মোদি-হাওয়া কি বাংলাদেশেও ঝড় তুলবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের লোকসভা নির্বাচন
ভারতের লোকসভা নির্বাচন

জরিপ বলছে, ভারতের লোকসভা নির্বাচনে এবার বিজেপি জোট একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। অবশ্য বিশেষ পরিস্থিতির উদ্ভব ঘটলে কংগ্রেসের পক্ষে কোয়ালিশন সরকার গঠনের সম্ভাবনার কথাও কেউ কেউ বলছেন। তবে বিজেপির দিকেই পাল্লা ভারী। বলা হয়, ভারতে এখন ‘মোদি-হাওয়া’ চলছে। এটা উদ্বেগের, কারণ বিজেপির গায়ে একটা কালো দাগ আছে। তারা, এককথায় একটি সাম্প্রদায়িক দল। ‘পুশব্যাকের’ কথা তারা বেশ জোরেশোরেই বলছে। উগ্র হিন্দুত্ববাদীরা তাদের ঘনিষ্ঠ মিত্র। আর তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি নিজের রাজ্য গুজরাটে চরম সাম্প্রদায়িক তৎপরতায় মূল ইন্ধনদাতারূপে চিহ্নিত। এখন প্রশ্ন হলো, ভারতের মতো অসাম্প্রদায়িক একটি দেশে যদি মোদি-হাওয়া স্থান করে নেয়, তাহলে কি তার ধাক্কা বাংলাদেশেও পড়তে পারে? যদিও আমাদের দেশে নির্বাচন একটা হয়ে গেছে এবং যেহেতু সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, তাই বলা যায়, সামনে আবার নির্বাচনের সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আমাদের দেশেও কি মোদি-হাওয়ার মতো ভবিষ্যতে ‘জামায়াতি-হাওয়া’ উঠতে পারে?
এককথায় এর উত্তর হলো, না। ভারত ও বাংলাদেশের পরিস্থিতি এক নয়। এ বিষয়ে একটু পরেই আসছি।
ভারতে মোদির প্রতি ঝোঁক ক্রমেই বাড়ছে। এটা বোঝা যায়, যখন দেখি ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সৎভাই দলজিৎ সিং কোহলিও মোদির হাত ধরে দাঁড়িয়ে গেছেন। গত শুক্রবার অমৃতসরে তিনি নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে বিজেপিতে যোগ দেওয়ায় কংগ্রেস ভেতর থেকে বড় রকমের ধাক্কা খেয়েছে। এর আগের দিন আসামে ভোট দেওয়ার পর মনমোহন সিং বলেছিলেন, ‘মোদি-হওয়া’ বলে কিছু নেই, এটা গণমাধ্যমের সৃষ্টি। ভাইয়ের দলত্যাগে তিনি ব্যথিত হয়েছেন। কিন্তু দলজিৎ বলছেন, কংগ্রেস তাঁর ভাই মনমোহন সিংয়ের সঙ্গে যে ‘আচরণ’ করেছে, তাতে বিরক্ত হয়ে তিনি বিজেপিতে গেছেন।
তবে দলজিৎ মুখে যা-ই বলুন, আদর্শিক কারণেই তিনি বিজেপিতে গেছেন। তিনি বিজেপির নেতা অনুপ জেটলির দর্শন পছন্দ করেন। এই আদর্শগত বিশ্বাস তাঁকে টেনে নিয়ে গেছে মোদির পাশে। কংগ্রেসের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ আদর্শ ছেড়ে তিনি একটি সাম্প্রদায়িক শিবিরে যোগ দিয়েছেন। গণতন্ত্রমনা যে কেউ এতে দুশ্চিন্তায় পড়বেন।
মোদির মুখ্যমন্ত্রিত্বকালে ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক হানাহানিতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়। তাদের বেশির ভাগই মুসলিম। যদিও আদালতে তিনি সুনির্দিষ্টভাবে দোষী সাব্যস্ত হননি, কিন্তু মানুষের ধারণায় সব দায় তাঁর ওপরই বর্তায়। আরএসএসের সদস্য থাকার সময় থেকে মোদির খুব কাছের বন্ধু, গুজরাটের সাবেক মন্ত্রী অমিত শাহ সপ্তাহ দুয়েক আগে উত্তর প্রদেশের পশ্চিমাংশে মোজাফফরনগরে নির্বাচনী জনসভায় হিন্দুদের ‘প্রতিশোধ’ গ্রহণের জন্য ভোট দেওয়ার আহ্বান জানান। গত বছরের সেপ্টেম্বরে সেখানে হিন্দু-মুসলিম রায়টে ৪০ জনের প্রাণহানির ঘটনার প্রতি প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে তিনি এভাবে উসকানি দেন। এ জন্য অবশ্য নির্বাচন কমিশন তাঁর প্রকাশ্য নির্বাচনী প্রচার পরিচালনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মোদির নির্বাচনী প্রচারের সাম্প্রদায়িক দিকটি প্রকটভাবেই সবার চোখে পড়ে।
অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ ভারতে মোদি-ঝড় উঠল কেন? হয়তো ১০ বছর ধরে কংগ্রেস ক্ষমতায়, তাই তাদের ভুলত্রুটি, ব্যর্থতায় বিরক্ত হয়ে ভোটাররা বিরোধীদের দিকে ঝুঁকছেন। সেটা একটা ব্যাখ্যা হতে পারে। কিন্তু ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর ৬৭ বছরের মধ্যে অধিকাংশ সময়ই কংগ্রেস ক্ষমতায় ছিল। তাহলে আজ কেন সেখানে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে?
বিজেপি আগেও পাঁচ বছর ক্ষমতায় ছিল। কিন্তু তখন নেতৃত্বে ছিলেন বাজপেয়ি, এল কে আদভানি প্রমুখ। তাঁরা বিজেপির মধ্যে অনেকটা উদারপন্থী ছিলেন। আর আজ নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সম্পূর্ণ ভিন্ন চেহারায় এসেছে। কংগ্রেস সরকারের কিছু বড় ব্যর্থতা মোদির উত্থানের সুযোগ করে দিয়েছে। ভারতের ভোটাররা দক্ষ অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের ওপর আস্থা স্থাপন করেছিলেন। কিন্তু কী পেলেন তাঁরা? কংগ্রেস জোটের ১০ বছরে প্রবৃদ্ধি অর্ধেক কমে ৫ শতাংশে দাঁড়িয়েছে। এর অর্থ, চাকরির সুযোগ কমে গেছে। উপরন্তু রাজনীতিবিদ ও কর্মকর্তারা

ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৪০০ কোটি থেকে ১২০০ কোটি ডলার লুট করেছেন বলে ধারণা করা হয়। অন্যদিকে, মোদি বোঝাতে সক্ষম হয়েছেন যে তাঁর আমলে গুজরাটে যেভাবে ব্যাপক উন্নয়ন হয়েছে, তিনি ক্ষমতায় এলে সারা ভারতে সেই একইভাবে উন্নতি করা সম্ভব হবে। চাকরির সুযোগ বাড়বে। ভারতের তরুণেরা এটাই চান।
ভারতে নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে বাংলাদেশে এর বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে কি না, এ প্রশ্ন উঠেছে। ভারতে একটি উগ্র সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসার কারণে বাংলাদেশে অসাম্প্রদায়িক শক্তির ক্ষমতায় থাকার পথে কোনো সমস্যা দেখা দিতে পারে কি? দুই দেশের সম্পর্কের অবনতি ঘটতে পারে কি? এ প্রশ্ন করেছিলাম বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশগুপ্তকে। তিনি বলেন, ‘কোনো সমস্যা হবে না।’ তাঁর মতে, ভারতে সরকার পরিবর্তন হলেও পররাষ্ট্রনীতি সহজে বদলায় না। কারণ, ভারত সব সময়ই চাইবে তাদের স্বার্থ রক্ষা করতে। এ জন্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নত করা প্রয়োজন। তা ছাড়া, সেখানে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে দেশের মূল রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি অঘোষিত নীতিনির্ধারক ‘কেন্দ্রে’ আলোচনার চর্চা রয়েছে। উপরন্তু আছে বেশ শক্তিশালী আমলাতন্ত্র। তাই চট করে পররাষ্ট্রনীতি বদলায় না। বাংলাদেশ যদি ভারতবিরোধী ভূমিকা গ্রহণ না করে—এবং সেটা হবেও না, আওয়ামী লীগ বা বিএনপি, কোনো সরকারের আমলেই সে রকম কিছু হয়নি—তাহলে সে ক্ষেত্রে বরং বিজেপি চাইবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে। এমনকি ছিটমহল সমস্যা, তিস্তার পানিবণ্টন সমস্যাসহ আরও কিছু সমস্যার সমাধানের পথে অগ্রগতি হতে পারে। কারণ একটাই, নরেন্দ্র মোদি চাইবেন সম্পর্ক উন্নত করে তাঁদের স্বার্থ ঠিক রাখতে। বাংলাদেশও চাইবে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমাদের স্বার্থ আদায় করে নিতে।
আরেকটি প্রশ্ন হলো, ভারতে বিজেপি ক্ষমতায় আসার কারণে আমাদের দেশে জামায়াতের উত্থান ঘটতে পারে কি না। এ রকম আশঙ্কা খুব কম। ভারতের বিজেপি ও বাংলাদেশের জামায়াতের মধ্যে অন্তত একটা জায়গায় পার্থক্য রয়েছে। বিজেপি ভারতের স্বাধীনতার বিরোধিতা করেনি, বা সে সুযোগও ছিল না। এই দলটি সাম্প্রদায়িক শক্তি হিসেবে দাঁড়িয়েছে বটে, কিন্তু তাদের বড় একটি সম্পদ হলো তারা দেশবাসীর সামনে ‘সর্বভারতীয়’ ভাবমূর্তি নিয়ে দাঁড়াতে পেরেছে, যা বাংলাদেশে জামায়াতে ইসলামীর পক্ষে সম্ভব নয়। এই দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দখলদার পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যায় অংশ নিয়েছিল। এখনো তারা যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করে চলেছে। সুতরাং ভারতের মোদি-হাওয়ায় বাংলাদেশে ঝড় ওঠার আশঙ্কা খুব কম।
বাংলাদেশে জামায়াত বা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী হয়তো বিএনপির সঙ্গে জোট বেঁধে কিছুটা ভূমিকা রাখতে পারে।
১৯৯১ থেকে ১৯৯৫ ও ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়কালে জামায়াত এই ভূমিকাতেই ছিল এবং এখনো আছে। মাঝখানে ১৯৯৫-৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের সময় তারা বিএনপির বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিল। এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এরশাদবিরোধী আন্দোলনে তারা আওয়ামী লীগের নেতৃত্বে ১৫-দলীয় জোট (পরে আট দল ও পাঁচ দলে বিভক্ত) এবং বিএনপির নেতৃত্বাধীন সাতদলীয় জোটের সঙ্গে ‘যুগপৎ’ আন্দোলন করে রাজনীতির মাঠে টিকে থাকতে পেরেছিল। এই দীর্ঘ সময়ের ইতিহাসে দেখা যায়, জামায়াতে ইসলামী কখনোই এককভাবে বা কোনো জোটের নেতৃত্বের অবস্থানে থেকে রাজনীতিতে আসর জমাতে পারেনি। যে দলের গায়ে নিজ দেশের জনগণের রক্ত লেগে আছে, সে কখনো মূল নেতৃত্বে আসতে পারে না।
সুতরাং বাংলাদেশে ‘মোদি-হাওয়া’ লাগার আশঙ্কা কম।
ভারতের বিভিন্ন জরিপে বিজেপির বিজয় সুনিশ্চিত, এটা সবাই বলছে। কিন্তু বিজেপি জোট যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে অন্য আঞ্চলিক দলের সমর্থন দরকার হবে। তখন হয়তো মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে রেখে সরকার গঠন সহজ হবে না। উদ্ভূত পরিস্থিতিতে অসাম্প্রদায়িকতার নীতিতে বিশ্বাসী কিছু দলের সমন্বয়ে নতুন জোটের ক্ষমতায় যাওয়ার ক্ষীণ সম্ভাবনা দেখা দিতেও পারে। সেখানে কংগ্রেসের একটা বড় ভূমিকা থাকবে।
এসব কারণে বাংলাদেশের জনগণ ভারতের নির্বাচনী রাজনীতির গতিধারা গভীর মনোযোগ দিয়ে লক্ষ করছে। ভারতের নির্বাচন সারা বিশ্বের জন্য তো বটেই, বাংলাদেশের জন্যও খুব তাৎপর্যপূর্ণ।

আব্দুল কাইয়ুম: সাংবাদিক।
[email protected]