ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন সার্ভিস সপ্তাহে দুবার যাতায়াত করে৷ ইতিমধ্যে এই ট্রেনের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে বিধায় এখন অগ্রিম টিকিট ক্রয় করা ছাড়া এই ট্রেনের কোনো সিট পাওয়া দুষ্কর৷ মৈত্রী ট্রেনটি সপ্তাহে দুই দিন নয়, যাত্রী বৃদ্ধি পাওয়ার কারণে সপ্তাহে সাত দিনই চালু করা হলে যাত্রীদের দুর্ভোগ কমবে; রাজস্ব পাবে সরকার৷
মৈত্রী ট্রেনে সময়মতো টিকিট না পাওয়ার কারণে উভয় দেশের সরকার সম্মত হলে দুই দেশের নাগরিকদের সুবিধার্থে ঢাকা-কলকাতা স্টিমার সার্ভিস চালু বা প্রবর্তন করার দাবি উঠেছে৷ শুনেছি, ব্রিটিশ বা পাকিস্তান আমলের গোড়ার দিকে নারায়ণগঞ্জ-গোয়ালন্দ হয়ে কলকাতায় খিদিরপুর পর্যন্ত স্টিমার সার্ভিস চালু ছিল৷ মৈত্রী ট্রেনের পাশাপাশি ঢাকা-কলকাতা মৈত্রী স্টিমার সার্ভিস চালু করা হলে স্বল্প খরচে উভয় দেশের যাত্রীরা স্বচ্ছন্দে ঢাকা-কলকাতা যাতায়াত করতে পারবে৷ এমনিতে স্টিমারে যাতায়াত যেমন নিরাপদ, তেমনি আরামদায়ক৷
উল্লেখ্য, যে হারে বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে বাস, ট্রেন, স্টিমার ও বিমান সার্ভিসও কুলাতে পারবে না৷ কেননা, বাংলাদেশের মানুষ ট্রেন ও স্টিমারে করে কলকাতা যাতায়াতকে খুবই আনন্দদায়ক ও সুখকর মনে করছে৷ তবে স্টিমার সার্ভিস চালু করা হলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে৷ দেশ দুটির জনগণ অনেক উপকৃত হবে৷ সরকারকে জনগণের কল্যাণের দিকে দৃষ্টি দিয়ে ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেনের মতো মৈত্রী স্টিমার সার্ভিস দ্রুত চালু করবে, এটাই আশা করছি৷
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা৷