কলম তুলে রেখেছি বেশ কিছুদিন হলো। লিখি না। লিখতে পারি না আসলে। লেখা আসে না। অনেকেই খোঁচাখুঁচি করেন: দেশে এত কিছু ঘটে যাচ্ছে, লিখছ না কেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক। দেশে হরহামেশাই কিছু না কিছু ঘটছেই। লিখলেই লেখা যায়। কিন্তু লিখব কীভাবে?
ও হ্যাঁ, মনে পড়েছে। একটা বিষয়ে একবার কলম ধরেছিলাম। সেটাই আর একবার ইনিয়ে-বিনিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করা যাক না।
তাল। না, না। নৃত্যগীতের তাল নয়, বাংলার ফল তাল। তাল এসেছে বাজারে। এসেছে রসাল আম, আনারস, লিচু, জাম (৪০০ টাকা কিলো!)। যেমন ভয়ংকর দাম, ততোধিক ভয়ংকর ফরমালিনের বিষক্রিয়া। কলার চেহারা দেখেছেন? এত সুন্দর চকচকে রঙের কলা
বাবার জীবনেও দেখেছি বলে মনে পড়ছে না। চেহারায় মুগ্ধ হয়ে মুখে নেবেন, বিস্বাদে ভরে যাবে সারা মুখ। আম খাবেন—মুখ চুলকাবে। নিজের তো বুদ্ধি-বিবেচনা আছে, না খেয়ে থাকলেন। অবোধ শিশুদের বোঝাবেন কী প্রকারে? তাদের মুখে এসব তুলে দেবেন আর নিজেকে অপরাধী ভাববেন সারা জীবন।
কী জীবন আমাদের! জেনেশুনে
বিষ করছি পান।
সুতরাং খান তাল। মাছে ইনজেকশন দিতে পারে বটে, পেঁপেতেও পারে, তবে তালে নিশ্চয় পৌঁছাবে না ওদের সুই। এটা আমার নিজেকে প্রবোধ! সুতরাং খান ভাইয়েরা-বোনেরা, তাল খান। তাল খুবই জরুরি বস্তু জাতীয় জীবনে। অতীব গুরুত্বপূর্ণ।
কারণ, আমরা সবাই তালগাছ চাই। যত যা-ই কিছু ঘটুক না কেন জগতে, আমার চাই তালগাছ।
কিন্তু আমার এক দঙ্গল বন্ধু আছে, ওরা তালগাছও চায় না, চায় না তালও। ওদের প্রয়োজন কদম ফুলের শুকিয়ে যাওয়া গুটি। ওরা অপেক্ষায় থাকে কখন ফুটবে কদম। ঝরবে ফুলের পাপড়ি। বেরিয়ে পড়বে গুটিগুলো। তখন সময় আসবে ওদের ফলাহারের।
ওরা আসে। প্রতিদিনই আসে আমাদের নীপবনে। রেকি করে যায়—কত দূর এগোল কদম ফোটার।
সকালে হঠাত্ই খবর এল শুটিং শুরু হবে বিকেলে। কফির কাপটা নিয়ে বসে ছিলাম টিভির সামনে। টক শো চলছিল। তেতো লাগছিল যদিও, তবু গিলছিলাম। হঠাত্ ওই এক দঙ্গল বন্ধুর কলরব শুনে উঠে বেরিয়ে এলাম ঝুল-বারান্দায়। চোখ পড়ল আমার নীপবনে। আহ্, কী চমত্কার রূপ তার! পাতায় পাতায় চকচক করছে কুঁড়ি আর কুঁড়ি। কাজের ব্যস্ততায় খেয়ালই করিনি।
ওই যে এক দঙ্গল টিয়া পাখি নড়ছে-চড়ছে। নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছে, কিন্তু কামড়াকামড়ি বা চুলোচুলি করছে না। শান্তিপূর্ণ সহাবস্থানে আছে ওরা। কিন্তু ফুলের কুঁড়িতে কামড় দিচ্ছে না ভুলেও। ফলকে অঙ্কুরে বিনষ্ট
করতে রাজি নয় ওরা, ওটা ওদের স্বভাব নয়।
বৃষ্টি পড়তে শুরু করেছে। আকাশ মেঘলা সকাল থেকেই। তিন নম্বর সংকেত আছে দুই দিন থেকেই। ভিজছে টিয়াগুলো। বোধ হয় গোসলটা সারছে, আনন্দভরে। হাত বাড়িয়ে বৃষ্টি ধরলাম।
‘ভিজে হয়ে আসে এ-দুপুর—চিল একা নদীটির পাশে
জারুল গাছের ডালে ব’সে ব’সে চেয়ে থাকে ওপারের দিকে;’
[জীবনানন্দের সাহায্য নিলাম একটু!] টিয়াগুলো কেমন যেন হঠাত্ স্থবির হয়ে গেল। অবাক বিস্ময়ে চেয়ে রয়েছে কোন অজানার পানে। বৃষ্টি একটু বাড়ল। ঝমঝম করে নামল এবার। ওরা বসেই রইল।
আমার কেন যেন লিখতে ইচ্ছে হলো। বসে পড়লাম কাগজ-কলম নিয়ে। এত দূর তো এটা-ওটা করে চালালাম। এবার?
আচ্ছা, টিয়ার ঠোঁট দুটোর মতো ঠোঁট যদি মানুষের হতো? কী ভালোই না হতো। অন্তত রুট ক্যানেল তো করতে হতো না। দেখতেও কি খুব খারাপ হতো? কত কষ্ট সহ্য করে রুট ক্যানেল করিয়েছিলাম, পরশুই হঠাত্ মট করে দুভাগ সেটা। তাই ওই ঠোঁটই চাচ্ছিলাম সৃষ্টিকর্তার দরবারে। দন্তযন্ত্রণা তো হতো না। দাঁতের যন্ত্রণা যার হয়নি, সে বুঝবে না এর মর্ম।
এই! পাওয়া গেছে গালগল্পের বিষয়।
দাঁত তোলার সময় রোগী ভীষণ চেঁচামেচি করেছে ব্যথায়। কাজ শেষে ডাক্তার চার গুণ টাকার বিল ধরিয়ে দিয়েছেন।
‘কী ব্যাপার? এক হাজার টাকা ফি দাঁত তোলার, আপনি চার হাজার চান কেন?’
‘আপনার চিত্কারে তিনজন রোগী পালিয়েছে আমার।’
আর এক রোগী দাঁত তুলতে গিয়েছে। ডাক্তার বললেন, ‘একটা কাজ করতে পারবেন? তাহলে ফি নিব না।’
‘বলুন।’
‘দাঁত তোলার সময় ভীষণ চিত্কার করবেন।’
‘ব্যথা না পেলেও চিত্কার করব? কেন?’
‘আমার ম্যারেজ ডে আজ। স্ত্রী অপেক্ষা করছে ওয়েস্টিনে। বাইরে ৫০ জন রোগী, ওদের তাড়ানোর আর কোনো পথ পাচ্ছি না আমি।’
আর এক রোগীর গল্প বলে কড়চার সমাপ্তি টানি আজ।
রোগী ভীষণ ভীতু। দাঁত তোলার জন্য ডাক্তারকে সাঁড়াশি নিয়ে এগোতে দেখেই কেঁদে ফেলে, ‘ডাক্তার, প্লিজ, ব্যথা দেবেন না, মরে যাব।’
‘না, না। ব্যথা পাবেন না’ বলেই দাঁত তোলা শুরু করতেই ব্যথায় চিত্কার দিয়ে ওঠে রোগী, ‘উহ্, আস্তে, লাগছে, ডাক্তার।’ ডাক্তার আবার টান দেয় সাঁড়াশি।
এবার রোগী ডাক্তারের থলে চেপে ধরে হঠাত্ করে।
‘এটা কী হলো?’ ডাক্তার অবাক।
‘ব্যথা দিলেই কিন্তু দেব মোচড়। হ্যাঁ, তোলেন দেখি এবার!!’
সরকার বিএনপির সব বড় বড় নেতার নামে মামলা দিয়ে চেপে ধরে আছে।
নাহ্, টিয়ার মতো ঠোঁট থাকলেই ভালো ছিল। তাহলে এসব ছাইপাঁশ লিখতে হতো না। বৃষ্টিটা কমে এসেছিল, আবার শুরু হলো মুষলধারায়।
ষ আবুল হায়াত: নাট্যব্যক্তিত্ব।