প্রতিবছর রমজান মাসে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, পেঁয়াজ, খেজুর প্রভৃতি খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকে৷ সেহ্রি ও ইফতারের জন্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সরকারের সামনে বড় চ্যালেঞ্জ৷ সাধারণত দুটি উপায়ে সরকার বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে৷ একদিকে টিসিবির মাধ্যমে, বিশেষত নিম্ন আয়ের মানুষের জন্য কম দামে খোলাবাজারে পণ্য বিক্রির ব্যবস্থা৷ চাহিদার তুলনায় এ উদ্যোগ বেশ সীমিত হলেও বাজারের ওপর কিছুটা প্রভাব ফেলতে পারে৷ তবে রমজান মাসে কিছু পণ্যের বর্ধিত চাহিদার মাত্র ২-৩ শতাংশ খোলাবাজারে বিক্রি করে টিসিবির পক্ষে ফলপ্রসূভাবে বাজারে হস্তক্ষেপ করা সম্ভব নয়৷
সরকারের দ্বিতীয় উপায়টি মোক্ষম৷ প্রতিবছর রমজান মাস শুরুর আগে মন্ত্রীরা ব্যবসায়ী নেতাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন৷ তাঁদের মাথায়-পিঠে হাত বুলিয়ে দাম না বাড়ানোর অনুরোধ করেন৷ তখন ব্যবসায়ীরাও সুযোগ বুঝে শুল্ক কমানো বা অন্যান্য সুযোগ-সুবিধা আদায়ের আবদার করেন৷ কিছু সুযোগ ব্যবসায়ীরা আদায়ও করেন৷ কিন্তু পরে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী নির্বিচারে দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করে তুলছেন৷
এ অবস্থায় সরকারের মূল দায়িত্ব হবে তিনটি৷ প্রথমত, টিসিবির পণ্য সরবরাহের সক্ষমতা বাড়ানো৷ চাহিদার অন্তত ১০-১৫ শতাংশ পণ্য হাতে নিয়ে নামলে হয়তো বাজার স্থিতিশীল রাখা সহজ হবে৷ দেশের কয়েকটি বড় শহরে গুদাম নির্মাণ করার প্রয়োজনীয়তা এ কারণে এখন খুব বেশি৷ তবে মনে রাখতে হবে, খোলাবাজার অর্থনীতিতে কৃত্রিম উপায়ে মূল্যস্ফীতি রোধের ওপর বেশি নির্ভর করলে অনিয়ম-দুর্নীতির সুযোগ বাড়ে৷ অতীতে টিসিবির বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল, সেগুলো ভুলে গেলে চলবে না৷
দ্বিতীয়ত, ব্যবসায়ীদের কিছু সুযোগ-সুবিধা দিতে হলে শর্তাধীনে দিতে হবে৷ সোজা কথা, সুবিধা পাবে, কিন্তু মূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে৷ এ জন্য বাজারের ওপর কড়া নজরদারি থাকবে৷ কিন্তু সেখানেও পুলিশি বাড়াবাড়ি যেন না থাকে, তা নিশ্চিত করতে হবে৷
তৃতীয় উপায়টি হলো, পণ্য পরিবহনে চাঁদাবাজদের উৎপাত বন্ধ করা৷ প্রতিটি ট্রাকের জন্য ঘাটে ঘাটে চাঁদা দিতে হলে পণ্যের দাম নিয়ন্ত্রণ কঠিন৷ প্রভাবশালী মহল, সরকারি দলের নেতা-কর্মী ও কিছু অসাধু পুলিশ সদস্যকে সামলে রাখলে বাজারদর নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হবে৷