মুক্তবাজার অর্থনীতিতে বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়াই উত্তম বলে অধিকাংশ অর্থনীতিবিদের মত। তবে বাংলাদেশে নিত্যপণ্যের বাজারের নিজস্ব মুক্ত গতিধারা কখনো কখনো মুনাফালোভী ব্যবসায়ী শ্রেণির অসাধু তৎপরতায় কারসাজিপূর্ণ হয়ে ওঠে এবং তার ফলে নিম্ন ও মধ্য আয়ের জীবনযাত্রায় বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়। পবিত্র রমজান মাস তেমনই একটা সময়, যখন খাদ্যদ্রব্যের বাজারে উচ্চমূল্যের পাগলা ঘোড়া প্রায় লাগামহীন গতিতে ছুটতে থাকে।
প্রতিবছর রমজান মাস শুরু হওয়ার আগে থেকেই শুরু হয় একশ্রেণির ব্যবসায়ীর অসাধু তৎপরতা। তাঁদের নানা কারসাজির ফলে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও দফায় দফায় বাড়তে থাকে অধিকাংশ খাদ্যদ্রব্যের মূল্য। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। রমজান মাস শুরু হওয়ার আগেই রাজধানীর বাজারে যেসব পণ্যের দাম বেড়ে গিয়েছিল, গত শুক্রবার পর্যন্ত সেগুলোর অধিকাংশেরই উচ্চমূল্য অব্যাহত ছিল। সরবরাহ আরও বেড়ে যাওয়ার ফলে বেগুন, কাঁচামরিচ ও আলুর দাম সামান্য কমেছে বটে, কিন্তু বাকি আর সব খাদ্যপণ্যের বর্ধিত মূল্যই অব্যাহত আছে। প্রায় সব ধরনের সবজির দামই এখনো বিক্রি হচ্ছে কেজিপ্রতি পাঁচ থেকে দশ টাকা বেশি হারে। এই উচ্চমূল্য অস্বাভাবিক, কিন্তু রমজান মাস বলে এটাকেই স্বাভাবিক বাজারমূল্য হিসেবে মেনে নেওয়া হচ্ছে। কিন্তু এর ফলে নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর ভোগান্তি যে বেড়ে গেছে, সেদিকে নজর দেওয়ার যেন কেউ নেই।
সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, রমজান মাস উপলক্ষে এই অযৌক্তিক মূল্যবৃদ্ধিকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন স্বাভাবিক বলে মনে করে এবং এর বাস্তব যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে না। সরকারের তরফ থেকে খতিয়ে দেখারও চেষ্টা করা হয় না, এসব খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির বাস্তব ও যুক্তিসংগত কারণ রয়েছে কি না। বাজারে খাদ্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি দেখা দিলে এবং বিপণনব্যবস্থায় কোনো সমস্যা বা কারসাজি করা হলে তার প্রতিকারেও সরকারি উদ্যোগের অভাব লক্ষ করা যায়। সর্বোপরি, অবস্থাটি এমন বলে প্রতীয়মান হয় যে খাদ্যপণ্যের বাজারের ওপর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথেষ্ট মাত্রায় ও সার্বক্ষণিক নজরদারির অভাব রয়েছে। দেশের সংখ্যাগরিষ্ঠ নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভোগান্তির প্রতি সরকারি কর্তৃপক্ষের এমন নির্বিকার মনোভাব তাদের সংবেদনশীলতার ঘাটতিই তুলে ধরে।
তা ছাড়া, এর সঙ্গে সরকারের দায়িত্বশীলতার প্রশ্নও জড়িত। বাজারে পণ্য সরবরাহের পথ সুগম রাখা, পথে পথে চাঁদাবাজি দমন করা, মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের নানা রকমের কারসাজির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া—এগুলো সরকারের অবশ্যপালনীয় দায়িত্ব। সারা বছরের জন্যই এসব কথা প্রযোজ্য, তবে রমজান মাসে যেহেতু খাদ্যপণ্যের বাজারে উত্তাপ ও অস্থিরতা বাড়ে, তাই এ সময় সরকারের বিশেষভাবে তৎপর হওয়া উচিত। সামনে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসবের সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা যেন খাদ্যদ্রব্য ও অন্যান্য ভোগ্যপণ্যের দাম আরও বাড়াতে না পারে, সরকারের সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।