সমসাময়িক অন্য সব ছেলে থেকে আয়াত উল্লাহর জীবনযাপন অনেকটাই ভিন্নতর। ১৩ বছর বয়সী আয়াত বেশিটুকু সময়ই ব্যয় করে তার পরিবারের আর্থিক সংস্থানের চিন্তায়। তার এক গভীর ধ্যান হলো, কী করে সে তার পরিবারকে আরও একটু সচ্ছল হতে সাহায্য করবে। কারণ, তার জন্ম এমনই একটি পরিবারে, যাদের বাংলাদেশে কর্মসংস্থান বা উপার্জনের সুযোগ ব্যাহত হয়ে আছে। কক্সবাজার জেলার কুতুপালং শরণার্থী শিবিরের সীমানার ভেতর টুকটাক কাজ করে বা দিনমজুর হিসেবে খেটে পরিবারের কিছুটা সাহায্য সে করতে পারে। ওটাই তার বসবাসের এলাকা।
তবে এই অঞ্চলের একটি শরণার্থী শিবিরের যুবসমাজের অংশ হিসেবে তার অবস্থা এমনই যে অন্য সচ্ছল পরিবারের ছেলেদের মতো নেই তার উচ্চশিক্ষার সুযোগ বা সামর্থ্য, আর নেই কোনো বিনোদনের সুবিধা, যা তাদের বয়সী কিশোরদের স্বাভাবিক বেড়ে ওঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়াতের পরিবার মিয়ানমার থেকে সন্ত্রাস ও নির্যাতনের কারণে পালিয়ে আসা রোহিঙ্গা সম্প্রদায়েরই অংশ, যারা ২০ বছরের বেশি সময় আগে বাংলাদেশে এসে আশ্রয় নিয়ে এখনো এখানে অবস্থান করছে।
জীবনের শুরু থেকেই একটি বাংলাদেশি যুবক ও একটি শরণার্থী যুবকের জীবনে সুযোগের বৈষম্য তাদের জীবনের আর্থসামাজিক গন্তব্যেরও বিশাল বিভেদের সৃষ্টি করে থাকে। যদিও নীতিগত কারণে এই পরিণতি ভীষণভাবে পীড়াদায়ক, তবে এ রকম বৈষম্যমূলক জীবনধারা শুধু বাংলাদেশেই নয়, আরও অন্যান্য শরণার্থী অবস্থার প্রেক্ষাপটেও লক্ষ করা গেছে।
শরণার্থী যুবক-যুবতীদের জীবনধারায় উন্নতির গতি প্রায় জীবনের শুরুতেই থেমে যেতে দেখা যায়। কারণ, তাদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের বিশেষ সীমাবদ্ধতা রয়েছে। একই কারণে তাদের সামাজিক উন্নয়নও ব্যাহত হয়। কারণ, তারা আর্থসামাজিক ক্ষেত্রে কোনো সুদূরপ্রসারী অবলম্বন খুঁজে পেতে ব্যর্থ হয়ে পড়ে, আর আর্থিক উপার্জন করে যে জীবনের মোড় ঘোরাবে, সে স্বপ্নও দ্রুত হারিয়ে ফেলে।
এই বাস্তবতার আলোকে, জাতিসংঘের শরণার্থীবিষয়ক কার্যালয় ইউএনএইচসিআর, মিয়ানমার শরণার্থীদের শিবিরে ষষ্ঠ শ্রেণীর শিক্ষা প্রদানের জন্য সদ্য পাওয়া দীর্ঘ প্রত্যাশিত অনুমোদনকে উষ্ণতার সঙ্গে স্বাগত জানাচ্ছে। শরণার্থী কিশোর-কিশোরীরা এখন শুধু প্রাথমিক শিক্ষায় আটকে না থেকে আরও এক ধাপ এগোনোর সুযোগ পাবে। সমগ্র শরণার্থী জনগোষ্ঠীর উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাতে পারে। কারণ, অন্যথায় অনেক শরণার্থী কিশোর-কিশোরীই পঞ্চম শ্রেণীর সমাপনীর পর উদ্দেশ্যহীন অবস্থার শিকার হয়ে পড়ছিল। অনেক ক্ষেত্রে শিবিরে বসবাসরত যুবসমাজের সদস্যরা অনেক ঝুঁকিপূর্ণ ও শোষণমূলক কাজেরও শিকার হয়ে পড়ে, যা তারা শিক্ষাব্যবস্থায় ব্যস্ত থাকলে হতো না। শিবিরে সন্নিবেশিত অবস্থা অনেক সময়েই যথার্থ নিরাপত্তা নিশ্চিত করে না এবং কিশোর বা যুবসমাজের উপযুক্ত বিকাশের জন্য আবশ্যকীয় পরিবেশেরও নিশ্চয়তা বিধান করে না।
ইউএনএইচসিআর শরণার্থী শিশু-কিশোরদের শিক্ষাদানে জোরালো তৎপরতা আশা করছে এবং এমন একটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রত্যাশা করে, যাতে শরণার্থী কি নাগরিক-নির্বিশেষে সব শিশু-কিশোর একই পাঠশালায় একই মানের শিক্ষা অর্জন করতে পারবে। প্রয়োজনে ইউএনএইচসিআর সেই শিক্ষা কর্মকাণ্ড অব্যাহত রাখার স্বার্থে অর্থসাহায্য জোগানের ব্যবস্থা করতে পারে।
শরণার্থীদের আশ্রয় প্রদানে বাংলাদেশ সরকারের সুদীর্ঘ ও প্রগাঢ় ভূমিকা অনস্বীকার্য। কারণ, অন্যথায় আশ্রয়প্রার্থী এই ব্যক্তিদের মিয়ানমার থেকে শান্তি, নিরাপত্তা ও জীবিকার অভাবে ধুঁকে ধুঁকে মরে যেতে হতো। বাংলাদেশ অবশ্যই দুই দশক ধরে সক্ষমভাবে এই নিপীড়িত জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে। যাদের পক্ষে তাদের সন্ত্রাস ও নিপীড়ন-আকীর্ণ মাতৃভূমিতে প্রত্যাবর্তন করা এখনো অসম্ভব।
বাংলাদেশের দিকে তাকালেও আমরা দেখতে পাই যে এখানকার ১৬ কোটি মানুষের এক-পঞ্চমাংশই কিশোর-যুবক, যারা তাদের পরিবার-পরিজন এবং মাতৃভূমিকে দারিদ্র্যের অন্ধকার থেকে টেনে এনে আশার আলো দেখানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু ঠিক সেভাবেই শরণার্থী জনগোষ্ঠীর ছেলেমেয়েরা তাদের পুস্তকগত শিক্ষা এবং কারিগরি শিক্ষার অভাবে না পারছে নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে, না পারছে স্বাগতিক দেশ বাংলাদেশের উন্নতি সাধন করতে। এভাবেই তারা বছরের পর বছর মানবিক সাহায্য ও অনুদানের ওপর নির্ভরশীল হয়ে দিন কাটাচ্ছে। তাদের এই নির্ভরশীলতার কারণে যেমন তারা নিজের পায়ে দাঁড়াতে অক্ষম, একইভাবে তারা নিজ দেশে প্রত্যাবর্তনের পরও পুনর্বাসন ও স্বয়ংসম্পূর্ণতা লাভ না করে নির্ভরশীল জনগোষ্ঠী হয়ে থাকার সমূহ ঝুঁকি বহন করছে।
আমাদের সবাইকে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, রোহিঙ্গাদের জন্য দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনায় আয়াতদের মতো কিশোর-যুবকেরাই হবে ওই সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সম্পদ ও শক্তি। কারণ, এরাই ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাময় মানুষ যারা তাদের গোষ্ঠী বা জাতির দীর্ঘায়িত সমস্যার সমাধান খুঁজে বের করে সাহায্য ও অনুদানের ওপর নির্ভরতার জাল থেকে বের হয়ে এক নতুন আলোকিত জীবনের সম্ভাবনা সৃষ্টি করতে পারে।
এই সবকিছুর আগে প্রয়োজন পুস্তকগত শিক্ষা, কারিগরি শিক্ষা এবং জীবিকার সুযোগ, যার সাহায্যে প্রতিটি শরণার্থী পরিবার যথার্থ মর্যাদাপূর্ণভাবে জীবনমান রক্ষা করতে সক্ষম হবে। আর এর মাধ্যমে তাদের যথাসময়ে মিয়ানমারে প্রত্যাবর্তনও হবে সফল ও স্থায়ী।
স্টিনা লিইউংডেল: জাতিসংঘের শরণার্থীবিষয়ক সাহায্য সংস্থা ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রতিনিধি।