মুক্তিযোদ্ধাদের সম্পদ নয়ছয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে পুনর্বাসনে স্বাধীনতার পর যেসব শিল্পকারখানা ও সম্পদ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে দেওয়া হয়েছিল, তার অধিকাংশ বেহাত হয়ে যাওয়ার খবরটি কেবল দুঃখজনক নয়, জাতির জন্য লজ্জারও।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদ ও শিল্পকারখানার বেহাল অবস্থা নিয়ে ২৫ ও ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত খবরে যে চিত্র উঠে এসেছে, তা আমাদের সরকারি প্রশাসনযন্ত্রের অদক্ষতা, অযোগ্যতা এবং দায়িত্বে অবহেলার বিষয়টিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আরও কৌতূহলোদ্দীপক হলো, মুক্তিযোদ্ধাদের এই সম্পদ নিয়ে নয়ছয় করার কাণ্ড ঘটেছে পূর্বাপর সব সরকারের আমলেই। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে বাস্তবত ফারাক খুব কম।
জিয়াউর রহমান সরকার মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে নতুন ১২টি প্রতিষ্ঠান হস্তান্তর করলেও এর দুই বছর আগে থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাড়িয়ে প্রথমেই প্রতিষ্ঠানটিকে লোকসানের মুখে ঠেলে দেয়। জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের যে জুস প্ল্যান্ট কারখানাটি ঘটা করে উদ্বোধন করে বাহবা নিয়েছিলেন, সেই কারখানাটি তিন দিনের মাথায় বন্ধ হয়ে যায়। আর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ট্রাস্টের গুলিস্তান ভবনটির উন্নয়নে এমনই অসম চুক্তি সই করে, যাতে প্রতিষ্ঠানটি বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। উল্লেখ্য, এই চুক্তি হয়েছিল এমন এক ব্যবসায়ীর সঙ্গে, যিনি বিএনপির সমর্থক বলে পরিচিত। রাজনৈতিক বক্তৃতামঞ্চে নেতারা একে অপরের বিরুদ্ধে বুলন্দ আওয়াজ তুললেও ব্যবসা-বাণিজ্যে একে অপরের সহযোগী। আর সেই সহযোগিতার নেপথ্যের কারণটিও কারও অজানা নয়। গুলিস্তান ভবনের নির্মাতাপ্রতিষ্ঠানটি কাজ শেষ না করে সব দোকান বিক্রি করে চলে গেলেও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে বাজারদরের চেয়ে অনেক কম টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে যেসব প্রতিষ্ঠান দেওয়া হয়েছিল, সেগুলোর বেশির ভাগই ছিল সচল ও লাভজনক। কিন্তু সংস্থাটি দায়িত্ব নেওয়ার কয়েক বছরের মধ্যে একে একে প্রায় সব কটি লোকসান গুনতে থাকে। ট্রাস্টের একটি পাম্পস্টেশন থেকে
যদি কল্যাণ ট্রাস্ট মাসে পাঁচ লাখ টাকা আয় করতে পারে, তাহলে বড় বড় প্রতিষ্ঠান কেন লোকসান গুনবে, সেটাই বড় রহস্য। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদ ও কারখানাগুলোতে অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগ থাকলেও এ পর্যন্ত কোনো তদন্ত হয়নি; বরং ক্ষমতাসীনেরা বরাবর পূর্বসূরিদের ওপর দায় চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছেন।
তাই, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকাণ্ড খতিয়ে দেখার জন্য আমরা স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানাই। এই কমিশন ট্রাস্টের অতীত ও বর্তমান সব অনিয়ম-দুর্নীতির ঘটনা তদন্ত করবে, পাশাপাশি প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় কার্যকর ও বাস্তবসম্মত সুপারিশ দেবে। আর কমিশন যে প্রতিবেদনই দিক না কেন, তা জনসমক্ষে প্রকাশ করতে হবে।