
রাত ১০টার দিকে কুষ্টিয়া পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখি, মেয়র আনোয়ার আলী নিবিষ্ট মনে কাজ করছেন। তাঁর কক্ষে এবং সংলগ্ন বারান্দায় নানা বয়স ও পেশার মানুষ। তাঁরা বিভিন্ন প্রয়োজনে এসেছেন। মেয়র মহোদয়কে জিজ্ঞেস করলাম, এখনো অফিস করছেন? বললেন, ‘সারা দিন যারা কাজ করেছে, ফাইলে সই না করলে কাল সকালে তারা তাদের মজুরি পাবে না।’
বাংলাদেশে জনপ্রতিনিধিদের সম্পর্কে আমাদের যে ধারণা, তা পাল্টে দিলেন আনোয়ার আলী। ২০০৪ সাল থেকে তিনি মেয়র পদে আছেন, দল-মতনির্বিশেষে সবার আস্থা নিয়েই। সত্তরোর্ধ্ব বয়সের একজন মানুষ সপ্তাহে সাত দিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন বলেই হয়তো আওয়ামী লীগের অন্য নেতাদের মতো নন। এই আওয়ামী লীগেরই একাধিক নেতা যেখানে শতবর্ষী মোহিনী মিল ধ্বংস করতে ব্যস্ত, সেখানে তিনি মিলটি রক্ষার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। সেই চিঠির মোদ্দাকথা হলো:
‘কুষ্টিয়া জেলার ঐতিহ্যের ধারক ও এ অঞ্চলের গণমানুষের গর্বের স্মৃতি কুষ্টিয়া মোহিনী মিলস লি.। ১৯১২ সালে মোহিনী মোহন চক্রবর্তী, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জগৎ কিশোর চৌধুরী ও চমন লালের সমন্বিত প্রচেষ্টায় ৯৯ বিঘা জমির ওপর মোহিনী মিলস লি. নামে কাপড় তৈরির কারখানা নির্মাণ করেন। এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মিলটিকে জাতীয়করণ করেন এবং তাঁরই দিকনির্দেশনায় বিএমআরের নতুন ইউনিট চালু করা হয়। কিছু প্রভাবশালী চক্রান্তকারীর ব্যক্তিগত স্বার্থ হাসিলের কূটকৌশলে মিলটি লোকসানের কবলে পড়ে এবং ১৯৮২ সালের ৫ ফেব্রুয়ারি মিলটি বন্ধ ঘোষণা করা হয় এবং বেকার হয়ে পড়ে তিন হাজারের অধিক শ্রমিক। এভাবে হাতবদলের মাধ্যমে বিভিন্ন সময়ে মালিকগোষ্ঠী ও কুচক্রী মহল মিলের মধ্যস্থিত মূল্যবান যন্ত্রাংশ বয়লারসহ অন্য জিনিসপত্র বিক্রি করে মিলটিকে অকার্যকর করে তোলে। কিন্তু মিলটি চালু করার ব্যাপারে শ্রমিক-কর্মচারীসহ কুষ্টিয়াবাসীর আন্দোলন থেমে থাকেনি এবং এরই ফলে এবং আপনার নির্দেশে ২০০৯ সালের ১৭ ডিসেম্বর মিলটি পুনরায় চালু করা হয়। কিন্তু সেই কুচক্রী মহল পিঁচুটির মতো সঙ্গে লেগেই থাকে।’
তিনি আরও লেখেন, ‘সর্বশেষ গত ২৬ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক জারি করা পত্রের মাধ্যমে জানা যায় মিলটি “এনারগোটেক” বেসরকারি প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে। মোহিনী মিলটি কুষ্টিয়া অঞ্চলের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। বর্তমান মালিকদের কর্মকাণ্ডের মধ্যে যদি এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না থাকে, তাহলে বর্তমান সরকারের কর্মকাণ্ডে নেতিবাচক মনোভাব সৃষ্টি হবে এবং আগামী জাতীয় নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।
জাতীয় অর্থনৈতিক ইস্যুকে সামনে রেখে এবং এ অঞ্চলের অতি সাধারণ মানুষের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সম্পর্কিত আশা-আকাঙ্ক্ষার কথা বিবেচনা করে কুষ্টিয়ার মোহিনী মিলটি যেন হস্তান্তর করা হয় এবং বর্তমান সরকারের কর্মকাণ্ডে এ অঞ্চলের মানুষের মধ্যে সৃষ্ট ইতিবাচক মনোভাবকে ধরে রাখা যায়, সে ব্যাপারে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।’
প্রধানমন্ত্রী প্রায়ই বলেন, দেশ এখন দুই ভাগে বিভক্ত। একদিকে স্বাধীনতা ও গণমানুষের পক্ষের দল আওয়ামী লীগ। অন্যদিকে দেশ ধ্বংসকারী বিএনপি-জামায়াত। কিন্তু কুষ্টিয়ার ঘটনায় আমরা লক্ষ করছি, দেশ কেবল রাজনৈতিকভাবে বিভক্ত নয়। আওয়ামী লীগও দুই ভাগে বিভক্ত। এই দলেরই নেতা আনোয়ার আলী যখন মোহিনী মিলটি রক্ষার জন্য প্রধানমন্ত্রীর কাছে ধরনা দেন, তখন তাঁর দলেরই কতিপয় নেতা মিলটি ধ্বংস করতে এবং এর সমুদয় সম্পদ হাতিয়ে নিতে তৎপর। এর জবাব কী?
দুই.
২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতজন্মবার্ষিকী সাড়ম্বরে উদ্যাপন করেছিল বাংলাদেশ ও ভারত সরকার। সে উপলক্ষে বাংলাদেশে গঠিত জাতীয় কমিটির সদস্যরা শিলাইদহে রবীন্দ্রনাথের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন। আগের বছর ওসমানী মিলনায়তনে রবীন্দ্রনাথের ১৪৯তম জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। তারও পটভূমি আছে। ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা সফরকালে ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশে দ্বিতীয় শান্তিনিকেতন করা হবে। দ্বিতীয় শান্তিনিকেতন আর কোথায় হতে পারে শিলাইদহ ছাড়া? পরবর্তী সময়ে কুষ্টিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ নামে একটি কমিটি গঠিত হয়; যারা শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিলাইদহেই প্রতিষ্ঠিত হবে এবং শাহজাদপুরে এর একটি ক্যাম্পাস থাকবে।
কিন্তু রহস্যজনকভাবে সিদ্ধান্তটি উল্টে দেওয়া হয়।
সরকার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি শিলাইদহে
যায় সম্ভাব্যতা যাচাই করতে। কিন্তু তারা কী রিপোর্ট দিয়েছে, কাদের সঙ্গে কথা বলেছে, সে সম্পর্কে কুষ্টিয়াবাসী কিংবা দেশের মানুষ কিছু জানে না। পরে সরকারিভাবে জানানো হয়, পাবনার পতিসরেই বিশ্ববিদ্যালয় হবে এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও কুষ্টিয়ার শিলাইদহে এর ক্যাম্পাস হবে।
সরকারের এ সিদ্ধান্ত মোটেই বাস্তবসম্মত নয়।
কেননা, একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত ক্যাম্পাস যেমন জরুরি, তেমনি উন্নত যোগাযোগব্যবস্থা প্রয়োজন। সব বিবেচনায় শিলাইদহই উপযুক্ত স্থান বলে দেশের শিক্ষাবিদেরা মনে করেন। এমনকি ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষাবিদদেরও ধারণা, রবীন্দ্রনাথের নামে বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় হলে শিলাইদহেই হওয়া উচিত। শিক্ষাবিদ ও রবীন্দ্রভক্তরা মনে করলে কী হবে, প্রধানমন্ত্রীর উপদেষ্টা যা মনে করবেন, সেটাই হবে। বর্তমান সরকারের আমলে পতিসরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হলেও শিলাইদহের উদ্যোগটি তো তিনি থামিয়ে দিতে পারলেন!
আওয়ামী লীগ সরকারের মেয়াদ আছে মাত্র কয়েক মাস। আগামী নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটলে অর্থাৎ বিএনপি-জামায়াত জোট সরকার গঠন করলে রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না-ও হতে পারে। যারা শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়ির সৌন্দর্য ধ্বংস করে, যারা রবীন্দ্রনাথের গানকে জাতীয় সংগীত করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে, তারা তাঁর নামে বিশ্ববিদ্যালয় করবে—এ কথা বিশ্বাস করা কঠিন।
সরকারের মেয়াদ থাকতে যদি প্রকল্পটি চূড়ান্ত হতো কিংবা প্রধানমন্ত্রী এর ভিত্তিপ্রস্তর স্থাপন করতেন, তাহলে হয়তো ক্ষমতার পালাবদল হলেও সেই উদ্যোগ কেউ থামিয়ে দিতে পারত না।
বহু বছর আগে নীরোদ সি চৌধুরী বাঙালিকে আত্মঘাতী বলে গাল দিয়েছিলেন। আত্মঘাতী বাঙালি নামে তাঁর একটি বইও আছে। এই বইয়ে তিনি বাঙালির আত্মঘাতী হওয়া বা নিজেই নিজের সর্বনাশ করার বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন।
কুষ্টিয়ায় গত শতকে প্রতিষ্ঠিত মোহিনী মিল এবং প্রস্তাবিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে ক্ষমতাসীনদের মধ্যে যে তুঘলকি কাণ্ড চলছে, তা আত্মঘাতী ছাড়া কিছু নয়। বাঙালির (আরও নির্দিষ্ট করে বললে বাঙালি মুসলমান) গড়ার চেয়ে ধ্বংসের ব্যাপারেই বেশি উৎসাহী। না হলে ৯৯ একর জমির ওপর গড়ে ওঠা হাজার কোটি টাকার মোহিনী মিলটি কেন পানির দরে বিক্রি করা হবে? কেনই-বা শিলাইদহে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগটি মাঝপথে থেমে যাবে?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।