সরকারি-বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় এবং যেকোনো ভর্তি পরীক্ষায় মুঠোফোনের মাধ্যমে প্রশ্ন ফাঁস স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কয়েকটি সংঘবদ্ধ চক্র এ পদ্ধতিতে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত। নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর মুঠোফোনের মাধ্যমে ফাঁস করা এই চক্রের কাছে মামুলি ব্যাপার। পরীক্ষাকক্ষে মুঠোফোন নিয়ে যাওয়া নিষেধ। এটি যেকোনো পরীক্ষার প্রবেশপত্রের নিয়মাবলিতে উল্লেখ থাকলেও কমবেশি সবাই পরীক্ষার হলে (বিশেষ করে গ্রাম থেকে যারা আসে) মুঠোফোন নিয়ে আসে। কেউ মুঠোফোন নিয়ে গেলেও পরীক্ষাকক্ষে শিক্ষকের কাছে জমা দেওয়ার কথা থাকলেও অনেকে জমা দেয় না। বিশেষ করে সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত পরীক্ষার্থী আগের চুক্তি অনুযায়ী যেকোনো উপায়ে চুরি করে কিংবা লুকিয়ে হলেও পরীক্ষাকক্ষে মুঠোফোন নিয়ে প্রবেশ করে।
প্রশ্ন ফাঁসের পদ্ধতিটি এমন: সংঘবদ্ধ চক্রটি পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কিংবা শুরুর সঙ্গে সঙ্গে একটি প্রশ্নপত্র শিক্ষক কিংবা অন্য কারও মাধ্যমে অবৈধভাবে বের করে আনে বা ফাঁস করে। দ্রুত সেটি অভিজ্ঞ দু-তিন ব্যক্তি দ্বারা সমাধান করে লিখে মুঠোফোনের মেসেজের মাধ্যমে চুক্তি করা পরীক্ষার্থীর মুঠোফোনে পাঠিয়ে দেয়। পরীক্ষার্থী দ্রুত সেটি কৌশল খাটিয়ে তার কার্যসিদ্ধি করে। এ ক্ষেত্রে সেট কোডের বিষয়টিও তেমন সমস্যা (পরীক্ষার সময় অন্যজনের কাছ থেকে সেট কোড চেয়ে হলেও কিংবা অন্য কোনো অসৎ পন্থা অবলম্বন করে হলেও) মনে হয় না তাদের কাছে।
লিখিত পরীক্ষার প্রশ্নপত্রও একই প্রক্রিয়ায় (যতটুকু মুঠোফোনে দেওয়া সম্ভব) ফাঁস হচ্ছে। এই অপকৌশলের ফলে কম মেধাবীরা যেমন চাকরিতে কিংবা ভর্তিতে সুযোগ পাচ্ছে, অপর দিকে সংঘবদ্ধ চক্র এভাবেই লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এরা শুধু প্রশ্ন ফাঁস করছে না, সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদেরও অসৎ পথে প্ররোচিত করছে। আমি নিজেও একজন চাকরিপ্রত্যাশী এবং আমি চোখের সামনে এমন প্রক্রিয়ার অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী। বিষয়টি চাকরি কিংবা ভর্তি পরীক্ষার্থীর কারও কাছে মোটেই অজানা নয়।
এই অপকৌশল থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় পরীক্ষার কক্ষে পুরোপুরিভাবে মুঠোফোন নিষিদ্ধ করা। কেউ যদি নিয়ে আসেও, সেটি যেন শিক্ষকের কাছে জমা রাখা হয়। এ ছাড়া তল্লাশি করে সব পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করানো উচিত। পরীক্ষা শুরুর মুহূর্তে সবাইকে তল্লাশি করা উচিত। কারও কাছে মুঠোফোন পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে পরীক্ষার কক্ষ থেকে বহিষ্কার করা উচিত। এ ছাড়া হাতেনাতে ধরা পড়লে তাকে ছেড়ে না দিয়ে এর সঙ্গে জড়িত রাঘববোয়ালদের বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এর মাধ্যমে এই অপকৌশলের প্রকোপ কমবে এবং এই অসৎ প্রক্রিয়া যারা উদ্ভাবন করেছে, তারা উচিত শিক্ষা পাবে।
সাধন সরকার
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।