যমুনা ও এক্সিম ব্যাংকের পাঁচ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনা ব্যাংক ও এক্সিম ব্যাংক নিশ্চিত করেছে যে মেসার্স রানা প্লাজার নামে ছয়তলা ভবন নির্মাণে ঋণ নেওয়া হয়েছে, কাগজপত্রে কখনো ১০ তলা দাবি করা হয়নি। নির্মাতা কাজী সায়ফুলকে দেওয়া সাড়ে ৩০ শতাংশ জমির তথ্যও ব্যাংকের কাছে রানারা গোপন করেছেন। ১৩ কোটি টাকা দাম দেখানো রানা প্লাজার ৫০ শতাংশ জমি এখনো এক্সিম ব্যাংকের কাছে বন্ধক আছে। ধসে পড়ার সময় বকেয়া ঋণের পরিমাণ ছিল দুই কোটি ৩৭ লাখ টাকা। অন্য এক সূত্রের দাবি, রানা প্লাজা নির্মাণে ঋণগ্রস্ত হয়ে এর মূল নির্মাতা কাজী সায়ফুল ঝালকাঠির আওয়ামী লীগের নেতা সৈয়দ রাজ্জাক আলী ও বাংলাদেশি বংশোদ্ভূত আইরিশ ব্যবসায়ী মো. মোস্তফার কাছ থেকে সোয়া তিন কোটি টাকা ঋণ নিয়েছিলেন। সায়ফুল তাঁদের রানা প্লাজার দোতলার ১৪টি দোকান লিখে দিয়েছিলেন। ২০০৯ সালে সায়ফুলের মৃত্যুর পর তাঁর স্ত্রী মকিমা সুলতানা রানার বাবা আবদুল খালেকের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাঁকে বলেছিলেন, ‘কাগজপত্র নিয়া বসেন। পাইলে লইবেন। আমি পাইলে দিবেন।’ সৈয়দ রাজ্জাক আলী একদিন আবদুল খালেককে বাংলামোটরে তাঁর দপ্তরে ডাকেন। ১৪টি দোকানের প্রসঙ্গও তোলেন। ওয়াকিবহাল সূত্রের দাবি, এ সময় আবদুল খালেক রাজ্জাক আলীকে তাঁর কাছে সায়ফুলের কোনো পাওনা নেই বলে জানিয়ে দেন। রাজ্জাক আলী তাঁকে বলেন, ‘সায়ফুল মারা গেছেন। তাঁর পাওনা মেরে দিলে আপনি রেহাই পাবেন না।’ এর কদিন পরই সোহেল রানা বাংলামোটরে তাঁর চার বন্ধুকে নিয়ে হাজির হন। মোবাইল ফোন বাড়িয়ে রাজ্জাক আলীকে বলেন, ‘নেন, মুরাদ ভাইয়ের সঙ্গে কথা বলেন।’ কিন্তু রাজ্জাক আলী কথা বলেননি। এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজ্জাক আলী কোনো মন্তব্য করতে রাজি হননি। আওয়ামী লীগের সাংসদ মুরাদ জং ২০ মে টেলিফোনে এই প্রতিবেদককে বলেন, ‘এমন ঘটনার কথা তাঁর জানা নেই। এমনকি তন্ময় হাউজিং ও কাজী সায়ফুলের নাম তিনি এই প্রথম শুনেছেন। আবদুল খালেক ও রানার সঙ্গে তাঁর কখনো ঘনিষ্ঠতা ছিল না।’ যদিও রানা প্লাজা দোকান মালিক সমিতির নেতারা এই প্রতিবেদককে বলেন, তাঁরা উদ্বোধনী অনুষ্ঠানে জংকে প্রধান অতিথি করতে চাননি। কিন্তু রানার অনুরোধ রাখতে হয়েছিল।

ব্যাংক লেনদেন: এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হায়দার আলী ২২ মে গুলশানে তাঁর দপ্তরে বলেন, ছয়তলার পরিবর্তে ১০ তলা বানানোর কোনো তথ্য তাঁদের রেকর্ডে নেই। রানা প্লাজার জমির দলিলপত্র এক্সিম ব্যাংকের সাভার শাখায় আছে। এই শাখা রানা টাওয়ারে ছিল। ওই টাওয়ারেও ফাটল দেখা দেওয়ায় তাঁরা শাখাটি স্থানান্তর করেছেন বলে জানান তিনি। এক্সিম ব্যাংকের রানা প্লাজার নথিতে গালফ এনভায়রনমেন্ট থেকে এসি কেনার তথ্য রয়েছে। বাংলামোটরে গালফের নথিতে প্রতিবেদক দেখেন, জাপান থেকে কোটি টাকায় এসি কেনার দরপত্র আহ্বানে সায়ফুল সেগুনবাগিচায় তাঁর প্রিয় প্রাঙ্গণের বাসার ঠিকানা ব্যবহার করেন। একটি সূত্র বলেছে, সায়ফুলের ব্যাংকঋণের বিষয়টি এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার জানতেন। নজরুল ইসলাম মজুমদার সরকারের রানা প্লাজা ত্রাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছেন। গত বুধবার এক্সিম ব্যাংকের এমডি অবশ্য তন্ময়ের সঙ্গে তাঁদের কোনো লেনদেন অস্বীকার করেন। তিনি অবশ্য স্বীকার করেন যে, রানা প্লাজার জমির ৩০ শতাংশ সায়ফুলকে স্থানান্তরে ২০০৩ সালের চুক্তির তথ্য যমুনা ব্যাংকের কাছে রানাদের প্রকাশ করা উচিত ছিল।   নির্মাতা প্রতিষ্ঠান তন্ময় হাউজিং লিমিটেডের প্রকাশিত ব্রশিউরে লেখা আছে, যমুনা ব্যাংক দিলকুশা শাখার অর্থায়নে নির্মিত রানা প্লাজা। ২০০৬ সালের ২৬ নভেম্বর যমুনা ব্যাংক ছয়তলা নির্মাণে আড়াই কোটি ও যন্ত্রপাতি কেনায় আড়াই কোটি টাকার ঋণ মেসার্স রানা প্লাজাকে মঞ্জুরি দেয়। উভয় ব্যাংকের এমডি বলেন, তাঁরা ৫০ শতাংশ জমির মালিকানায় আবদুল খালেক, তাঁর স্ত্রী ও ছেলের নাম পেয়েছেন। কিন্তু ঋণ ব্যক্তিকে নয়, প্রতিষ্ঠানকে দিয়েছেন। যমুনার এমডি শফিকুল আলম বলেন, ‘ঋণ শোধে কিছুটা টানাপোড়েন দেখা গিয়েছিল।’ এক্সিম ব্যাংক ২০০৮ সালের ২৬ অক্টোবর যমুনাকে সাড়ে চার কোটি টাকা শোধ করে। তবে রানা ব্রিকসের জমি বন্ধক রেখে এক্সিম ব্যাংক একই সঙ্গে চলতি মূলধন হিসেবে রানাদের আরও সাড়ে তিন কোটি টাকা ঋণ দিয়েছিল। ‘তাঁদের লেনদেন চমৎকার’—মন্তব্য এক্সিম ব্যাংকের এমডির।  

পুলিশ সূত্র বলেছিল, তন্ময়ের সঙ্গে রানাদের সই করা ২০০৩ সালের চুক্তিপত্র তারা এক্সিম ব্যাংক থেকে উদ্ধার করেছে। কিন্তু গত বুধবার এক্সিমের এমডি বলেন, পুলিশ তাঁদের কাছে আসেইনি। এমনকি ওই চুক্তিপত্রের কথাও তাঁদের জানা নেই।

সায়ফুলের ঘনিষ্ঠ বন্ধু খুলনার অগ্রণী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার গোপাল চন্দ্র দাস ইসলামী ব্যাংকের সাভার শাখায় একটি যৌথ ব্যাংক হিসাবের তথ্য দিয়েছেন। তাঁর দাবি, এই হিসাব খোলার দিন তিনি সায়ফুলের সঙ্গে সাভারে ছিলেন। চুক্তিপত্রের ১৮ নম্বর শর্ত অনুযায়ী, যৌথ ব্যাংক হিসাবে জমা করা টাকার মধ্যে ২৫ শতাংশ প্রথম পক্ষ জমির মালিকেরা এবং ৭৫ শতাংশ কাজী সায়ফুল লাভ করবেন।

অঙ্গীকারনামা: ১৫০ টাকার একটি স্ট্যাম্প। ২০০৭ সালের ২১ জানুয়ারি এই অঙ্গীকারনামায় ডেভেলপার কাজী সায়ফুল লিখেছেন, ‘অগ্রণী ব্যাংকের লোনের জন্য বাংলাদেশ ব্যাংক আমাকে বিশেষ ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করেছে। এখন আমার দ্বারা নির্মিত রানা প্লাজার নামে গৃহীত ঋণ বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিতে যমুনা ব্যাংক বন্ধ করে দেয়। আমি তাই জনাব সৈয়দ রাজ্জাক আলীর সহায়তা কামনা করি। সেই মতে, তারা আমার ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা ঋণ হিসাবে ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে দিয়েছে। যার চেক নং-০০২৫৬৭৬৬১। এ জন্য আমি কৃতজ্ঞ। এই টাকা সমুদয় চার্জসহ আগামী ৩১ জানুয়ারি ২০০৭-এর মধ্যে অবশ্যই পরিশোধ করিব। অন্যথায় আমার কর্তৃক নির্মিত রানা প্লাজায় আমার মালিকানার ৬১ ভাগের অর্ধেক অর্থাৎ ৩০.৫০ ভাগ আমি নিজ খরচায় জনাব রাজ্জাককে নিবন্ধন করে দিব।’ কিন্তু তিনি তা দেননি। যমুনা ব্যাংকের কাছে বুধবার এ বিষয়ে লিখিতভাবে জানতে চাওয়া হলে এমডি বলেন, রানা প্লাজা বিষয়ে কাজী সায়ফুলের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক কখনোই ছিল না। সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী বলেন, ব্যাংকের কাছে রানা প্লাজার ৬১ ভাগসংক্রান্ত তথ্য গোপন করা হলে তা হবে একটি প্রতারণা। অনুসন্ধানে দেখা যায়, সায়ফুল সম্পৃক্ত থাকতেই রানা প্লাজায় ২০০৮ সালের জুন মাসের মধ্যে ছয়তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছিল। এর প্রমাণ, ২০০৮ সালের ২০ জুলাই গালফ এসি সরবরাহ করে। ছয়তলায় ছাদে তার যন্ত্রপাতি তুলতে মেসার্স ইসমাইল পরিবহন ৬০ হাজার টাকা মজুরি নিয়েছিল। যোগাযোগ করা হলে পরিবহনমালিক তা স্বীকার করেন।

আপনজন দূরে: ২০০৮ সালের ১৯ অক্টোবর বাংলামোটরে সৈয়দ রাজ্জাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রানা প্লাজা এবং কাজী সায়ফুলের ব্যক্তিগত দেনা নিয়ে আলোচনা হয়। ২০০৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সোয়া তিন কোটি টাকা পরিশোধে সায়ফুল প্রতিশ্রুতি দিয়েছিলেন। ১৬ মার্চ ২০০৮ কাজী সায়ফুল চিঠি লেখেন রাজ্জাক আলীকে। ‘রাজ্জাক ভাই, আপনাকে অনেক কষ্ট দিয়েছি। তাই পথ না পেয়ে আপনাকে লিখতে বাধ্য হলাম। আপনি যদি আমাকে ১০ লাখ টাকা একটু ম্যানেজ করে দেন, তবে [খুলনার ফিনিক্স] লিজিংকে শোধ করে দিতে পারি। আর তাহলে ব্যাংকগুলো সচল হতে পারে। কারণ, এই টাকার জন্য কেস তো খেতে হচ্ছে। তার ওপর ক্লাসিফাইড হয়ে সমস্ত ব্যাংকের ফাইলগুলো বন্ধ হয়ে গেছে। জানবেন রাজ্জাক ভাই, আমার আপন বলতে যারা আছে, তারা সব দূরে সরে গেছে। আল্লাহ ভরসা আপনাকে হিল্লা করে সব তার ওপরে ছেড়ে দিলাম। ইতি, কাজী সায়ফুল ইসলাম (বাবু)।’

রহস্যজনক: জুম্মন কসাই ছবির প্রযোজক আবু সেলিম ২০০৩ সালের ওই চুক্তিপত্রের অন্যতম সাক্ষী। সায়ফুলের বন্ধু গোপাল চন্দ্র বলেন, সেলিম ও তাঁকে রানা প্লাজায় শেয়ার দেওয়ার কথা বলেছিলেন সায়ফুল। ঢাকায় অবস্থানরত সেলিম প্রায় নিয়মিত সাভারে গিয়ে নির্মাণকাজ তদারক করতেন। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার দিন একটি রহস্যজনক ঘটনা ঘটে। সেগুনবাগিচায় দুদকের সামনেই ‘প্রিয় প্রাঙ্গণ’। সেখানে খুলনা সিটির বিদায়ী মেয়র ও আওয়ামী লীগের নেতা তালুকদার আবদুল খালেকের স্ত্রীর ফ্ল্যাটে ২০০৯ সাল পর্যন্ত ভাড়াটে ছিল সায়ফুলের পরিবার। সায়ফুল নতুন একটি কালো গাড়ি কিনেছেন। ২১ আগস্ট সেলিম গাড়িটি ব্যবহার করে তাঁর দাবিমতে গ্যারেজে রেখে যান। কিন্তু এটি আর পাওয়া যায়নি। এ নিয়ে উভয়ের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। সূত্রমতে, এ ঘটনার অব্যবহিত আগেই রানা সাভারে সেলিমকে লাঞ্ছিত করেন। রানা বাহিনী সেলিমের গাড়ির কাচ ভেঙে দেয়। এ ঘটনা ছিল মূলত সায়ফুলের প্রতি হুমকি।

পর্দার আড়ালে: গত দুই বছরে সায়ফুলের স্ত্রী মকিমাকে কেউ দেখেছেন—তাঁর এমন কোনো নিকটাত্মীয়রও দেখা পাননি এই প্রতিবেদক। চেক নাকচ-সংক্রান্ত প্রতারণার মামলার আসামিও তিনি। প্যাডসর্বস্ব তন্ময় হাউজিংয়ের তিনি ছিলেন চেয়ারপারসন। ওই চুক্তিপত্রে বলা আছে, শঠতা ও তঞ্চকতার জন্য যেকোনো পক্ষ আইনত দায়ী ও দণ্ডনীয় হবে। ১৯০৮ সালের তামাদি আইনে চুক্তি ভঙ্গের তিন বছরের মধ্যে মামলা করার বিধান আছে। ২০০৯ সালের ২৩ নভেম্বর সায়ফুলের মৃত্যুর পরপরই তাঁর স্ত্রী মকিমা সুলতানা আইনের আশ্রয়ের উদ্যোগ নেন। খুলনা জেলার কয়রা থানার সাব-রেজিস্ট্রি অফিসে সায়ফুলের বাবা-মা ও নাতি তন্ময় ২০০৯ সালের ২০ ডিসেম্বর ১৯৫৯ নম্বর আমমোক্তারনামায় মকিমা সুলতানাকে ক্ষমতা অর্পণ করে। ২০১০ সালের ৭ সেপ্টেম্বর কয়রায় ১৩৯৫ নম্বর হেবায় রানা প্লাজার ৬১ শতাংশসহ সমুদয় সম্পত্তি নাতিকে অর্পণ করা হয়। কিন্তু পরে এ নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ভুল-বোঝাবুঝি হয়। পুত্রবধূ ও নাতির বিরুদ্ধে ওই আমমোক্তারনামা নিয়ে জালিয়াতির মামলা হয়। সাতক্ষীরার মুখ্য হাকিম আদালতে এর শুনানি হবে আগামী ৭ আগস্ট। সায়ফুলের বাবা-মা অবশ্য এই মামলা করায় বিব্রত। তাঁরা এটা আর চালাবেন না বলে জানিয়েছেন।

পয়লা প্রশ্ন: ‘তন্ময় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক কাজী সায়ফুল ইসলামকে তাড়িয়ে দিয়ে ভবনমালিক কারও সঙ্গে যোগাযোগ ছাড়া নিজেরাই ভবন নির্মাণ করেন। এ-সংক্রান্ত মানসিক চাপে সায়ফুল মৃত্যুবরণ করেন।’

ছয়তলা রানা প্লাজার স্থপতি এ টি এম মাসুদ রেজা বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটকে ৩ মে দেওয়া এক চিঠিতে এ কথা বলেন। কিন্তু বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘চুক্তিপত্র থেকে আমরা এখন গুরুত্বপূর্ণ তথ্য জানছি। ডেভেলপারের সঙ্গে রানারা যদি গার্মেন্টস স্থাপন এবং ১০ তলা ফাউন্ডেশনের চুক্তি করেই থাকেন তাহলে তো ডেভেলপারের ভূমিকা কী ছিল, সেই প্রশ্ন উঠবেই। এটাই পয়লা প্রশ্ন এবং এর উত্তর পেতেই হবে। মরহুম সায়ফুল প্রতারিত হয়েছিলেন কি না, সেটা ভিন্ন প্রশ্ন। কোনো ক্যানসারের রোগীর কাছ থেকে উপযুক্ত পারিশ্রমিক না পেয়ে কোনো চিকিৎসক তো তাঁকে পেটের পীড়ার ওষুধ দিতে পারেন না। এ রকম অপচিকিৎসা গর্হিত অপরাধ।’ (শেষ)

মিজানুর রহমান খান: সাংবাদিক।