নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মাইজদী জেলা শহর থেকে প্রায় তিন কিলোমিটার দক্ষিণে দত্তেরহাট বাজার। এই বাজারের ওপর দিয়েই প্রধান সড়ক, যার বুকের ওপর দিয়ে চলছে দেশের দূরপাল্লার বাসগুলো। সে সঙ্গে আছে লোকাল বাসসহ সিএনজিচালিত অটোরিকশা এবং বিভিন্ন যান। এই বাজারের স্টপেজ থেকে শত শত যাত্রী নিয়মিত গাড়িতে ওঠানামা করছে। অপেক্ষমাণ যাত্রীদের স্থান হলো দত্তেরহাট বাজারের পুলটি। সংকীর্ণ পুলের দুই ধারে প্রতিনিয়ত স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, শিশুসহ বহু যাত্রী দীর্ঘক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করে।
জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থাকা এসব যাত্রীর জন্য যদি এখানে একটা যাত্রীছাউনি নির্মাণ করা হতো, তাহলে একদিকে যেমন যাত্রীরা নির্বিঘ্নে অপেক্ষা করতে পারত, অন্যদিকে রোদ-বৃষ্টির হাত থেকেও রেহাই পেত। তাই অবিলম্বে দত্তেরহাট বাজার এলাকায় একটা যাত্রীছাউনি নির্মাণ করে সাধারণ যাত্রীদের কষ্ট লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি।
বাবুল সরকার
দত্তেরহাট, নোয়াখালী।