
প্লিমথে আগে আরও দুবার গেছেন মিলটন। আমার জন্য তৃতীয়বার গিয়েও তাঁর মুগ্ধতা কমে না। ১৭১২ সালে ইংরেজরা আটলান্টিক পাড়ি দিয়ে প্রথম বসতি গড়ে প্লিমথে। সে সময়টা তারা ধরে রেখেছে অবিকল একটি মেক-রিলিভ ইংলিশ ভিলেজ তৈরি করে। যে আদিবাসীদের মেরে-কেটে ইউরোপীয়রা দখল নেয় আমেরিকার, তাদের একটি গ্রামও করা হয়েছে পাশে। পার্থক্য হচ্ছে ইংলিশ গ্রামে ৩০০ বছর আগের মতো করে কথা বলছেন প্লিমথ সেন্টারের অভিনেতা-অভিনেত্রীরা, কিন্তু আদিবাসীদের গ্রামে তাদের পোশাক পরে ইংরেজিতেই কথা বলতে হচ্ছে তাদের। ইংরেজ বসতি স্থাপনের যে চিত্র তুলে ধরে প্লিমথ, তার পরতে পরতে ইংরেজদের দেশপ্রেম আর ঐতিহ্যসচেতনতা যতটুকু আছে, পূর্ণাঙ্গ সত্য হয়তো তাই নেই তেমনভাবে।
মিলটন তবু মুগ্ধ হন ইংরেজদের ইতিহাস চর্চার তাগিদ আর তা পুনরাবৃত্তির নান্দনিক প্রক্রিয়া দেখে। চট করে তাঁর মনে পড়ে বাংলাদেশের কথা। তিনি বাংলা গান শিখেছেন বোস্টনে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর। তাঁর বিদেশে জন্ম নেওয়া ১৩ বছরের মেয়ে জুনকো লালনগীতির জন্য ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছে আমেরিকায়। বাংলাদেশ আরও নানাভাবে জুড়ে আছে তাঁর সারা পরিবারে। প্লিমথ থেকে ফেরার পথে মিলটন তাঁর স্বপ্নের কথা জানান। আমেরিকায় তিনি কাজ করেন বিজ্ঞান গবেষক হিসেবে, কিন্তু বাংলাদেশে কোনো একদিন ফিরে তিনি কাজ করতে চান ইতিহাস নিয়ে। প্লিমথের মতো করেই এমন কিছু করতে চান, যা দেখে বাংলাদেশকে বুকের ভেতর আরও বেশি করে অনুভব করবে তরুণ প্রজন্ম। কিন্তু কোন ইতিহাসকে তুলে ধরবেন তিনি? বাংলাদেশের ইতিহাস বিভক্ত দুই ভাগে—আওয়ামী লীগের ইতিহাস আর বিএনপির ইতিহাস। মিলটন অবশেষে উপায় খুঁজে পান: ১৯৭১-এর আগের ইতিহাস নিয়ে কাজ করবেন তিনি একদিন। মিলটন হয়তো জানেন না সেই ইতিহাসেও রাজনৈতিক বিভক্তি টানার কাজ শুরু হয়ে গেছে দেশে।
মিলটনের মতো ইতিহাস নিয়ে সংকটে নেই কামরুল হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির ছাত্র কামরুল এখন কাজ করছেন নোভার্টিসের হেড অব ল্যাব হিসেবে। নোভার্টিস দামি দামি ওষুধ বানায় ক্যানসার বা ব্রেইনের জটিল রোগের জন্য। তাঁর স্বপ্ন দেশে একদিন এমনই একটি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি করবেন তিনি, যার ওষুধ বিনা মূল্যে দেওয়া হবে গরিব রোগীদের জন্য। কামরুলের ভয় আমলাতন্ত্র নিয়ে। তিনি শুনেছেন মন্ত্রী বা নেতার তদবির না থাকলে প্রবাসীদের জন্য খুব জটিল আর ঝামেলাপূর্ণ বাংলাদেশে বিনিয়োগ করা। মাহমুদ, মান্না, রাজা বোস্টনে যাঁরা বাংলাদেশিদের মধ্যে বড় ব্যবসায়ী, তাঁরাও ভয় পান বাংলাদেশে বিনিয়োগ করতে। তাঁরা শুনেছেন ব্যবসা তো ব্যবসা, ঘরবাড়ি জমিজমাই আজকাল দখল হয়ে যায় বাংলাদেশে!
কামরুল, মিলটন এবং বোস্টনের আরও বহু বাংলাদেশি মিলে গঠন করেছেন বাংলাদেশ প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব নর্থ আমেরিকা। তাঁরা দেশকে নিয়ে ভাবেন। বাংলাদেশের রাজনীতিক আর আমার মতো লেখালেখি করা মানুষকে নিজ খরচে নিয়ে গিয়ে কনফারেন্স আয়োজন করেন, দেশের কথা খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চান। সামনের নির্বাচন নিয়ে তাঁদের উৎকণ্ঠা আরও বহু বাংলাদেশির মতোই। তত্ত্বাবধায়ক সরকার কেন দরকার, বিকল্প হিসেবে সর্বদলীয় সরকার হতে পারে কি না, নির্বাচন নিয়ে সমঝোতা না হলে কী হবে—এসব প্রশ্ন নিয়ে আলোচনার জন্য তাঁরা কনফারেন্সের আয়োজন করেন ১৫ জুন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। শনিবারের ছুটি অগ্রাহ্য করে তাঁদের কনফারেন্সে যোগ দেন অনেক মানুষ। তাঁদের অধিকাংশ আমেরিকার বিশ্ববিদ্যালয় শিক্ষক, গবেষক, বড় চাকুরে কিংবা ব্যবসায়ী। বোস্টনে অর্জন ও জীবনযাপন নিয়ে তাঁদের অপূর্ণতা নেই। কিন্তু আরও বহু প্রবাসী বাংলাদেশির মতো তাঁদের মন খারাপ থাকে দেশের কথা ভেবে, দেশের মানুষ ভালো নেই ভেবে। সামনের নির্বাচনে যেই জিতুক, দেশের অবস্থার কি বড় কোনো পরিবর্তন হবে? তাঁরা তা জানেন না। কিন্তু কেয়ারটেকার ব্যবস্থা বাতিলের পর নির্বাচন নিয়েই যে উত্তাল কাণ্ড চলছে দেশে, তা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা।
দুই
বোস্টনের চেয়ে নিউইয়র্কের বাংলাদেশিরা আরও বেশি রাজনীতিসচেতন, আরও বেশি দেশ-ঘনিষ্ঠ। তাঁদের একটি অংশ লন্ডন বা মধ্যপ্রাচ্যের মতো করে দলাদলি করে, নিউইয়র্কে আওয়ামী লীগ-বিএনপির নামে মিটিং-মিছিল করে, এমনকি নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে গজারিয়া সমিতির মতো সংগঠনও দুই ভাগ করে ফেলে। কিন্তু একটা জায়গায় কোনো দলাদলি বা বিভক্তি নেই তাদের মধ্যে। সেটা দেশের প্রতি ভালোবাসা, দেশের ভালো চাওয়া প্রসঙ্গে। আমেরিকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল আমার সঙ্গে নিউইয়র্কের সুধী সমাজের একটি মতবিনিময় সভার আয়োজন করেছিল। সেখানে আমার কোনো বক্তব্যই পুরো অডিয়েন্সকে খুশি করতে পারছিল না। দেশ পরিচালনায় আওয়ামী লীগের ব্যর্থতার কথা বললে খুশি হন একদল মানুষ আর ভবিষ্যতে ক্ষমতায় এসে বিএনপি একইভাবে ব্যর্থ হতে পারে বললে খুশি হন অন্য কিছু মানুষ। কিন্তু দেশ যে আরও ভালোভাবে চলা উচিত, আরও যে অনেক কিছু করার আছে রাজনীতিকদের, এ নিয়ে মতভেদ নেই তাঁদের কারোর মধ্যে।
দেশের ভালো চাওয়া আরও পরস্ফুিট হয় গ্রামীণ ব্যাংক আর ড. ইউনূস প্রসঙ্গে। সরকারের গঠিত একটি কমিটি গ্র্রামীণ ব্যাংককে ১৯ টুকরা করার এবং গ্রামীণ ব্যাংকের দরিদ্র নারীদের শেয়ার দখল করে সরকারের শেয়ার ৫১ শতাংশ করার উদ্ভট প্রস্তাব দিয়েছে। এ প্রসঙ্গে আমার বক্তব্য কী? স্বাভাবিকভাবে আমার বক্তব্য ছিল সরকারের প্রতি কঠোর সমালোচনামূলক। ড. ইউনূস আর গ্রামীণ ব্যাংকের অর্জন নিয়ে আমি কথা বলা শুরু করার সময়েই শুধু পুরো মিটিং রুমের সব অংশ থেকে হাততালি দিয়ে ওঠে মানুষ। ড. ইউনূস বা গ্রামীণ ব্যাংক রাজনীতির ঊর্ধ্বের বিষয়—এটি বাংলাদেশ ও বিদেশের বাংলাদেশিরা বোঝেন, ক্ষমতাসীন ব্যক্তিরা বোঝেন না কেন?
তিন
মানুষ এমন আরও আশার কথা শুনতে চায়, আশাবাদী হতে চায়। গত এক দশকে বাংলাদেশের সমাজে আর অর্থনীতিতে বহু উন্নয়ন ঘটেছে। সামাজিক উন্নয়ন সূচকে বাংলাদেশ ভারতকে ছাড়িয়ে গেছে, জিডিপি বাড়ছে প্রায় অব্যাহতভাবে, বেড়েছে ফরেন কারেন্সি রিজার্ভ। শিক্ষা, প্রযুক্তি আর নারীর ক্ষমতায়নেও বাংলাদেশ এগিয়েছে। কিন্তু প্রবাসীদের জীবন বদলায়নি এসব অর্জনে। দেশে আসতে চাইলে প্রবাসীরা আজও খুঁজে পান না নিজ দেশের ‘বাংলাদেশ বিমান’, দেশে এলে দেখেন বিমানবন্দরের সেই বেহাল অবস্থা, রাস্তায় অসহনীয় যানজটে আটকে থাকেন ঘণ্টার পর ঘণ্টা। তাঁরা বিষাক্ত খাবার আর পানি খেয়ে অসুস্থ হন, তাঁদের সম্পত্তি আর বিনিয়োগ গ্রাস হয়, জীবন আরও অনিশ্চিত হয়, দেশে ফেরার সাহস আর আস্থা আরও হোঁচট খায়। সর্বব্যাপী দুর্নীতি, পুলিশি তাণ্ডব, হরতাল, গ্রেপ্তার-বাণিজ্য আর নেতা-নেত্রীর অশ্লীল বাক্যবাণে আরও বীতশ্রদ্ধ হন।
প্রবাসের মাটিতেও তাঁদের ক্ষরণের শেষ নেই। তাঁরা অপমানিত বোধ করেন পদ্মা সেতুর মতো দুর্নীতির খবর বিদেশি সংবাদমাধ্যমে এলে, আশপাশে বাংলাদেশের দুর্নীতির বাস্তব চিত্র দেখলে। প্রবাসীরা সঞ্চয়ের প্রায় পুরোটা পাঠিয়ে দেন দেশে। তাঁদের রেমিট্যান্স অনেকাংশে সচল রাখে আমাদের অর্থনীতির চাকা। কিন্তু যে ডলার, পাউন্ড, ইউরো, দিরহাম তাঁরা পাঠান দেশে, তাও পাচার হচ্ছে বিদেশে। এই পাচারের অর্থে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়ায় বাংলাদেশের দুর্নীতিবাজ কিছু মানুষ মিলিয়ন অঙ্কে বাড়ি-গাড়ি করছেন, বিদেশি ব্যাংকে লুকিয়ে রাখছেন আরও বহুগুণ অর্থ, দেশকে সংঘাতমুখর করে নিজের সন্তান আর পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন বিদেশের নিরাপদ সেকেন্ড হোমে। গত এক দশকে বিদেশে টাকা পাচারের দিক দিয়ে শীর্ষস্থানীয় দেশ বাংলাদেশ! বিদেশে বসে এসব দুর্নীতিবাজের কালোটাকার দাপট দেখতে হয় প্রবাসীদের। আমাদের মতো তাঁদেরও প্রশ্ন, কোনো দিন কোনো সরকার কি বিচার করবে এই অপরাধীদের?
চার
প্রবাসীরা অন্য দেশের উন্নয়ন দেখেন, রাজনীতিও দেখেন, অপরাধীর বিচার দেখেন, প্রযুক্তির বিস্ময়কর অগ্রযাত্রা দেখেন, দেখেন প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করার প্রত্যয়ে আগুয়ান তরুণসমাজকে। যোগ্যতা আর সততা থাকলে এবং পরিশ্রম করতে জানলে তার মূল্যায়ন হবেই—এমন একটি রাষ্ট্রব্যবস্থায় তাঁরা বসবাস করেন। এই রাষ্ট্রব্যবস্থায় যাঁরা সত্যিই চান, তাঁরা জীবনকে আরও আনন্দময়, নিশ্চিত ও নিরাপদ করে তুলতে পারেন। এই সুযোগ প্রতিটি মানুষের জন্য বৈষম্যহীনভাবে অবারিত করাই আধুনিক রাষ্ট্রব্যবস্থার মূল লক্ষ্য।
বিদেশে যতবার গেছি আমি, যতবার মেলামেশা হয়েছে সেখানকার স্বদেশি মানুষের সঙ্গে, মনে হয়েছে, এমন একটি রাষ্ট্রের স্বপ্নই দেখেন তাঁরা। সব মিলিয়ে অর্থনৈতিক আর সামাজিক উন্নয়ন হয়েছে বাংলাদেশে। কিন্তু এটি আরও অনেক বেশি পরিমাণে এবং সুষম মাত্রায় হতে পারত যদি দুর্নীতির বিচার হতো, যদি সমান্তরালভাবে রাজনৈতিক উন্নয়ন ঘটত দেশে। দেশে সুশাসন এলে, মানবাধিকার আর আইনের শাসন প্রতিষ্ঠিত হলে, জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলো ঠিকমতো কাজ করলে, সরকার-সংসদ-রাজনৈতিক দলগুলোর ভেতর গণতন্ত্রের চর্চা হলে দেশ এগোত আরও বহুগুণ।
আমি বিশ্বাস করি, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় কোনো সরকারের থাকলে দলমত-নির্বিশেষে সব প্রবাসীও তাঁদের জ্ঞান, সম্পদ আর অভিজ্ঞতা উজাড় করে দেবেন দেশের জন্য। আমাদের মতো সাধারণ মানুষের চেয়ে বহুগুণে বেশিবার বিদেশ ভ্রমণ করে আসেন রাজনীতিবিদেরা, আরও বহু মানুষের সঙ্গে কথা হয় তাঁদের। কখনো কি দেশকে ঘিরে প্রবাসীদের স্বপ্নের কথা উপলব্ধি করেন তাঁরা? ইউরোপ বা আমেরিকায় পাহাড়ের কোলে অবাধ সবুজ অরণ্য, নিশ্চিত সড়ক আর তার আশপাশে সমৃদ্ধ জনপথ, মানুষের চোখমুখে নির্ভার আনন্দ দেখে কখনো কি ভাবেন বাংলাদেশকে আরও অনেক কিছু দেওয়ার আছে তাঁদের!
আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকাবিশ্ববিদ্যালয়।