গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার ব্যাপারে আলোচনা হয় এবং কয়েকজন মন্ত্রী এর পক্ষে অবস্থান নেন বলে জানা গেছে। এটি কার্যত নারীর অধিকার প্রতিষ্ঠায় সরকারের ঘোষিত অবস্থানের বিপরীত বলেই মনে করি। সরকারের বহুল প্রশংসিত নীতি হলো নারীশিক্ষার হার বাড়ানো, মা ও শিশুমৃত্যুর হার কমানো, নারীর ক্ষমতায়ন প্রভৃতি। এসব ক্ষেত্রে সরকারের সাফল্য দেশে ও বিদেশে স্বীকৃতিও পাচ্ছে। এখন যদি মেয়েদের ১৬ বছরেই বিয়ে হয়ে যায়, তাহলে অর্জনগুলো নষ্ট তো হবেই, দেশের নারীরাও পিছিয়ে পড়বে। তাই বর্তমানে যে বিধানটি রয়েছে, অর্থাৎ মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছরের আগে বিয়ে না করার আইনটি বদলানো উচিত হবে না।
বর্তমানের বাল্যবিবাহ রোধসংক্রান্ত আইনটি পরিবর্তনের জন্য দেশের নারী ও সাধারণভাবে নাগরিক সমাজ অনেক দিন থেকেই দাবি জানিয়ে আসছিল। কিন্তু পরিবর্তনটি চাইছিল অন্য বিষয়ে। তারা চেয়েছিল, ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দিলে যেন দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তি নিশ্চিত করা হয়। যেন আইনের ফাঁকফোকরগুলো বন্ধ করা হয়। অথচ মন্ত্রিসভা একদিকে সাজা ও জরিমানার পরিমাণ বাড়িয়ে অন্যদিকে মেয়েদের বিয়ের বয়স কমানোর পক্ষে মত দিয়েছে, যা গ্রহণযোগ্য নয়।