প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়িয়ে মেধা যাচাইয়ের যে পরিকল্পনা করা হচ্ছে, তা মূলত দুর্নীতি করারই পরিকল্পনা৷ মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর মানেই দুর্নীতি ও ঘুষের রাস্তা প্রশস্ত করা বা কারও কারও পকেট ভারী করা৷ যেসব চাকরির মৌখিক পরীক্ষায় তুলনামূলকভাবে বেশি নম্বর দেখা গিয়েছে, সেখানেই মেধার অবমূল্যায়ন করা হয়েছে এবং হচ্ছে৷
বর্তমানে এমনিতেই পিএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়াসহ পরীক্ষার হলে মোবাইলের এসএমএসের মাধ্যমে উত্তর পাঠানো হয়৷ তদুপরি কোটার জাঁতাকলে মেধাবীদের জীবন যায় যায় অবস্থা৷
মেধাবীরা বিভিন্ন পরীক্ষায় এগিয়ে থাকলেও টাকার পরীক্ষায় পিছিয়ে পড়েন, তাঁরা হতাশায় জীবন কাটাচ্ছেন৷ এভাবে চলতে থাকলে আগামী পাঁচ বছরের মধ্যে সোনার বাংলার ছেলেরা মেধার চর্চা না করে বরং অবৈধভাবে টাকা উপার্জনের চর্চা করবেন৷ কেননা, টাকা আছে তো চাকরি, প্রশ্ন ও মোবাইল এসএমএস আছে, টাকা নেই তো মেধা নেই, অর্থাৎ চাকরি নেই৷
যাঁরা দেশ ও জাতিকে নিয়ে চিন্তা করেন, তাঁদের কাছে বিনীত নিবেদন, মৌখিক পরীক্ষার নম্বর বাড়িয়ে দেশ ও জাতিকে মেধাশূন্য করার যে অপপ্রয়াস এবং দুর্নীতি করার যে নীলনকশা, তা করতে সুযোগ দেবেন না৷
মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল৷