রংপুরের উন্নয়ন: সমস্যা ও সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাউদ্দিন কাদেরী: রংপুরে সমস্যা সমাধানের ক্ষেত্রে এ অঞ্চলের মানুষকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। বতর্মান প্রধানমন্ত্রীর ২৫টি প্রতিশ্রুতির মধ্যে মাত্র চারটির বাস্তবায়ন হয়েছে। রংপুরের মানুষ অনেক আন্দোলন করে এখানকার দাবি আদায় করেছেন। সিটি করপোরেশন করতে গিয়ে এখানকার জনগণ আন্দোলন করেছেন। তেমনি বিভাগের ক্ষেত্রেও হয়েছে। যা দেশবাসীর অজানা নয়। এ ছাড়াও রংপুরের উন্নয়নের ক্ষেত্রে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে বিগত প্রতিটি সরকারের আমলে। উন্নয়নের ক্ষেত্রে রয়েছে মন্থরগতি।
সিটি করপোরেশন ঘোষণা হওয়ার পরও এখনো শুরু করা হয়নি মেট্রোপলিটন সিটি। রংপুর রেলস্টেশনের মাধ্যমে চলাচলকারী বন্ধ হয়ে যাওয়া ১২টি ট্রেন এখনো চালু হয়নি। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ চালু করা হয়নি। রংপুরকে ইকোনমিক জোন করা দরকার। রংপুর হলো শিক্ষার শহর। চিকিৎসার শহর। এখানকার মানুষের অনেক উদ্যোগ আছে। এ অঞ্চলের মানুষ পিছিয়ে নেই। মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সবশেষে এখানে উন্নয়ন হতে হলে দলমত-নির্বিশেষে সবাইকে এক হতে হবে। উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিকভাবে ঐক্য থাকতে হবে।
মুনীর চৌধুরী: রংপুরের মানুষ পরিশ্রমী। এ অঞ্চলের উন্নয়ন একটু বিলম্বে হয়ে থাকে। উন্নয়নের একটা পূর্বশর্ত হলো রাজনৈতিক সংকট দূর করা। রাজনৈতিক সংকট দূর করতে পারেনি বলেই এখানে উন্নয়নের ধারা অত্যন্ত ধীরগতি। এখন আমরা যমুনা সেতুর সুফল পেয়েছি। উন্নয়নের গতি সঞ্চার হয়েছে। যমুনা সেতু হওয়ার পর এখানকার পণ্য খুব সহজে দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে।
রংপুরে বিচারব্যবস্থার ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন মামলায় রংপুরের আদালতে বিচার বিলম্বিত হচ্ছে। মামলার সংখ্যা অনেক বেশি হওয়ায় মামলাজট হচ্ছে। আর তাই বিচার ত্বরান্বিত করতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করতে হবে। মামলাগুলোর ক্ষেত্রে দীর্ঘসূত্রতাও রয়েছে। এটি দূর করা জরুরি হয়ে পড়েছে। কেননা, বছরের পর বছর মানুষকে মামলাগুলোর জন্য ঘুরতে হচ্ছে। এদিকে একটি বিষয় জানা দরকার, রংপুরের আদালতে গরিব মানুষের বিচারের ক্ষেত্রে অনেক সুবিধা দেওয়া হচ্ছে। বিনা খরচে তাদের মামলা পরিচালনা করা হয়ে থাকে। গরিব মানুষেরা এখানে যে বিনা খরচে বিচারসুবিধা পাচ্ছে, এর প্রচার বাড়ানো প্রয়োজন।
তুহিন ওয়াদুদ: প্রতিটি সরকার অবশ্যই শিক্ষাবান্ধব। কেননা, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এ কথা বিবেচনা করে এখানে একটি স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে শিক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষার মান বাড়বে, এই শিক্ষা দরকার। এ মুহূর্তে আমাদের কারিগরি শিক্ষা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আর এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করার জোর দাবি জানাই। এ ছাড়াও তিস্তা নদী চুক্তি হওয়া জরুরি হয়ে পড়েছে। এদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্যের আমলে ব্যাপক অনিয়ম হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত হয়েছে। দুদকে ফাইল গেছে। সাবেক উপাচার্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। কেননা, এই বিশ্ববিদ্যালয়ে বিরাজমান সমস্যাগুলো তিনি করে গেছেন। যা বর্তমান উপাচার্য কাটিয়ে ওঠার চেষ্টা করছেন।
মনোয়ার হোসেন: রংপুর একটি প্রাচীন শহর। রংপুর একসময় ছিল রাজা-রাজন্যদের শহর। এখানে রাজা রামমোহনের কৃতি আছে। এখানে আছে অনেক ইতিহাস। রঙে ভরা রংপুর। যার আদি নাম রঙ্গপুর। এই রংপুর থেকেই প্রথম বাংলা পত্রিকা প্রকাশ পেয়েছিল। জানকি বল্লভ সেন পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন। কলেরা-মহামারি দূর করার জন্য শহরের মধ্যে দিয়ে তৎকালীন এই পৌর প্রশাসক জানকি বল্লভ সেন তাঁর মা শ্যামাসুন্দরীর নামে একটি খাল খনন করে গেছেন। যা এখনো বহমান। বর্তমানে এই খালটি দখল হওয়ার উপক্রম হয়েছে। খালের পাড়ের মানুষজন ময়লা-আবর্জনা ফেলতে ফেলতে এখন তা ভরাট হওয়ার উপক্রম হয়েছে। খালে পানির প্রবাহ নেই বললেই চলে। পরিকল্পনা করে এই খালটিই রংপুরের ড্রেনেজ-ব্যবস্থা দূর করতে পারে। এ জন্য একটি সঠিক পরিকল্পনার প্রয়োজন। এ ছাড়াও রংপুর হলো কৃষিনির্ভর অঞ্চল। খাদ্যভিত্তিক অঞ্চল। কৃষককে বাঁচাতে কৃষি খাতে ভর্তুকি দিতে হবে। রংপুরে বিআরটিসি বাস চালু করতে হবে। রংপুরে দুটি সরকারি মহিলা ও পুরুষ কলেজ প্রতিষ্ঠার দাবি জানাই।
আরিফুল হক: গোলটেবিল বৈঠকে উপস্থিত হয়ে মূল্যবান আলোচনার জন্য প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আব্দুল কাইয়ুম: রংপুরের উন্নয়ন নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হলো। এখন সিটি করপোরেশন হয়েছে। এ অঞ্চলের মানুষের মধ্যে প্রত্যাশা বেড়ে গেছে। সবাই রংপুরের উন্নয়ন দেখতে চায়। আজকের আলোচনায় অনেকগুলো সুপারিশ ও পরামর্শ এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো দ্রুত বাস্তবায়ন করবেন বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।