মেধার প্রাধান্য চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকায় রোবায়েত ফেরদৌসের ‘২০ ভাগ কোটা ৮০ ভাগ মেধা’ লেখায় কোটা ও মেধার বণ্টন নিয়ে তিনি যে আলোচনা করেছেন, তার সঙ্গে কিছু ক্ষেত্রে দ্বিমত পোষণ করছি।
আমিও রোবায়েতের মতো সব ক্ষেত্রে কোটাব্যবস্থার বিপক্ষে নই, যৌক্তিক ক্ষেত্রে কোটাব্যবস্থার পক্ষেও। কিন্তু তাঁর সঙ্গে আমার দ্বিমত হলো আদিবাসী কোটা ৫ থেকে ১০ শতাংশে উন্নীত করা নিয়ে। আদিবাসী কোটা ১০ শতাংশে উন্নীত করা হলেও সেই সুযোগ নিয়ে তারা কতটুকু অগ্রসর হতে পারবে কিংবা আদৌ সুযোগ নিতে পারবে কি না, বিষয়টি নিয়ে সন্দেহ থেকেই যায়। দ্বিতীয় দ্বিমতের বিষয় হলো নারী কোটা নিয়ে। তিনি নারী কোটা ১০ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথা বলেছেন এবং সেটি ১০ বছরের জন্য রাখার কথা উল্লেখ করেছেন। এর কারণ হিসেবে তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেয়েদের ভালো ফলের কথা বলেছেন। বিগত তিনটি বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে মেয়েরা প্রথম হয়েছে বলে উল্লেখ করেছেন। হ্যাঁ, এগুলো আমাদের জন্য অবশ্যই আনন্দের সংবাদ। কিন্তু বিগত বিসিএস পরীক্ষাগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েরা পিছিয়ে আছে। অতএব, এ ক্ষেত্রে নারী কোটা ১০ শতাংশ রাখা এবং যত দিন নারী-পুরুষ সমতা বিধান না হয়, তত দিন নারী কোটা অব্যাহত রাখা প্রয়োজন।
প্রতিবন্ধীদের ক্ষেত্রেও কোটা সংরক্ষণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে তাদের জন্য ২ শতাংশ কোটা বরাদ্দ রাখা দরকার, যাতে তারা সমাজের মূল ধারায় আসতে পারে।
তৃতীয়ত, লেখক বলেছেন, মুক্তিযোদ্ধা পোষ্য কোটা নিয়ে বিতর্ক রয়েছে। আসলে মুক্তিযোদ্ধা পোষ্য কোটা শুধু মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য রাখা উচিত।
চতুর্থত, লেখক বলেছেন, জেলা কোটা রাখার প্রয়োজন নেই। তিনি এ প্রসঙ্গে আকবর আলি খানসহ কয়েকজন বিশেষজ্ঞের করা একটি গবেষণার কথা উল্লেখ করেছেন, যেটিতে বলা হয়েছে কোটাব্যবস্থা রাখার কোনো যৌক্তিকতা নেই। অবশ্য গবেষণাটিতে এমন ৩৮টি উপজেলার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে বিসিএসে চাকরিপ্রার্থীরা ভালো করছেন না। আমি প্রশ্ন রাখতে চাই, আমরা কি আসলে দেশের সর্বত্র শিক্ষার সমান সুযোগ তৈরি করতে পেরেছি?
তাই আমি জেলা কোটা বহাল রাখার পক্ষে। কারণ, দেশের সর্বত্র শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হয়নি।
সর্বশেষ, লেখক যে বিষয়টি উল্লেখ করেছেন, তা হলো কোটা সংরক্ষণ। অর্থাৎ কোনো কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেটা খালি রাখা। পিএসসির এ সিদ্ধান্তের সঙ্গে আমি একমত নই। দেশে ব্যাপক বেকারত্ব থাকা সত্ত্বেও কোটার দোহাই দিয়ে বিসিএস পরীক্ষার মতো প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের চাকরিতে নিয়োগ না দিয়ে পদ খালি রাখার যুক্তি নেই।
আমাদের মতো দেশে বিসিএসে সব মিলিয়ে কোটা ২৫ শতাংশের বেশি হওয়া উচিত নয়। আর প্রিলিমিনারি টেস্ট থেকে কোটাপদ্ধতি প্রয়োগও কাম্য নয়। কেবল চূড়ান্ত পরীক্ষা শেষে নিয়োগের ক্ষেত্রে এ পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। বাকি ৭৫ শতাংশ অবশ্যই মেধার ভিত্তিতে পূরণ করতে হবে। এতে করে রাষ্ট্রযন্ত্রে যোগ্য, দক্ষ ও মেধাবীরা স্থান পাবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
আহসানুল কবীর
শিক্ষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।