যুদ্ধাপরাধের বিচার চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির আদেশ দেওয়ার পর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন যে প্রতিক্রিয়া জানিয়েছেন তা ঔদ্ধত্যপূর্ণ। তিনি তাঁর বক্তব্যের মধ্য দিয়ে কার্যত দেশের বিচারব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন। তাঁর মতো একজন জ্যেষ্ঠ আইনজীবীর কাছ থেকে এ ধরনের বক্তব্য কোনোভাবেই প্রত্যাশিত ছিল না।
ট্রাইব্যুনাল সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে রায় দিয়েছেন, তার সমালোচনা করার অধিকার সবার রয়েছে। আর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলেরও সুযোগ রয়েছে। সেখানেই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে। একজন আইনজীবী হিসেবে মাহবুব হোসেন এই রায় গ্রহণ না করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণের কথা বলতে পারতেন। কিন্তু তিনি তাঁর দল ক্ষমতায় এলে কী করবে, সেই হুমকি দিয়ে বসলেন! বিজ্ঞ এই আইনজীবীর প্রতি আমাদের জিজ্ঞাসা, তাঁর দল ক্ষমতায় এলে কি আইন তাঁদের দলের ইচ্ছা অনুযায়ী চলবে? তাঁর দলের কেউ অপকর্ম করলেও তার বিচার করা যাবে না? এত দিন জামায়াতের নেতাদের বিরুদ্ধে যখন মামলার রায় হয়েছে, তখন মাহবুব হোসেনের মুখ থেকে এ ধরনের বক্তব্য শোনা যায়নি। নিজ দলের নেতা ঘৃণ্যতম অপরাধে অভিযুক্ত হয়ে মৃত্যুদণ্ড পেয়েছেন বলেই কি এই প্রতিক্রিয়া!
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, তবে সত্যিকার যুদ্ধাপরাধীদের বিচার করবে। তাঁর কাছে প্রশ্ন; সত্যিকার যুদ্ধাপরাধী আসলে কারা আর কীভাবে ‘জাতীয়তাবাদী’ শক্তি এই যুদ্ধাপরাধীদের শনাক্ত ও বিচার করবে? দলবিশেষের খেয়ালখুশি অনুযায়ী? তাঁর দল ক্ষমতায় এলে কি তবে দেশের প্রচলিত আইন ও বিচারকাঠামো বদলে যাবে? বিএনপির আইন অনুযায়ী দেশ চলবে?
সংবাদ সম্মেলনে তিনি আরও যে ভয়ংকর কথাটি বলেছেন তা হচ্ছে, তাঁর দল ক্ষমতায় গেলে ‘প্রহসনের’ বিচারের সঙ্গে সম্পৃক্তদের বিচার করবে। এটা দেশের বর্তমান প্রচলিত বিচারব্যবস্থাকে অস্বীকার করারই শামিল। তিনি আইনি বিষয়কে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা না করে ক্ষমতায় এসে আইনকে নিজেদের মতো করে ব্যবহারের হুমকি দিয়েছেন। এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কথা তাঁর মতো একজন জ্যেষ্ঠ আইনজীবীর মুখে শোভা পায় না।
একাত্তরে বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধ হয়েছে, তাকে দলীয় রাজনীতির বিবেচনায় দেখার সুযোগ নেই। দেশের এবং আন্তর্জাতিক বিচারিক রীতি মেনেই যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম চলছে। এখানে বিবাদী আত্মপক্ষ সমর্থনেরও যথেষ্ট সুযোগ পেয়েছে। তার পরও ট্রাইব্যুনালের রায়ের ব্যাপারে কোনো আপত্তি থাকলে দেশের সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার আগে রাজনীতি করার সুবাদে ভবিষ্যতে ক্ষমতায় এসে সব উল্টে দেওয়ার ভয় দেখানোর বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক।