রংপুর দেশের সর্বশেষ বিভাগ। উন্নয়নের দিক থেকে সবচেয়ে অবহেলিত অঞ্চল এই উত্তরাঞ্চল। রংপুর বিভাগের উন্নয়নে কয়েকটি বিষয়ে আশু পদক্ষেপ একান্ত প্রয়োজন৷
১. রংপুর থেকে ঢাকায় আসতে আট থেকে দশ ঘণ্টা সময় লাগে। রাস্তায় গাড়ির চাপ থাকার কারণে এত বেশি সময় লাগে। রংপুর-ঢাকা-মহাসড়ক চার লেনে উন্নীত করতে পারলে যোগাযোগ অনেক সহজ হবে। সেই সঙ্গে রংপুরের অসমাপ্ত চার লেন সড়কের কাজ অবিলম্বে শেষ করতে হবে।
২. উত্তরবঙ্গের প্রতি জেলায় গ্যাস সরবরাহ আজ প্রাণের দাবি হয়ে উঠেছে। বগুড়া থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরত্বের রংপুরে গ্যাস সরবরাহে সরকারের আশু সিদ্ধান্ত প্রয়োজন।
৩. বন্ধ হয়ে যাওয়া কুড়িগ্রামের ধরলা সেচ প্রকল্প, কুড়িগ্রাম টেক্সটাইল মিল, নীলফামারী টেক্সটাইল মিল অবিলম্বে চালু করা হোক। এ ছাড়া কুড়িগ্রামে একটি করে কৃষি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।
৪. গাইবান্ধার ফুলছড়ি থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে রেলসেতুসহ একটি পূর্ণাঙ্গ সেতুর দাবি দীর্ঘদিনের। এ ছাড়া উলিপুর থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত একটি সেতুর কাজ শুরু হয়েছে। এই সেতুতে অবশ্যই রেল সংযোগ দিতে হবে।
৫. কুড়িগ্রাম থেকে ঢাকা যাতায়াতের জন্য সরাসরি রেল সংযোগের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ছাড়া রংপুরের প্রতি জেলা থেকে অন্তত দুটি করে ট্রেন যাতায়াতের জন্য বরাদ্দ করা প্রয়োজন।
৬. তিস্তায় পানি নেই, অবিলম্বে তিস্তা চুক্তি রাজনৈতিকভাবে সরকারকে করতে হবে।
আরিফ বিল্লাহ সরকার
সভাপতি, ঢাকাস্থ রংপুর বিভাগ ছাত্র সমিতি।