মোদির নেতৃত্বে আস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের গণতান্ত্রিক উৎসব ‘নীচু জাতির’ নরেন্দ্র মোদির অভাবনীয় বিজয়ে নতুন মাত্রা পেয়েছে। ভারতের জনগণ এই নির্বাচনে প্রতিষ্ঠিত রাজনৈতিক এলিটদের বাইরের শাসনকে স্বাগত জানিয়েছে। ইতিহাসের কাছে দায়বদ্ধতা ও ভাবালুতাসর্বস্ব যে রাজনীতি বহুকাল ভারতীয় ভোটারদের যথেষ্ট আন্দোলিত করছিল, এবারে তার বিসর্জন ঘটেছে৷ বার্তা রটেছে, সুশাসন দিতে না পারার ওজর চলবে না; বেকারদের চাকরি দিতে হবে৷ দুর্নীতিগ্রস্ত, গোষ্ঠীগ্রস্ত হলে ক্ষমা নেই৷ মতাদর্শগত বর্ম কোনো সুরক্ষা দেবে না৷ মোিদ-সুনামিতে অনেক পুরোনো ধ্যান-ধারণা ভেসে গেছে৷ বিশ্বের অন্যান্য প্রান্তেও স্বাধীনতায় নেতৃত্বদানকারী দলের প্রতি জনসাধারণের মোহমুক্তি ঘটছে৷
বিশ্ববাসী, বিশেষ করে দক্ষিণ এশিয়ার জনগণ এখন দুটো বিষয় আগ্রহভরে প্রত্যক্ষ করতে চাইবে৷ প্রথমত, ধর্মীয় জাতীয়তাবাদী এবং বিতর্কিত ভাবমূর্তির সীমা পেরিয়ে মোদি কী করে নিজেকে সর্বভারতীয় ও বৈচিত্র্যপূর্ণ ভোটব্যাংকগুলোর সবার নেতার আসনে নিজেকে উত্তরণ ঘটাবেন৷ দ্বিতীয়ত, বোধগম্য অস্বস্তিগুলো অপনোদন করে কীভাবে জাতীয় ও আন্তসীমান্ত স্বস্তি িনশ্চিত করবেন৷ বিজেপির আগের বিজয় এবং এবারের বিজয়ের মধ্যে মৌলিক পার্থক্য আছে৷ ধর্মীয় জাতীয়তাবাদী মোদি আদর্শগত কারণে এত বড় বিজয় করায়ত্ত করেননি৷ এর মূলে রয়েছে অর্থনীতি পুনরুজ্জীবন, দুর্নীতির অবসান, কর্মসংস্থান সৃষ্টি এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্যের বৃত্ত থেকে বের করে আনার অঙ্গীকার এবং জনগণ এই অঙ্গীকারের প্রতি ভরসা করেছে। তাই তাঁরা দুহাত ভরে ভোট দিয়েছেন। জনগণের এই ম্যান্ডেট চিরস্থায়ী বিষয় নয়৷ কোনো ধরনের আদর্শগত জারিজুরি দেখাতে ব্রতী হলে আর প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে তঁারা ফুঁসে উঠবেনই৷
কংগ্রেসের পরাজয় এতটাই অবমাননাকর যে ভারতের ৬৭ বছরের ইতিহাসে ৫০ বছরের বেশি সময় যারা শাসন করেছে, তারা পুনরায় কতটা ঘুরে দাঁড়াতে পারবে, সেটাও এখন এক বড় প্রশ্ন। গান্ধী পরিবারকে মানতে হবে, ভারতে আবেগনির্ভর ঐতিহ্যতন্ত্রের অবসান ঘটেছে। ভারতীয় জনগণের আকাঙ্ক্ষার প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা দেখানো হবে, যদি কংগ্রেসের নেতৃত্ব শুধুই পরিবারতন্ত্রের ওপর আস্থা রাখার সংস্কৃতি থেকে সরে আসেন৷ মোদি সরকারের বিরুদ্ধে একটি গ্রহণযোগ্য এবং শক্তিশালী বিরোধী দলের আত্মপ্রকাশের এটাই সারকথা।
আরও দেখার বিষয়, বাস্তববাদী নেতা হিসেবে মোদি অধিকতর জনহিতৈষী হিসেবে আবির্ভূত হবেন এবং অর্থপূর্ণ অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নকে অগ্রাধিকার দেবেন, নাকি কট্টর ধর্মীয় জাতীয়তাবাদী মতাদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করবেন? নবনির্বাচিত এই নেতা সব ভারতীয়ের কল্যাণের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন৷ সেই অঙ্গীকারে তিনি অবিচল থাকবেন কি না বা থাকলে কতটা, সেটাই দেখার বিষয়৷
ভারতীয় জনগণের রায়ের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তঁাদের দ্বারা নির্বাচিত জাতীয় নেতাদের প্রতি অভিনন্দন। দিল্লির পালাবদলে বাংলাদেশেও একই সঙ্গে কিছু উদ্বেগ ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে৷ আশা করব, কণ্টকিত দ্বিপক্ষীয় সমস্যা কাটিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মোদির শাসনামলে আরও উন্নত হবে৷