মূসক-প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কর প্রশাসন ও ব্যবস্থাকে স্বয়ংক্রিয়করণ বা অটোমেশনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন নেই; বরং কাজটি আরও আগে কেন শুরু করা হয়নি, সেটাই প্রশ্ন হতে পারে। আবার সার্বিক করব্যবস্থা ও প্রশাসন স্বয়ংক্রিয়করণের কাজটি দীর্ঘতর ও অনেকটা চলমান প্রক্রিয়া। সে কারণেই বিভিন্ন স্তরে বা ধাপে ধাপে অগ্রসর হতে হয়। সে প্রক্রিয়ার অংশ হিসেবেই মূল্য সংযোজন কর (মূসক) ব্যবস্থা ও প্রশাসনকে স্বয়ংক্রিয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যায়, এই কাজে প্রয়োজনীয় সফটওয়্যার ক্রয়ের ক্ষেত্রে অস্বচ্ছতা-অনিয়মের অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দরপত্র আহ্বান করলেও শেষ পর্যন্ত যে প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়ার জন্য বাছাই করা হয়েছে, তাতে প্রক্রিয়াগত ত্রুটি ও অনিয়ম রয়েছে বলে আরেকটি প্রতিষ্ঠান অর্থ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের কাছে অভিযোগ দায়ের করেছে।
তা ছাড়া, প্রথম আলোর প্রতিবেদন থেকেই জানা যায়, আয়করব্যবস্থা ও প্রশাসন স্বয়ংক্রিয়করণের জন্য বছর খানেক আগে প্রক্রিয়া শুরু হলেও সফটওয়্যার ক্রয়ের জন্য এখনো চূড়ান্ত কার্যাদেশ দেওয়া হয়নি। সময় নিয়ে যাচাই-বাছাই করতে হচ্ছে। সে ক্ষেত্রে মূসক সফটওয়্যারের জন্য তিন মাসের কম সময়ের মধ্যে প্রতিষ্ঠান বাছাই চূড়ান্ত করার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। আয়করের ক্ষেত্রে আর্থিক ও কারিগরি দুই স্তরে দরপত্র আহ্বান করা হলেও মূসকের ক্ষেত্রে তা অনুসৃত হয়নি। এটাও এই ক্রয়-প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেব তো বটেই, দীর্ঘমেয়াদি ও সুদূরপ্রসারী সুফলের জন্য করব্যবস্থার স্বয়ংক্রিয়করণ অপরিহার্য। কর কর্তৃপক্ষ যখন প্রত্যক্ষ কর আদায়ে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ে, তখন মূসকের ওপর নির্ভরতা বেড়ে যায়।
এই বাস্তবতায় স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে যোগ্যতর প্রতিষ্ঠানের মাধ্যমে স্বয়ংক্রিয়করণ প্রক্রিয়ার কাজটি সম্পন্ন করা হবে, এটাই প্রত্যাশিত। আবার বিশ্বব্যাংক যেহেতু এই প্রকল্পে অর্থায়ন করছে এবং বিশ্বব্যাংক নিজে বরাবরই স্বচ্ছতার কথা বলে থাকে, সেহেতু এই কাজের শুরু থেকে সত্যিকারভাবেই স্বচ্ছতা বজায় থাকবে, এটাও প্রত্যাশিত। গোড়াতে কোনো গলদ বা ত্রুটি থেকে গেলে তা পরবর্তী সময়ে গোটা কর প্রশাসনেই বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।