জনবহুল ঢাকাতে যানবাহনের সমস্যা চিরস্থায়ী যেন। দায়ী আমলাতান্ত্রিক জটিলতা এবং ইচ্ছে করে সমস্যা জিইয়ে রাখা। মনে হয় সরকারের চেয়ে মধ্যবর্তী একটা গোষ্ঠী অনেক বেশি শক্তিশালী। উদাহরণ দিলে বিষয়টি অনেকটা পরিষ্কার হবে।
অফিসের সময়ে দেখা যায় বিশেষ কিছু স্থান থেকে অফিসে যাওয়ার জন্য মানুষ তীর্থের কাকের মতো দাঁড়িয়ে আছে। যেমন: রামপুরা, বনশ্রী, খিলগাঁও, আমতলা, রামপুরা ব্রিজ বা মতিঝিল শাপলা চত্বর এলাকা। অফিসের সময়ে এসব এলাকা থেকে আপ-ডাউনে দুই-তিনটি বিআরটিসি বাস চালু করলে অতি সহজেই সমস্যার সমাধান সম্ভব, না হলেও অনেকাংশে কেটে যাবে। এ সময়ে বিভিন্ন অফিসের স্টাফ বাস এসব এলাকা থেকে সহজেই বিভিন্ন গন্তব্যে যাচ্ছে।
শোনা যায়, এসব এলাকা থেকে বিআরটিসি বাস চলাচলে একটি গোষ্ঠী বিশেষভাবে বাধা প্রদান করে; হয় তারা এসব এলাকার চাঁদাবাজ, টেম্পোর মালিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু উচ্ছৃঙ্খল সদস্য, কিংবা এ পথে চলাচলরত অন্যান্য পরিবহনের মালিক। তাদের প্রত্যক্ষ মদদে এসব এলাকায় বিআরটিসির মতো বাসগুলো চলতে পারে না। অথবা চালু করা হলে বন্ধ করে দিতে বাধ্য হয় বহুবিধ নানামুখী অলিখিত চাপে। দেশের অন্যান্য স্থান যেমন কুমিল্লার মতো ফেনী থেকেও বিআরটিসি বাস চালু করার কথা ছিল। জেলার বিভিন্ন উপজেলা থেকে ঢাকাগামী বিভিন্ন পরিবহন বন্ধ হয়ে যাওয়াতে এসব এলাকার লোকদের বিশেষ করে ঈদ-পার্বণে চরম ভোগান্তির শিকার হতে হয়। অথচ সরকারি সংস্থাগুলো যেমন: বিআরটিসি, রেলওয়ে ও বিআরটিএকে ইচ্ছে করেই দুর্বল করে রাখা হয়েছে। এসব দেখার কি কেউ নেই?
এমদাদুল ইসলাম
রামপুরা, ঢাকা।