মোস্তফাকে অবিলম্বে মুক্তি দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির পুনা বালিয়া গ্রামের মো. মোস্তফার গ্রেপ্তার ও কারাভোগের ঘটনাটি নিছক তাঁর ‘কপালের দোষ’ নয়। এটা আমাদের আইন প্রয়োগব্যবস্থার এক মারাত্মক ঝুঁকিপূর্ণ ফাঁকের ফল।
পিতামাতাহীন দরিদ্র যুবক মোস্তফা জীবিকার টানে ঝালকাঠি থেকে ঢাকায় এসে ইট ভাঙার কাজ করতেন। কয়েক মাস আগে ইটের আঘাতে তাঁর এক চোখ নষ্ট হয়ে গেলে তিনি বাড়ি ফিরে যান। হঠাৎ গত ১০ আগস্ট পুলিশ গিয়ে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করল তাঁকে। সেই থেকে তিনি কারাগারে আটক। অথচ তাঁর বিরুদ্ধে যে অভিযোগ, সেই ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে তাঁর কিছুই জানা নেই।
ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছিল বটে। গত বছরের ৫ জুন রাজধানীর তাঁতীবাজারে কান্তা নামের এক চিকিৎসক তিন ছিনতাইকারীর কবলে পড়েছিলেন, যারা তাঁর গাড়ি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সোনার চেইন ছিনতাই করে। তাঁর চিৎকারে লোকজন ছুটে এলে দুই ছিনতাইকারী পালিয়ে যায়, ধরা পড়ে একজন, যার নাম মো. মোস্তফা। ছিনতাইকালে হাতেনাতে ধৃত এই মোস্তফা দুই মাসের বেশি হাজত খাটার পর গত বছরের আগস্টে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যান। চিকিৎসক কান্তার সেই ছিনতাই মামলায় এ বছরের ২৫ মার্চ ঢাকা মহানগর হাকিম পলাতক আসামি মো. মোস্তফার দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়ে নিরুদ্দেশ ওই আসামিকে খুঁজে বের করে গ্রেপ্তারের নির্দেশ দেন। আর সেই নির্দেশ পালন করতে পুলিশ বাহিনীর সদস্যরা গত ১০ আগস্ট ঝালকাঠির পুনা বালিয়া গ্রাম থেকে ধরে-বেঁধে নিয়ে আসেন এক চোখ হারানো ইটভাঙা দিনমজুর মো. মোস্তফাকে।
এই মোস্তফা যে সেই পলাতক আসামি মোস্তফা নন—এটা ধরা পড়েছে ১২ সেপ্টেম্বর হাজতি পরোয়ানাসহ তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে। ছিনতাইয়ের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার মোস্তফাকে কারাগারে পাঠানো হলে কারা কর্তৃপক্ষ তাঁর যে ছবি তুলে রেখেছিল, এই মোস্তফার সঙ্গে সেই ছবির কোনোই মিল দেখতে না পেয়ে হাকিম প্রশ্ন তোলেন, এই মোস্তফা কে?
এ রকম মারাত্মক ভুলের শিকার হতে পারেন যেকোনো ব্যক্তি; আইন প্রয়োগব্যবস্থায় সেই ফাঁক রয়ে গেছে। মোস্তফাকে অবিলম্বে মুক্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আইন প্রয়োগব্যবস্থার সেই বিপজ্জনক ফাঁক বন্ধ করার উদ্যোগ নেওয়া জরুরি।