গোলাগুলি ও খুনোখুনি করে যে ফল পাওয়া যায়, তার প্রমাণ রাখল যুবলীগ। চট্টগ্রাম রেলওয়ের দুটি উন্নয়নকাজ করার দায়িত্ব পেয়েছেন স্থানীয় যুবলীগের দুই নেতা। এই কাজের দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল যুবলীগ ও ছাত্রলীগ। এ নিয়ে গোলাগুলি হয়েছে, ঝরে গেছে দুটি প্রাণ। কাজ পাওয়ার এই মরিয়া চেষ্টা বৃথা যায়নি! ভবিষ্যতে কাজ পেতে যদি কেউ একই পথ ধরে, তবে কি তাকে দোষ দেওয়া যাবে!
দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পরও রেল কর্তৃপক্ষ কেন টেন্ডার বাতিল করল না, সেটা সত্যিই বড় প্রশ্ন। গত ২৪ জুন চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আট বছরের এক শিশুসহ যুবলীগের এক নেতার মৃত্যুর ঘটনা যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছিল। এ ধরনের একটি পরিস্থিতিতে সব ঠিকাদারের পক্ষে দরপত্র জমা দেওয়ার সুযোগ কই? বাস্তবেও হয়েছে তা-ই। ১৩ জন ঠিকাদার দরপত্র কিনলেও জমা দিতে পেরেছেন মাত্র চারজন।
অভিযোগ এসেছে ঠিকাদারদের পক্ষ থেকেও। অনেকে দাবি করেছেন, সংঘর্ষের কারণে তাঁদের পক্ষে দরপত্র জমা দেওয়া সম্ভব হয়নি। আর এই সুযোগে দুটি কাজের জন্য সর্বনিম্ন দরদাতা অভিহিত মূল্য থেকে প্রায় ১০ শতাংশ বাড়িয়ে দরপত্র জমা দেন। সবাই দরপত্র জমা দেওয়ার সুযোগ পেলে অভিহিত দরের চেয়েও কমে দরপত্র জমা হতো বলে তাঁরা জানিয়েছেন। আধিপত্য বিস্তার ও শক্তি প্রদর্শনের জন্য যুবলীগ ও ছাত্রলীগ যা ঘটিয়েছিল, তাতে সাধারণ ঠিকাদারেরা আতঙ্কিত হবেন, এটাই স্বাভাবিক। সরকারি দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা যে সুযোগ নিতে চেয়েছেন, রেলওয়ে কর্তৃপক্ষ এই ঘটনার পর দরপত্র বাতিল না করে সেই পথ করে দিয়েছে।
দরপত্র নিয়ে খুনোখুনির ঘটনা এবং সে কারণে সব দরপত্র ক্রেতার দরপত্র জমা দেওয়ার পরিস্থিতি না থাকায় দরপত্র বাতিল করার বিষয়টিই ছিল যথাযথ। রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ছিল সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নতুন করে দরপত্র জমা দেওয়ার সুযোগ সৃষ্টি করা। তা না করায় পুরো প্রক্রিয়াটি এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এই প্রশ্ন এখন খুবই সংগত যে, বিশেষ কাউকে সুযোগ দেওয়ার জন্যই কি রেল কর্তৃপক্ষ কাজটি করেছে?
আমরা মনে করি, স্বচ্ছতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য রেলওয়ের এই দরপত্র বাতিল হওয়া উচিত। আর এ ধরনের রক্তক্ষয়ের ঘটনা ঘটিয়ে যদি কোনো গোষ্ঠী দরপত্র বাগিয়ে নিতে পারে, তবে ভবিষ্যতে এই খারাপ দৃষ্টান্ত অনুসরণের আশঙ্কা বাড়বে। এই দরপত্র বাতিলের পাশাপাশি রেল কর্তৃপক্ষ কেন দরপত্র বাতিল না করে এগিয়ে গেল, তারও তদন্ত হওয়া প্রয়োজন। কারণ, রেলের কেউ কোনো ধরনের ভাগ-বাঁটোয়ারায় জড়িয়ে পড়েছেন কি না, তা পরিষ্কার করা জরুরি।