২০১৩ সাল। এই বছরটা আমরা যেভাবে আশা করেছি, সেভাবে পাইনি। নতুন শিক্ষাক্রম, নতুন সিলেবাস আর নতুন বই; সব মিলিয়ে একটা আনন্দময় ভাব থাকার কথা ছিল। কিন্তু জানুয়ারিতে যারা ১০ তারিখের পর ভর্তি হয়েছে, তারা অনেকে বই-ই পায়নি। আমি নিজেও সাধারণ গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান আর রসায়ন বই পাইনি। এই তো গেল বইয়ের কথা। এবার আমি সিলেবাসের প্রসঙ্গ টানি। আমাদের ইংরেজি সিলেবাস বছরে তিনবার পরিবর্তিত হয়েছে; যে কারণে তিন ধরনের বই কিনতে হয়েছে। বাংলার অবস্থা ইংরেজি অপেক্ষা ভালো। কিন্তু জুলাই মাসে যোগ করা হয়েছে প্রতিবেদন। আর এই কথা আমাদের জানানো হয়েছে এক মাস আগে।
বইগুলো অনেক গবেষণালব্ধ ফল। এতে হাত লাগানো বা এর সমালোচনা আমার সাজে না। তবু বলছি, আমাদের পদার্থবিজ্ঞান বইয়ে গতির সমীকরণের মাত্র দুটির প্রমাণ দেওয়া হয়েছে। আর বইটির কোথাও Q=msQ সূত্রটি বিবৃত বা প্রমাণিত হয়নি। কিন্তু কী কারণে যেন এটা দিয়ে শিক্ষকেরা আমাদের অঙ্ক করতে দেন। আমাদের পাঠ্যবই কেন স্বয়ংসম্পূর্ণ নয়?
তাহমিদ-উল-ইসলাম
বরিশাল মডেল স্কুল ও কলেজ।