
পাকিস্তানি তালেবান মনে করে নির্বাচন অনৈসলামিক। গত মার্চ মাসে পিপিপির নির্বাচিত সরকার মেয়াদ শেষ করার পর যখন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় এবং নতুন সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রথমবারের মতো ক্ষমতা হস্তান্তরের কথাবার্তা শুরু হয়, তখনই পাকিস্তানি তালেবান নির্বাচনের বিরুদ্ধে কথা বলা শুরু করে। এপ্রিলে নির্বাচনী ইশতেহার ঘোষণার পর তালেবান প্রকাশ্যে ঘোষণা দেয়, তারা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) ও আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)—এই তিনটি দলকে নির্বাচনী সভা-সমাবেশ-মিছিল করতে দেবে না। এই দলগুলোর নেতা-কর্মীদের হত্যা করা হবে বলে তারা হুমকি দেয়। যারা তাদের জনসভায় অংশ নেবে, তারাও হত্যার শিকার হবে বলে তারা হুমকি দেয়। এই তিনটি দলকে পাকিস্তানি তালেবান ‘সেক্যুলার’ বলে মনে করে এবং তাদের পাকিস্তানের মাটি থেকে নিশ্চিহ্ন করতে চায়।
পাকিস্তানের সংবাদমাধ্যমে এখন তালেবানের আনুষ্ঠানিক মুখপাত্রের নাম বহুল উচ্চারিত। তিনি এহসানউল্লাহ এহসান। কোথাও কোনো হত্যাকাণ্ড ঘটার পরপরই অজ্ঞাত স্থান থেকে এই এহসান টেলিফোন করছেন পাকিস্তানে কর্মরত বিদেশি বার্তা সংস্থাগুলোকে। তিনি বলছেন, এই হত্যার দায়িত্ব আমাদের, বা ওই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি। গত সোমবার জেউআই-এফের নির্বাচনী জনসভায় বোমা হামলায় ব্যাপক হত্যাযজ্ঞের পরপর দলটির পক্ষ থেকে বলা হয়, এটা তালেবান ঘটায়নি, কারণ তালেবানের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। কিন্তু এহসানউল্লাহ এহসান বার্তা সংস্থা এএফপিকে টেলিফোন করে বলেন, এই বোমা হামলা তালেবানেরই কাজ। অবশ্য তিনি বলেন, এই হামলার লক্ষ্য জেউআই-এফ নামের ইসলামপন্থী দলটি ছিল না, বরং লক্ষ্য ছিল মুনির ওরাকজাই নামের এক নেতাকে হত্যা করা, যিনি ওই দলের টিকিটে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তালেবান তাঁকে হত্যা করতে চায় এ জন্য যে, ওরাকজাই বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে পিপিপি-এএনপির সেক্যুলার জোট সরকারকে সমর্থন দিয়েছিলেন।
পাকিস্তানে তালেবানের সাম্প্রতিক হত্যাযজ্ঞের যেসব বিবরণ পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে, সেগুলোর একটা থেকে আরেকটা আরও বেশি রোমহর্ষক। পিপিপি, এমকিউএম ও এনপির অনেক নেতা-কর্মী-সমর্থককে তারা ইতিমধ্যে হত্যা করেছে। তারা এমন ত্রাসের রাজত্ব কায়েম করেছে যে এই তিনটি দলের প্রার্থীরা নির্বাচনী জনসভা করতে পারছেন না। বিশেষ করে এএনপি, যে দলটি সবচেয়ে বেশি ‘সেক্যুলার’ হিসেবে পরিচিত, সেটির নেতা-কর্মীরা ঘর থেকেই বেরোতে পারছেন না।
কিন্তু অন্যদিকে পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান নির্বিঘ্নে নির্বাচনী জনসভা, মিছিল-সমাবেশ করে চলেছেন। বিশেষত ইমরান খানের নির্বাচনী জনসভাগুলো হচ্ছে একেকটা বিশাল। কারণ, নওয়াজ শরিফ ও ইমরান খানের ব্যাপারে তালেবান বা অন্য কোনো ইসলামি জঙ্গিসংগঠনের কোনো আপত্তি নেই। নওয়াজ শরিফের সঙ্গে আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের সুসম্পর্কের কথা সুবিদিত। তালেবানের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো; তিনি তালেবানের সঙ্গে সরকারের আলোচনার পক্ষপাতী। তিনি ও তাঁর দল নির্বাচিত হলে তালেবান নিষিদ্ধ সংগঠন থাকবে না, বরং তালেবানের সঙ্গে তিনি সমঝোতা করবেন, তাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানে শান্তি প্রতিষ্ঠা করবেন।
ইমরান খান ক্রমাগত আমেরিকার বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। তিনি পাকিস্তানের জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তাঁকে নির্বাচিত করা হলে তিনি পাকিস্তানের মাটিতে আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে হত্যাযজ্ঞ বন্ধ করবেন, আমেরিকান ড্রোন বিমানগুলোকে গুলি করে ভূপাতিত করার ব্যবস্থা করবেন। আর ইসলামপন্থীদের খুশি করতে তিনি বলছেন, পাকিস্তান এখন নামকাওয়াস্তে ইসলামি প্রজাতন্ত্র, তিনি নির্বাচিত হলে একে সত্যিকারের ইসলামি রাষ্ট্রে পরিণত করবেন। উপরন্তু মনে করা হচ্ছে, ইমরান খানের পেছনে রয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর সমর্থন।
তালেবানরা যদি নওয়াজ শরিফ ও ইমরান খানের দলের প্রতি সমর্থন জানিয়ে আসন্ন নির্বাচনকে স্বাগত জানাত, তাহলে বোঝা যেত যে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতায় নিজেদের মিত্রদের অধিষ্ঠান ঘটলে তালেবান সেই গণতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু তালেবান তা করছে না, বরং এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে নির্বাচন বানচাল হয়ে যায়। পাকিস্তানের নির্বাচন কমিশন ইতিমধ্যে ৪৬ শতাংশ ভোটকেন্দ্রকে নিরাপত্তার বিবেচনায় স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে। তালেবান এখন লিফলেট ছড়িয়ে হুমকি দিচ্ছে, স্কুল-কলেজের শিক্ষকেরা নির্বাচনী দায়িত্ব পালন করতে গেলে তাঁদের হত্যা করা হবে। নারীদের হুমকি দেওয়া হচ্ছে, কোনো নারী ভোটকেন্দ্রে গেলে প্রাণ নিয়ে ঘরে ফিরতে পারবে না।
সহিংসতা শুধু তালেবানের কারণেই নয়, আঞ্চলিক, জাতি-গোষ্ঠীগত, দলগত কারণেও ঘটছে। নওয়াজ শরিফের দলের লোকেরা ইমরান খানের দলের তিনজনকে গুলি করে হত্যা করেছে—এমন খবরও প্রচারিত হয়েছে। বেনজির হত্যা মামলার প্রধান কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলীকে তালেবান হত্যা করেনি, এটা তালেবানের দাবি। তাহলে কে বা কারা তাঁকে হত্যা করল, কেন?—এমন জল্পনাকল্পনা চলছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ পাকিস্তানের কোনো অঞ্চলেই নেই। হিউম্যান রাইটস ওয়াচ মন্তব্য করেছে, সহিংস পরিস্থিতির কারণে পাকিস্তানের নির্বাচন ইতিমধ্যেই ‘কমপ্রোমাইজড’ বা ক্ষতিগ্রস্ত। ভোটার উপস্থিতি হয়তো বেশ কমে যাবে। নির্বাচনে সব পক্ষের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড একদমই নেই। উপরন্তু নির্বাচনের ঠিক আগমুহূর্তে এবং ভোট গ্রহণের সময় তালেবান ও অন্যান্য ইসলামি জঙ্গিসংগঠন আরও কত ভয়াবহ হত্যাযজ্ঞে মেতে উঠবে, সে আশঙ্কাও প্রবল।
হত্যাযজ্ঞ ও ব্যাপক সন্ত্রাসের মাধ্যমে পাকিস্তানের সামগ্রিক পরিবেশকে নির্বাচনের পক্ষে অসম্ভব করে তোলার যে প্রয়াস তালেবানের আচরণে দৃশ্যমান, তার নেপথ্যে কি কোনো শক্তি আছে? পাকিস্তানের ছয় দশকের ইতিহাসে সামরিক বাহিনীর প্রবল কর্তৃত্ব এতটা চ্যালেঞ্জের মুখে এর আগে আর কখনো পড়েনি। দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে যে এবার তারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থাটিকে কার্যকর করবে। কয়েক বছর পর পর সামরিক হস্তক্ষেপের যে অশুভ চক্রের মধ্যে পাকিস্তান ঘুরপাক খেয়ে চলেছে, এবার তারা তার অবসান ঘটাবে। তাই কেন্দ্রে ও চার প্রদেশে তারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে ঐকমত্যের ভিত্তিতে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি, এই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে নিরপেক্ষ রেফারি হিসেবে মেনে নিয়ে নির্বাচনী খেলায় অংশগ্রহণের প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে। ১১ মে তারা নির্বাচন অনুষ্ঠানের পণ করেছে। তত্ত্বাবধায়ক সরকারও ঘোষণা করেছে, যেকোনোভাবেই হোক নির্ধারিত তারিখে নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের জনগণও, বিশেষ করে তরুণ ও নারীসমাজ ১১ মের নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তানের ইতিহাসে এক মাইলফলক প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সে জন্য আরও কত রক্ত ঝরবে তা কে জানে!
মশিউল আলম: সাংবাদিক।