যুবলীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে যুবলীগ নেতার নৃশংস হত্যাকাণ্ড একদিকে আইনশৃঙ্খলার চিত্রকে যেমন তুলে ধরেছে, তেমনি প্রকাশ করেছে দেশের দুর্বৃত্তায়িত রাজনীতির রূপ। ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন একই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ। ভাগ-বাঁটোয়ারা আর লুটপাটের রাজনীতি এমন পর্যায়ে ঠেকেছে যে এ জন্য নিজের দলের ঘনিষ্ঠ সহকর্মীকে খুন করতেও বাধছে না।
রিয়াজুল খুন হয়েছেন একটি বিপণিবিতানের সামনে, প্রকাশ্যে, অনেক লোকজনের আনাগোনাও ছিল সেখানে। ক্লোজড সার্কিট ক্যামেরায় ধারণ করা এই হত্যাকাণ্ডের ভিডিও গণমাধ্যমের কল্যাণে দেখেছে দেশবাসী। এটা স্পষ্ট যে ঠিকাদারি, আধিপত্য ও সামনে সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থিতা—এসব নিয়ে বিরোধের কারণেই ঘটেছে এই হত্যাকাণ্ড। রাজনীতি, রাজনৈতিক দলের পদ ও পদবি এখন বড় ব্যবসার নাম। দলের পদ-পদবি থাকা মানেই ঠিকাদারি, টেন্ডারবাজি, আধিপত্য বিস্তার করে ব্যবসা-বাণিজ্যের পথ খুলে যাওয়া। বড় দলগুলোতে পদের জন্য তাই এত মরিয়া ভাব, একজন নিয়ন্ত্রক হয়ে উঠলে আরেকজন তাকে সরিয়ে দিতেও পিছপা হয় না। এসব ঘটনায় ক্ষমতার রাজনীতির কদর্য রূপই প্রকাশিত হলো।
আরও তিনটি খুন ও দুটি ‘ক্রসফায়ার’-এর খবর প্রকাশিত হয়েছে প্রথম আলোয়। এর মধ্যে হাজারীবাগে খুন হয়েছেন বিএনপির ওয়ার্ড নেতা জসিমউদ্দিন। একই দিনে দুজন রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তির খুন হওয়ার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এটাকে নিছক আইনশৃঙ্খলার বিষয় হিসেবে দেখা ঠিক হবে না। আমরা বিভিন্ন সময়ে দেখে আসছি যে সিটি করপোরেশনের নির্বাচনের বিষয় সামনে চলে এলে এ ধরনের খুনখারাবি বেড়ে যায়। সামনে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে যাতে এ ধরনের খুনোখুনি পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে বাড়তি সতর্কতা ও নজরদারি প্রয়োজন।
যুবলীগের নেতা রিয়াজুল হত্যায় জড়িত সন্দেহে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ যেহেতু রয়েছে, তাই খুনিদের শনাক্ত করা কঠিন নয়। দেশবাসী যথাযথ তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি দেখতে চায়। আইনে যথাযথ প্রয়োগ ও খুনিদের শাস্তি নিশ্চিত করা গেলেই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব।