২ অক্টোবর ২০১৩, প্রথম আলোর আয়োজনে ‘রংপুরের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হলো

যাঁরা অংশ নিলেন
মো. গোলাম কবির : প্যানেল মেয়র, রংপুর সিটি করপোরেশন
মলয় কিশোর ভট্টাচার্য্য : সভাপতি, সচেতন নাগরিক কমিটি, রংপুর
কাজী মো. জুননুন : সাবেক চেয়ারম্যান, রংপুর পৌরসভা
মোস্তফা সোহরাব চৌধুরী : সভাপতি, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
মোজাফফর হোসেন : আহ্বায়ক, রংপুর জেলা বিএনপি
তুষার কান্তি মণ্ডল : সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগ, রংপুর
বিপ্লব প্রসাদ : সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট খেলোয়াড়
হাসনা চৌধুরী : সাধারণ সম্পাদক, রংপুর মহিলা পরিষদ
ইরা হক : সভাপতি, রংপুর বিভাগীয় উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
মুনীর চৌধুরী : আইনজীবী ও মানবাধিকারকর্মী
মফিজুল ইসলাম : চিকিৎসক ও সমাজসেবক
সালাউদ্দিন কাদেরী : সাধারণ সম্পাদক, মহানগর জাতীয় পার্টি, রংপুর
ওয়াদুদ আলী : সাধারণ সম্পাদক, রংপুর প্রেসক্লাব
তুহিন ওয়াদুদ : সহকারী অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
মনোয়ার হোসেন : প্রবীণ ব্যক্তি
আরিফুল হক : রংপুর প্রতিনিধি, প্রথম আলো
সঞ্চালক
আব্দুল কাইয়ুম, সহযোগী সম্পাদক, প্রথম আলো
আলোচনা
আব্দুল কাইয়ুম: আমরা রংপুরসহ সারা দেশের উন্নয়নের প্রত্যাশা করি। সিটি করপোরেশন নির্বাচনের আগে রংপুরে গোল টেবিল করেছি। এ অঞ্চলের নাগরিক সমাজের প্রতিনিধিরা গোল টেবিলে উপস্থিত ছিলেন। তারা অনেক প্রত্যাশার কথা বলেছেন। এখন সিটি করপোরেশন হয়েছে। রংপুরের মানুষের প্রত্যাশা আরও বেড়ে গেছে। এ অঞ্চলের উন্নয়ন ও উন্নয়ন ভাবনা আজকের আলোচনা।
মো. গোলাম কবির: রাস্তাঘাটের উন্নয়ন বলতে যা বুঝি, তা নেই। সিটি করপোরেশনের নিজস্ব আয়ও তেমন একটা নেই। সিটি করপোরেশনের মাসে খরচ প্রায় এক কোটি টাকা। এর পরও সিটি করপোরেশন মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। ড্রেনেজ ব্যবস্থা ভালো হোক। নগরবাসীর উন্নয়ন হোক, এটা আমরা চাই। তবে সিটি করপোরেশনে যা আয় হচ্ছে তা দিয়ে উন্নয়ন করা সম্ভব হয়ে উঠছে না। এ জন্য উন্নয়ন তহবিল প্রয়োজন। বিদেশি সাহায্য কিংবা অনুদান দরকার। সাবেক রংপুর পৌরসভায় ২৩ কোটি টাকা বাজেট ছিল। এখন এক হাজার ২০০ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। সিটি করপোরেশন নাগরিকদের কাছ থেকে কর নিচ্ছে। কিন্তু তাদের পুরোপুরি সুবিধা দিতে পারেনি। অধিকাংশ স্থানে পানির সরবরাহ নেই। নতুন সিটি করপোরেশনে মানুষের আশা অনেক। এখানকার উন্নয়নের দিকে নগরবাসী তাকিয়ে আছে। ইতিমধ্যে জাইকা ৫০০ কোটি টাকা অনুদান দিয়েছে। আশা করি, রংপুর সিটি করপোরেশন একদিন মডেল সিটি করপোরেশন হবে।
মলয় কিশোর ভট্টাচার্য্য: স্কুলের পাশে বাজারঘাট বসেছে। এতে করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে। কারমাইকেল কলেজ থেকে উচ্চমাধ্যমিক বাদ দেওয়া হয়েছিল। এ কলেজের ঐতিহ্য ধরে রাখতে হবে। কলেজ ও স্কুলগুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। রংপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম আছে। সে সঙ্গে সমস্যা রয়েছে অনেক। এ জন্য সিটি করপোরেশনকে অবশ্যই দায়িত্ব নিতে হবে। অভিভাবকরা তাঁদের সন্তানদের পড়াশোনা করাতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন। এতে করে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতি আছে। টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ হচ্ছে। ব্যাঙের ছাতার মতো বিশ্ববিদ্যালয় হচ্ছে। এসব ক্ষেত্রে সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।
কাজী মো. জুননুন: রংপুরে ঘর থেকে বেরিয়ে চোখে পড়ে প্রথম আলোর ফেস্টুন, সুপ্রভাত রংপুর। এই সুপ্রভাতের মতো রংপুরকে সাজাতে হবে। এখানে একটি শিশুপার্ক নেই। রংপুরের সুরভি উদ্যানকে আধুনিক শিশুপার্ক হিসেবে দেখতে চাই। এখানে খেলার কোনো ভালো মাঠ নেই। একটি চিড়িয়াখানায় দেখার মতো তেমন কিছু নেই। পশুপাখির সংখ্যা বৃদ্ধি করতে হবে।
কেবল টাউন হলেই সব অনুষ্ঠান হয়। তারও অবস্থা ভালো নয়। বিনোদন ও নানা অনুষ্ঠান করার জন্য কমপক্ষে সাতটি মিলনায়তনের দাবি জানাই। রংপুরের বিসিক এখন নিজেই ‘সিক’ হয়েছে। নতুন একটি আধুনিক শিল্পনগর গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। রংপুরে বেনারসি শাড়ি তৈরি হচ্ছে। এর বিকাশ ঘটেছে। কিন্তু উৎপাদনকারীরা এই শাড়ির বাজার তৈরি করতে পারছেন না। মধ্যস্বত্বভোগীরা বেনারসি শাড়ির বাজার দখল করেছেন। তাঁতিদের ঠকানো হচ্ছে। এ অবস্থা থেকে তাঁতিদের উদ্ধার করতে না পারলে বেনারসি শাড়ি তৈরিতে তাঁরা উৎসাহ হারিয়ে ফেলবেন।
মোস্তফা সোহরাব চৌধুরী: রংপুর হচ্ছে কৃষিনির্ভর এলাকা। এ অঞ্চল শিল্প স্থাপনের দিক থেকে অনেক পিছিয়ে আছে। শিল্পকারখানা গড়ে তোলার ক্ষেত্রে আলাদা শিল্পনীতি হতে পারে। এ অঞ্চলে শিল্পকারখানায় উদ্যোক্তাদের ভর্তুকি দিতে হবে। এখানে পোশাক কারখানা গড়ে উঠতে পারে। গার্মেন্টস কারখানা হতে পারে। কম মজুরিতে শ্রম পাওয়া সম্ভব হবে। রংপুরে বিদ্যুতের ঘাটতি রয়েছে। এ ঘাটতি দূর করতে হবে। রংপুরকে বলা হয় খাদ্যভান্ডার। এটি কৃষক ভাইদের অবদান। কৃষকেরা ফসল ফলায়। এখানে আলুসহ নানা ধরনের সবজি উৎপাদন হয়। এসব কৃষিপণ্য রংপুর থেকে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। যোগাযোগের ক্ষেত্রে ঢাকা থেকে রংপুর ১৩ ঘণ্টা সময় লাগে। এ জন্য হাইওয়েকে চারলেনে উন্নীতকরণ দরকার। সরকারকে এ অঞ্চলের বিনিয়োগকারীদের উৎসাহিত করতে হবে। রংপুরে মঙ্গা বলে কিছু নেই। এখানকার মানুষ কর্মমুখী। এ অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প বিকাশের সম্ভাবনা রয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন করতে হবে। কৃষকদের উৎপাদিত আলুর ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। কৃষক যাতে ন্যায্য দাম পায়, তা নিশ্চিত করতে হবে।
তুষার কান্তি মণ্ডল: রংপুরের অনেক সমস্যা রয়েছে আবার অনেক প্রত্যাশা পূরণও হয়েছে। নির্বাচনী ইশতেহারে এখানকার অনেক সমস্যার কথা বলা হয়েছে। এসব সমস্যা সমাধান করে উন্নয়ন করাও হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়েছে। বিভাগ হওয়ার পর এখানে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। আট মাস বয়সী সিটি করপোরেশনের অনেক উন্নয়ন হয়েছে। রংপুর সিটিকে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে। সেদিন আর বেশি দূরে নয়।
রংপুর বিশ্ববিদ্যালয়কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় করা হয়েছে। অল্প সময়ের মধ্যে এ বিশ্ববিদ্যালয়ে অনেক উন্নয়নমুখী কাজ হয়েছে। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় যাতায়াতসুবিধা পেতে ওই এলাকার জনগণের যোগাযোগের ক্ষেত্রে তিস্তা সড়কসেতু নির্মাণ করা হয়েছে। রংপুরে চারলেন সড়ক প্রশস্তকরণের উন্নয়নকাজ চলছে। এসব কর্মকাণ্ড প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির কাজ। রংপুরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা আছে। এটা আগেও ছিল। এই সমঝোতা আরও বাড়াতে হবে। রাজনৈতিক ঐক্যই পারে এখানকার উন্নয়ন বাড়াতে। রংপুরে অবিলম্বে গ্যাস সরবরাহ করতে হবে। গ্যাস এলে এখানকার মানুষের ভাগ্যের চাকা ঘুরে যাবে। নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। মানুষজনের কাজের সন্ধান হবে।
মোজাফফর হোসেন: দেশকে মুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। এখন এই দেশে দেশপ্রেমিকের বড়ই অভাব। একজন আরেকজনের ওপর বিশ্বাস রাখতে পারছে না। যদি বিশ্বাস না আসে তা না হলে সম্প্রীতি আসতে পারে না। যাঁরা দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, তাঁদের দিকে তাকিয়ে এই দেশকে উন্নয়ন করতে হবে। এটা আমাদের ভুলে গেলে চলবে না। কেবল পরিকল্পনার অভাবে শিল্পনগর গড়ে উঠতে পারছে না। সর্বপ্রথম দুই নেত্রীকে আহ্বান জানাতে চাই, আপনারা একসঙ্গে বসুন। বসে আলোচনা করুন। দেশকে সাজাতে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। রংপুরের মানুষ আমরা অনেক পিছিয়ে পড়েছি রাজনৈতিক কারণে। স্বাধীনতার ৪২ বছর পর এখানে তেমন কোনো উন্নয়ন নেই। রংপুরে উন্নয়নের জন্য অবশ্যই গ্যাস সরবরাহ করতে হবে।
হাসনা চৌধুরী: এখানে নারীদের কাজ করার উপযুক্ত পরিবেশ নেই। বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে গিয়ে শুধু যে নারীরা লাঞ্ছনার শিকার হচ্ছেন তা নয়, পরিবারেও নারীদের লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া যায়। গ্রামে যৌতুকের জন্য মেয়েদের বিয়ে হচ্ছে না। বিয়ে দিতে একেকটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা সামাজিকভাবে রোধ করাও সম্ভব হচ্ছে না। এ জন্য সরকারি উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
রংপুরে ইভ টিজিংকে সামাজিকভাবে প্রতিরোধ করা হয়। তবে গ্রামে বাল্যবিবাহ বেড়ে যাচ্ছে। এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। রংপুরে গ্যাস এলে ছোট ছোট কারখানা গড়ে উঠবে। এসব কারখানায় নারীরা কাজ করতে পারবে। সে সঙ্গে নারীরা হয়ে উঠবে স্বাবলম্বী। এর ফলে নারী-পুরুষের সমতা ফিরে আসবে বলে বিশ্বাস করি। রংপুরে শতরঞ্জি ও বেনারসি শাড়ি তৈরিতে অনেক নারী কাজ করছে। মজুরি কম হলেও নারীরা কিছুটা কর্মমুখী হয়েছে।
মফিজুল ইসলাম: অন্যান্য জায়গা থেকে চিকিৎসাব্যবস্থা রংপুরে ভালো। রয়েছে। এখানে বিভন্ন অঞ্চল থেকে রোগী আসে। ঢাকার পরপরই রংপুরে আধুনিক চিকিৎসাসুবিধা রয়েছে। দায়িত্ববোধের দিক থেকে অনেকেই এখানে চিকিৎসাসেবার কাজ করছেন। রংপুর সিটি মেয়র দীর্ঘদিন ঢাকায় চিকিৎসার পর রংপুরেই তার সমস্যা ধরা পড়েছে। রংপুর শহরের সদর হাসপাতালটি আধুনিকায়ন করে চিকিৎসাসেবা দেওয়া হলে জনগণের অনেক উপকার হতো। এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে।
স্বাস্থ্যসেবার উন্নয়নের ক্ষেত্রে হাসপাতাল ক্লিনিকের বর্জ্য পদার্থ পুড়িয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। কেননা, এই বর্জ্য পদার্থগুলো পরিবেশ নষ্ট করছে। পরিবেশ রক্ষা করতে সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে। রংপুরে বিশুদ্ধ পানির সরবরাহ নেই। পানির মান অত্যন্ত খারাপ। এ ছাড়াও পানির গতি নেই বললেই চলে। দোতলায় পানি ওঠে না। এ পানির পেছনে সাবেক পৌরসভার আমলে অনেক টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু বিশুদ্ধ পানির সরবরাহ করতে পারছে না কর্তৃপক্ষ।
বিপ্লব প্রসাদ: খেলোয়াড় তৈরিতে পৃষ্ঠপোষকতা করা দরকার। রংপুর জেলা ক্রীড়া সংস্থার নিজস্ব কোনো আয় নেই। এর ফলে খেলোয়াড় তৈরির ধারবাহিকতা হচ্ছে না। রংপুরের বেশ কয়েকজন খেলোয়াড় জাতীয় ক্রিকেট দলে খেলেছেন এবং এখনো খেলছেন। পাইপলাইনে কয়েকজন খেলোয়াড় রয়েছেন। এখানে একটি ভালো জিমনেশিয়াম দরকার। একটি জিমনেশিয়াম থাকলেও সেখানে ইনডোর প্র্যাকটিস করা যায় না। জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠ আছে। কিন্তু খেলার প্রশিক্ষণ নেই। জেলা ক্রীড়া সংস্থার অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। ক্রীড়া সংস্থার আওতাধীন পুকুর থাকতে হবে। একটি আধুনিক মিলনায়তন নির্মাণের জন্য এখানার সাংস্কৃতিককর্মীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন। জায়গাও দেখা হয়েছে। কিন্তু কেন হচ্ছে না, তা বোধগম্য নয়। শিল্পকলা কমপ্লেক্স ভবন নির্মাণ হলে এখানকার সাংস্কৃতিক সংগঠনগুলো মুক্ত চিন্তা নিয়ে ভালোভাবে কাজ করতে পারত। এ ছাড়াও রংপুর হলো ভাওয়াইয়া গানের এলাকা। এখানে একটি ভাওয়াইয়া গবেষণাগার করতে হবে।
ইরা হক: রংপুরে অনেক নারী উদ্যোক্তা আছেন। যাঁরা ঘরে বসে কাজ করছেন। অনেক জিনিস তৈরি করছেন। তা বিপণিবিতানগুলোতে বিক্রি করা হচ্ছে। এসব নারী উদ্যোক্তার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। ঋণ-সহায়তা দিয়ে তাঁদের পাশে দাঁড়াতে হবে। এসব নারীকে উন্নয়ন ও কর্মমুখী করার কোনো উদ্যোগ নেই। রংপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী শতরঞ্জি দেশের বাইরে রপ্তানি হচ্ছে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। একজন নারী হিসেবে মাত্র তিন হাজার টাকা দিয়ে উন্নয়নমুখী কাজ শুরু করেছি। এখন এর পরিধি অনেক বেড়েছে। অর্থসংকটের কারণে ভালো প্রকল্প গ্রহণ করতে পারছি না। এই রংপুরে ছোট ছোট কুটিরশিল্প গড়ে উঠতে পারে। যেখানে নারীরা কাজ করে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন। কাজের ক্ষেত্রে নারীকে যেন আলাদাভাবে দেখা না হয়। কেননা নারী-পুরুষ সমানভাবে কাজ করলেও মজুরির ক্ষেত্রে বৈষম্য করা হয়। এতে নারীশ্রমিকের প্রতি অবহেলা করা হয়। এটিও দূর করতে হবে। সবশেষে বলতে পারি, রংপুরে নারী উদ্যোক্তা রয়েছেন। এখানকার নারীরা ছড়িয়ে-ছিটিয়ে অনেক ভালো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। শুধু পৃষ্ঠপোষকতার অভাবে তাঁদের কর্মকাণ্ড বিকশিত হচ্ছে না। আশা করি, এ ব্যাপারে ব্যাপারে ব্যাংকগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
ওয়াদুদ আলী: উন্নয়ন ও সম্ভাবনার ক্ষেত্রে রংপুরে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। রংপুরের উন্নয়নের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ২৫টি প্রতিশ্রুতি দিয়েছিলেন। এত সব প্রতিশ্রুতির মধ্যে মাত্র চারটির কাজ হয়েছে। বাকি ২১টি প্রতিশ্রুতির বাস্তবায়ন এখনো হয়নি। রংপুরে টেলিভিশনের সম্প্রচারকেন্দ্র করা হয়নি। এটি করা হলে এ অঞ্চলের শিল্পীদের মুখে হাসি ফুটে উঠত। রংপুর বেতারকে ১০০ কিলোওয়াটে উন্নীতকরণ প্রক্রিয়ার কাজ আর করা হলো না। এটি ফাইলবন্দী হিসেবে পড়ে রইল। আন্তনগর তিস্তা ও একতা এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করা হয়। এ ট্রেন দুটি চালুর দাবিতে এলাকার জনগণ অনেক আন্দোলন করেছে। কিন্তু তা আর চালু হয়নি।
রংপুরের ওপর দিয়ে ১২টি লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়েছে। এগুলোও চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়নি। রংপুর-ঢাকায় চলাচল করছে একটি মাত্র আন্তনগর ট্রেন রংপুর এক্সপ্রেস নামে। এই ট্রেনটিরও অবস্থা খুবই খারাপ। বিদ্যুৎ থাকে না। বাথরুমগুলোর অবস্থাও শোচনীয়। ট্রেনটিতে নানা সমস্যা। কিন্তু সুবিধা নেই বললেই চলে। এই ট্রেনটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। সে সঙ্গে রংপুর থেকে ঢাকা যাওয়া-আসার জন্য এই ট্রেনটির সঙ্গে আরও একটি চালু করা জরুরি। গাইবান্ধার বালাসীঘাটে একটি সড়কসেতুর গুরুত্ব রয়েছে। এই সেতুটি হলে ঢাকা যেতে ১০০ কিলোমিটার দূরত্ব কমে আসবে। এ ছাড়াও এ অঞ্চলের স্থলবন্দরগুলোকে গুরুত্ব দেওয়া হলে অর্থনীতিতে বিরাট গুরুত্ব বয়ে আনতে পারে।