যেমন-তেমন উপজেলা নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান নির্বাচন কমিশনের অধীনে শেষ পর্বে ১২ উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা ‘বাংলাদেশি’ মান অর্জন করেছে৷ অর্থাৎ, সাতটিতে সংঘর্ষ ও কারচুপি চলেছে, একটি জায়গায় প্রার্থী নিজেই সরে দাঁড়িয়েছেন৷ বলা যায়, আগের পর্বগুলোরই পুনরাবৃত্তি ঘটেছে৷
বিশৃঙ্খলা ও গায়ের জোরের ছড়াছড়ি থাকার পরও যথারীতি প্রধান নির্বাচন কমিশনার ‘নির্বাচন অন্যবারের চেয়েও সন্তোষজনক হয়েছে’ বলে তৃপ্তি প্রকাশ করেছেন৷ অন্যদিকে দেখা যাচ্ছে, কুমিল্লায় দুটি উপজেলায় সংঘর্ষে ককটেল, গুলি ফুটেছে এবং আহত হয়েছে ২৫ জন৷ এই দুই উপজেলার একটিতে ৩০টি কেন্দ্রে এবং অন্যটির সব কেন্দ্র, তথা ৬০টিতেই পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিএনপি৷ এসব কেন্দ্রের একটিতে প্রিসাইডিং কর্মকর্তার টেবিলে সিল মারা ব্যালট পেপার পাওয়া গেছে৷ জবরদখলের অভিযোগ রয়েছে গাজীপুর ও সিরাজগঞ্জের কেন্দ্রগুলোতেও৷ সুতরাং, কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন, পাল্টাপাল্টি হামলা, জাল ভোটসহ নির্বাচনের যাবতীয় কলঙ্কই সমস্যাজনক সাতটি উপজেলার গায়ে লেগে গেছে৷ এ ব্যাপারে ইসি নির্বিকার থাকলে প্রমাণিত হবে, তারা আজ্ঞাবহ মাত্র, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতার চর্চা তারা করতে অক্ষম৷
নির্বাচনের ফলাফলে দেখা যায়, সাত উপজেলায় সরকারি দল–সমর্থক ও পাঁচ উপজেলায় বিএনপি–সমর্থক প্রার্থী জয়ী হয়েছেন৷ এটিও হয়তো আগের ফলের সঙ্গে খুব অসংগতিপূর্ণ নয়৷ কিন্তু নির্বাচনটি সুষ্ঠু ও অবাধ করার দায়িত্ব ছিল ইসিরই৷ নির্বাচনী দৃশ্যপটে সিইসি সন্তুষ্ট থাকলেও ভোটাররা সন্তুষ্ট থাকতে পারেননি৷ সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনে সেই দেশটির নির্বাচন কমিশন কী ভূমিকা নিয়েছে, তা থেকে বাংলাদেশের নির্বাচন কমিশন শিক্ষা নিতে পারে৷
সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নির্বাচন কমিশনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ ক্ষমতাসীনদের দিক থেকে এতে হস্তক্ষেপ করা এবং কমিশনের দিক থেকে নিজের স্বাধীনতা বজায় রাখার দৃঢ়তা না থাকলে যা হয়, উপজেলা নির্বাচনের শেষ পর্বেও তা-ই ঘটল৷ ভোটের সুরক্ষা যদি জনগণ না পান, তাহলে গণতন্ত্রের প্রতিই তঁারা আস্থা হারাবেন, যা সরকার ও ইসি কারও জন্যই সুখবর হতে পারে না৷