রংপুর অঞ্চলের উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান আমল থেকে রংপুর জেলা দেশের অন্যান্য অঞ্চল থেকে অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। স্বাধীনতার ৪২ বছর পার হলেও প্রতিদিন রংপুর অঞ্চল বিভিন্ন উন্নয়ন কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছে। রংপুর বিভাগ আটটি জেলার সমন্বয়ে গঠিত হলেও এই অঞ্চলে কোনো কৃষি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। উদ্বৃত্ত খাদ্যশস্য অঞ্চল খ্যাত এখানে কৃষি প্রক্রিয়াকরণ অঞ্চল বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা বিশেষ জরুরি। রংপুর, দিনাজপুর ও কুড়িগ্রামে অবস্থিত বর্তমানে বন্ধ থাকা টেক্সটাইল মিলগুলো দ্রুত চালু করা প্রয়োজন।
গাইবান্ধা কৃষি কলেজ, প্রকৌশল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজসহ ৫০০ শয্যার হাসপাতাল স্থাপন করা সময়ের দাবি।
এই অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নের জন্য গাইবান্ধার বালাসীঘাট ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে সড়কপথ, রেলপথসহ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণও জরুরি। শাকসবজি, অন্যান্য কাঁচামাল এবং এই অঞ্চলে উৎপাদিত পণ্যসামগ্রী দ্রুত দেশের অন্যান্য অঞ্চলে পৌঁছানোর জন্য দিনাজপুর-রংপুর-যমুনা সেতু সড়ক চার লেনে উন্নীত করা এবং যমুনা সেতু থেকে সরাসরি সিরাজগঞ্জ ও বগুড়া হয়ে নতুন দুই লেনের রেলপথ নির্মাণ করা প্রয়োজন।
রংপুর নগরে নতুন আবাসিক এলাকা, নতুন বাণিজ্যিক এলাকা এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও সম্মেলন কেন্দ্র নির্মাণ এই অঞ্চলের লোকের দীর্ঘদিনের দাবি। তিস্তায় একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন প্রকল্প গ্রহণ করা বিশেষ প্রয়োজন। উল্লিখিত প্রকল্পগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
তাইফুল আলম
কলেজ রোড, গাইবান্ধা।