মুহাম্মদ হাবিবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের শুরুতে বাংলাদেশ তার শ্রেষ্ঠ সন্তানদের একজনকে হারাল। মুহাম্মদ হাবিবুর রহমানের প্রয়াণে আমরা গভীর শোকে মুহ্যমান। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি; তাঁর শোকসন্তপ্ত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
৮৫ বছরের জীবনকে এক পরিপূর্ণ জীবন বলা যায়; শনিবার রাতে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুকে তাই অকালমৃত্যু বলা যায় না। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি শারীরিক ও মানসিকভাবে এমন সজীব ও সক্রিয় ছিলেন যে তাঁর এই আকস্মিক মৃত্যুসংবাদ যেন বিনা মেঘে বজ্রপাত। দীর্ঘ কর্মময় জীবনের শেষে অবসর পর্বেও মননচর্চা ও লেখালেখির ক্ষেত্রে তিনি যে অবদান রেখে চলেছিলেন, তাতে এই আকস্মিক ছেদ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতির বার্তাবহ।
ইতিহাসের শিক্ষার্থী ও কিছু সময়ের শিক্ষক, তারপর দীর্ঘ বিচারক-জীবনে ন্যায়নিষ্ঠা, সততা ও ভারসাম্যপূর্ণ মানসের যে স্বাক্ষর তিনি রেখে গেছেন, তা অত্যন্ত বিরল এবং অনুসরণীয়। ধর্মপ্রাণ কিন্তু অসাম্প্রদায়িক, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির অকৃত্রিম অনুরাগী, আবার একই সঙ্গে আন্তর্জাতিক; জ্ঞানের বিভিন্ন শাখার প্রতি শিশুর মতো উৎসুক এ মানুষটি ছিলেন অমায়িক, গভীর রসবোধসম্পন্ন প্রকৃত সজ্জন ও সর্বজনশ্রদ্ধেয় এক বিরল ব্যক্তিত্ব।
বাংলাদেশের সর্বাধিক শ্রদ্ধেয় প্রধান বিচারপতিদের অন্যতম মুহাম্মদ হাবিবুর রহমানকে জাতি চিরকাল স্মরণ করবে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হিসেবে, যিনি ১৯৯৬ সালে দেশকে এক গভীর রাজনৈতিক সংকট থেকে রক্ষা করেছিলেন। সে বছর সেনাবাহিনীর ভেতরে একটি বিদ্রোহ দেখা দিলে তিনি সাহসিকতাপূর্ণ প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন বলেই দেশ এক ভয়াবহ রক্তক্ষয়ী সংকট থেকে রক্ষা পায় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় থাকে। দলীয় রাজনীতির বাইরের মানুষ হয়েও তিনি সেদিন যে রাষ্ট্রনেতাসুলভ প্রজ্ঞা ও দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, তা এ দেশের ইতিহাসে অত্যন্ত বিরল। সব দলাদলির ঊর্ধ্বে থেকে জাতিকে নেতৃত্ব দেওয়ার এমন দৃষ্টান্ত আমাদের রাজনৈতিক নেতাদের দ্বারা অনুসৃত হলে বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশ নিঃসন্দেহে অনেক এগিয়ে যেতে পারত।
প্রকৃত রাষ্ট্রনেতা কিংবা আদর্শ বিচারকের একটা মডেলের ছায়া মুহাম্মদ হাবিবুর রহমানের চরিত্রে অস্পষ্ট ছিল না। কিন্তু এতেই শেষ নয়; এই মানুষটির স্বরূপ ও উত্তরাধিকার আরও ব্যাপক ও গভীর। প্রজ্ঞাময়, উদার, গণতন্ত্রী বাঙালি মানসের মূর্তপ্রকাশ ছিল তাঁর ব্যক্তিত্ব। অজস্র লেখালেখিতে তাঁর সেই মননের পরিচয় মেলে। অক্লান্ত পরিশ্রমী এই মানুষটি আদালতে বাংলা ভাষা প্রচলনের তাগিদ দেওয়া থেকে শুরু করে বাংলা ভাষার ভিন্নধর্মী অভিধান কিংবা বাঙালির ইতিহাস রচনা করেছেন, অনুবাদ করেছেন পবিত্র কোরআন। দেশের রাজনৈতিক জীবনের প্রতিও তাঁর দৃষ্টি ছিল শেষ দিন পর্যন্ত; বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতিতে তিনি সংবাদপত্রে নিবন্ধ লিখে, বক্তৃতা করে, এমনকি কবিতা লিখেও নিজের দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটাতেন।
মুহাম্মদ হাবিবুর রহমানের জীবন ও কীর্তি আমাদের স্থায়ী উত্তরাধিকার। তিনি আমাদের সঙ্গেই থাকবেন।