তাঁরা ক্ষতিপূরণ চাননি, চেয়েছেন কেবল আরও ক্ষতি থেকে রেহাই। বিরোধী দলের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর একটি চিঠি পাঠিয়েছে দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মিল্ক ভিটা। চিঠিটার বক্তব্য মিল্ক ভিটার নিজস্ব হলেও তা সব কর্মজীবী মানুষ ও শিল্প-ব্যবসাপ্রতিষ্ঠানের মনের আকুতিই যেন এতে প্রকাশিত হয়েছে। কিন্তু অনুমান করা যায়, ক্ষমতার প্রতিযোগিতার পক্ষ-বিপক্ষ সবার কাছেই এই চিঠি যেন পাষাণে মাথা খোঁড়ার শামিল।
হরতালের কারণে গত পাঁচ মাসে মিল্ক ভিটার ক্ষতি হয়েছে সাড়ে ২৭ কোটি টাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে এই ক্ষতি বাংলাদেশের মানুষেরই। এক মিল্ক ভিটার ক্ষতির পরিমাণই যদি এত বিপুল হয়, তাহলে সারা দেশের অজস্র প্রতিষ্ঠান, ব্যবসা, শিল্পকারখানাসহ খুদে ব্যবসায়ী ও উৎপাদকদের ক্ষতির পরিমাণটি কত বিপুল? জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত জাতীয়ভাবে হরতাল হয়েছে ৩২ দিন। এর বাইরে স্থানীয় হরতাল হয়েছে আরও ২৯ দিন। জীবনের কর্মদিবসগুলো এভাবে হরতালের ফাঁদে পড়ে যেভাবে হারিয়ে যাচ্ছে, তা কি কেউ আর ফিরিয়ে দিতে পারবে?
মিল্ক ভিটার সঙ্গে যুক্ত রয়েছে ১৩ লাখ সমবায়ী ও তাঁদের পরিবার। এই পরিবারগুলো গরুর খামারি; প্রতিটি হরতালেই তাঁরা ক্ষতির শিকার হন। হরতালের জন্য মিল্ক ভিটা তাঁদের থেকে দুধ নিতে পারে না। অনেক ক্ষেত্রেই দুধ নষ্ট হয়। অন্যদিকে দুধ উৎপাদন ও বাজারজাত করতে না পারায় ক্ষতিগ্রস্ত হয় দুধের খুচরা বিক্রেতা ও সাধারণ ভোক্তারা।
মিল্ক ভিটা কর্তৃপক্ষ বিরোধীদলীয় নেতার কাছে আবেদন করেছে, মিল্ক ভিটার দুধ যেন অপরিহার্য খাদ্যসামগ্রী এবং শিশু ও রোগীর খাদ্য হিসেবে বিবেচনা করে হরতালের আওতামুক্ত রাখা হয়। যেখানে রাজনীতিকেরা ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থের বাইরে গিয়ে দেশের বৃহত্তর স্বার্থের কথা ভাবতে পারেন না, সেখানে মিল্ক ভিটা কর্তৃপক্ষের এই উদ্যোগ অবশ্যই সাধুবাদ পেতে পারে। প্রশ্ন হলো, প্রতিষ্ঠানটির এই আহ্বান ‘জনদরদি’ রাজনীতিকদের কানে পৌঁছাবে কি?