গত ২১ মার্চ প্রথম আলোতে প্রকাশিত মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) মোহাম্মদ জসীম উদ্দিন বারডেম হাসপাতাল, ঢাকার বিএসসি-ইন-হেলথ টেকনোলজির ওপর রেডিওলজি অ্যান্ড ইমেজিং কোর্স চাই শিরেনামে লেখাটির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়েছে। আমরা লেখকের বর্ণনার সঙ্গে আরও কিছু তথ্য সংযোজন করতে চাই।
ইতিমধ্যে ব্যারিট-এর ঐকান্তিক প্রচেষ্টায় সরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি মহাখালী ঢাকাতে বিএসসি-ইন-মেডিকেল টেকনোলজি (রেডিওলজি, ল্যাবরেটরি, ডেন্টাল ও ফিজিওথেরাপি) অনুষদ চালু হয়েছে। তা ছাড়া, বেসরকারি পর্যায়ে বিইউএইচএস (বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, ঢাকা) প্রতিষ্ঠানে বিএসসি-ইন-মেডিকেল টেকনোলজির ওপর আন্তর্জাতিক মানের অনার্স কোর্স চালু হয়েছে।
তাহলেও যথোপযুক্ত সময়, অর্থ, বয়স এবং সরকারি পর্যায়ে আসনজনিত সীমাবদ্ধতার কারণে অনেক ডিপ্লোমাধারী টেকনোলজিস্ট ইচ্ছে থাকা সত্ত্বেও সরকারি-বেসরকারি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন না। এতে করে প্রচুর অর্থের অপচয় হবে। তাই সময়, সুযোগ ও আর্থিক দিক বিবেচনা করে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দেশের ভেতরেই থাকা উচিত।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শ্রেণী ও পেশার প্রতি বিবেচনা করে তাদের দূরশিক্ষণ প্রোগ্রামে বিভিন্ন ধরনের নতুন নতুন কোর্স ও কারিকুলাম চালু করেছে। শিক্ষার চলমান উন্নয়ন-প্রক্রিয়ায় বাউবিতে বিএসসি-ইন-মেডিকেল টেকনোলজি অনার্স (রেডিওলজি, ল্যাবরেটরি, ডেন্টাল ও ফিজিওথেরাপি) ফ্যাকাল্টি চালুর জন্য আমরা আবেদন জানাচ্ছি।
মো. জাহাঙ্গীর আলম ও খাজা মাঈন উদ্দিন
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট, ঢাকা।