১৮৮৬ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা যুক্তিযুক্ত শ্রমঘণ্টা এবং কর্মক্ষেত্রে নিরাপদ ও মানবিক পরিবেশ প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। ১২৭ বছর পরও বাংলাদেশের শ্রমিকেরা সেই একই দাবিতে আজও বুকের রক্ত ঢেলে দিচ্ছেন। বাংলাদেশের শ্রমিকদের কর্মক্ষেত্র নিরাপদ হয়নি। অন্যদিকে, গত ছয় বছরে প্রায় ১৪ হাজার শ্রমিক প্রবাস থেকে লাশ হয়ে ফিরেছেন। স্বদেশে বা বিদেশে বাংলাদেশি শ্রমিকের চেয়ে দুর্ভাগা ও নিপীড়িত আর কে আছে? অথচ তাঁদের শ্রম ও নিষ্ঠার কারণেই বাংলাদেশ আজ স্বপ্ন দেখছে মধ্য আয়ের দেশ হওয়ার!
প্রতিবছর মহাসমারোহে মে দিবস উদ্যাপিত হয়। কিন্তু শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সদাচরণ পাওয়ার দাবি সরকার ও মালিকশ্রেণীর নিষ্ঠুর উদাসীনতায় ঢাকা পড়ে যায়। এসব দাবি আসলে শ্রমিকদের মানুষের মতো জীবন পাওয়ার দাবি। বাংলাদেশে মানবতা প্রতিষ্ঠিত হওয়ার দাবি। যত দিন সংখ্যাগরিষ্ঠ শ্রমিক-কৃষক-মজদুরের জীবনে মানবতা প্রতিষ্ঠিত না হবে, তত দিন বাংলাদেশ হয়ে থাকবে এক অমানবিকতার দেশ।
এ দেশের তৈরি পোশাকশিল্প সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা উপার্জনকারী খাত হিসেবে যতটা উজ্জ্বল, এ শিল্পের শ্রমিকেরা ততটাই নিষপ্রভ। ভাসমান শ্রমজীবী ও গ্রামীণ মজুরদের জীবিকার নিরাপত্তাও দিন দিন কমছে। শুধু তৈরি পোশাকশিল্প নয়, সব খাতের শ্রমজীবী মানুষের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করাই হোক এবারের শ্রমিক দিবসের প্রধান অগ্রাধিকার। এ দাবি জাতির সংখ্যাগরিষ্ঠের দাবি, নাগরিকদের অধিকাংশের দাবি।