রমজান মাসে দ্রব্যমূল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে সাধারণত যেসব পণ্যের দাম বাড়ে সেগুলোর মধ্যে রয়েছে ভোজ্যতেল, খেজুর, চিনি, বিভিন্ন ধরনের ডাল ও মসলা। চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকলে এসব পণ্যের দাম বাড়ার কথা। রমজান মাসে এসব পণ্যের চাহিদার হিসাব নিশ্চয়ই সরকারের কাছে রয়েছে। আর ব্যবসায়ীরাও নিশ্চিত করেছেন যে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে দাম বাড়ার কারণ নেই। এখন যদি দাম বাড়ে তবে ধরে নিতে হবে যে বাজার কারসাজির মাধ্যমেই তা করা হয়েছে। যার দায় পুরোটাই ব্যবসায়ীদের নিতে হবে। মুক্তবাজার অর্থনীতিতে সরকারের বাজারে হস্তক্ষেপ করার তেমন সুযোগ থাকে না। ফলে অনেক অসাধু ব্যবসায়ী পরিস্থিতি বুঝে বাজার কারসাজির মাধ্যমে বাড়তি মুনাফা হাতিয়ে নিতে তৎপর থাকেন। যার চাপ পড়ে জনগণের ওপর। গত মঙ্গলবারের মতবিনিময় সভায় রমজান মাসের নিত্যপণ্যের ব্যবসায়ীরা ও তাঁদের সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আমরা আশা করছি, ব্যবসার নৈতিকতা মেনে বাজার কারসাজির বিরুদ্ধে তাঁরা কঠোর অবস্থান নেবেন। ব্যবসায়ীরা সরকারের কাছে যে জিনিসটি চেয়েছেন তা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমরা আশা করব, সরকার এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। রমজান মাসে এবার স্বাভাবিক বাজার-পরিস্থিতি থাকবে, সেটাই প্রত্যাশিত।