হরতালকারীরা লাল টেপ পেঁচানো ককটেল-বোমা রাস্তায় ফেলে রাখে, সেটাকে টেনিস বল ভেবে ছোট বাচ্চারা হাতে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরণ ঘটে। কী আশ্চর্য নির্মম এই খেলা। ৪ নভেম্বর বিএনপির হরতালে রাস্তায় পার্ক করা একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয় হরতাল-সমর্থকেরা। ভেতরে ঘুমিয়ে ছিল মনির নামের ১৫ বছরের একটি ছেলে। পুড়ে যাওয়া মনির বেঁচে ছিল তিন দিন। বৃদ্ধ রহিমা তাঁর ছোট্ট নাতনি সুমি, লেগুনাচালক আল আমীনসহ আরও অনেক সাধারণ মানুষ হরতালের আগুনে পুড়েছিল ওই দিন। তাদের হাসপাতালে যন্ত্রণায় গোঙাতে দেখেছিলাম টিভির পর্দায়।
যিনি বা যাঁরা হরতাল ডাকেন, তাঁরা খুব ভালো করেই জানেন, লেগুনাচালক আল আমীনের মতো দরিদ্র লোকেরা হরতালে বাসায় বসে থাকলে তাঁদের পেট চলে না। তাঁরা এ-ও জানেন, আগামী নির্বাচনের সঙ্গে ছোট্ট সুমি আর বৃদ্ধ রহিমার কোনো সম্পর্ক নেই। তাঁদের কোনো ক্ষমতাই নেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার। তাই নেতা-নেত্রীরা দলীয় কর্মীদের তো অন্তত এটুকু বলতে পারেন তোমরা রাস্তা আটকাও, গাড়ি ভাঙো কিন্তু গাড়ির ভেতরে বসে থাকা কোন মানুষকে মেরো না। তাঁদের এই একটি হুকুমে একটি কথায় কতগুলো মানুষ বেঁচে যেত সেই হিসাব তাঁরা করেছেন কখনো? কখনো ভেবেছেন কেউ গাড়িতে যখন ইট-পাথর মারে, বোমা মারে, আগুন ধরিয়ে দেয় তখন গাড়িতে বসে থাকা মহিলা, শিশু, বৃদ্ধসহ প্রতিটি মানুষ কী করুণ চিৎকারে আতঙ্কিত হয় মৃত্যুর ভয়ে। নেতারা কি জানেন, শরীরে আগুন ধরিয়ে দিলে কী তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে মানুষ! আর সরকারি দলও কি সাধারণ মানুষের কথা ভেবে তত্ত্বাবধায়ক সমঝোতায় যেতে পারে না? সংবিধানের দোহাই দিয়ে আপনারা কত দিন ক্ষমতা রাখতে চান জোর করে? যেই সংবিধান এ দেশে সর্বজনীন গ্রহণযোগ্য নয়, যেই সংবিধান দেশে অরাজকতা আর অশান্তির সৃষ্টি করে, তা বদলে ফেলা কি কোনোভাবেই সম্ভব নয়? আপনাদের ক্ষমতার যুদ্ধে প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য আপনারা দায়ী। আপনাদের শাস্তি হওয়া উচিত।
রবিউল করিম
ঢাকা।