসুল হক বীর বিক্রমের কবরটি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের জন্য পদক্ষেপ নেওয়া হোক।
নূরুন নাহার
মধ্যবাড্ডা, ঢাকা৷