রমজানে ভেজালমুক্ত খাদ্য চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জনের পর রোজাদারদের জন্য অত্যাবশ্যক ভেজালমুক্ত ইফতারসামগ্রী। রমজান মাসে রোজা রাখার পর সবাই পবিত্র, উপাদেয় ও ভালো কিছু দিয়ে ইফতার করতে চান। রোজার মাসে প্রত্যেক মানুষের কাছে ইফতারসামগ্রী অতি প্রয়োজনীয় উপাদান৷ তাই ইমানদারির কারণেই ভেজালমুক্ত ইফতারসামগ্রী ক্রয়-বিক্রয় ও সরবরাহ করা উচিত। যেহেতু ভেজাল খাদ্য-পানীয় মানবদেহের জন্য অকল্যাণকর, ক্ষতিকর ও নিষিদ্ধ সামগ্রীর অন্তর্ভুক্ত, তাই তা সর্বাবস্থায় পরিহার করা অপরিহার্য। সুতরাং ভেজালের ব্যবসা যেমন হারাম, তেমনি তা খাদ্য হিসেবে গ্রহণও হারাম। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তিনি তাদের জন্য পবিত্র বস্তুসামগ্রী হালাল করেন এবং অপবিত্র বস্তুসমূহ হারাম করেন।’ (সূরা আল-আরাফ, আয়াত: ১৫৭)
রোজার মাসে ইফতারসামগ্রী কেনাবেচার ধুম পড়ে যায়। শুধু শহরাঞ্চলে নয়, খোদ গ্রামাঞ্চলের ছোট-বড় হাটবাজারে ইফতারসামগ্রীর পসরা নিয়ে বসেন একশ্রেণির ব্যবসায়ী। এসব ইফতারসামগ্রীই বেশি ভেজাল হয়ে থাকে। প্রতিষ্ঠিত হোটেল-রেস্তোরাঁ ছাড়াও শহরের রাস্তার দুপাশে ইফতারসামগ্রী বিক্রির তাৎক্ষণিক বহু দোকানপাট ফুটপাতেও বসে। খোলামেলাভাবে বসা এসব দোকানপাটের খাদ্যসামগ্রীতে যেমন মাছি ভনভন করে, তেমনি খাদ্যসামগ্রীর ওপর সারাক্ষণই ধুলাবালু উড়ে এসে পড়ে। ক্রেতা-বিক্রেতারা এ ব্যাপারে চরম উদাসীন থাকেন। ধুলাবালুতে মাখামাখি ভেজাল খাদ্যসামগ্রী দিয়েই রোজাদারেরা দ্রুত তাঁদের ইফতার সেরে নেন। অথচ রমজান মাসে ইফতারসামগ্রীর এসব দোকানে পণ্য তৈরি বা বিক্রির ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ যত্নবান হওয়া দরকার। ইসলামের ভেজালমুক্ত খাদ্যনীতিতে পরিচ্ছন্ন ও হালাল খাদ্যদ্রব্য একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ।’ (মুসলিম)
মাহে রমজানে মুসলমানসহ সব ধর্মাবলম্বীর কাম্য নির্ভেজাল খাদ্যদ্রব্য। রোজাদারেরা এ মাসে তাজা শাকসবজি, মৌসুমি ফলমূল, মাছ-মাংসসহ অন্যান্য দ্রব্যাদির পরিপূর্ণ নির্ভেজাল স্বাদ গ্রহণ করতে চান। কিন্তু বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি খাদ্য ও পণ্যদ্রব্যই ভেজালমিশ্রিত। ভেজালমিশ্রিত খাবার গ্রহণের ফলে রোজাদারেরা প্রতি মুহূর্তে বিভিন্ন কঠিন ব্যাধির সম্মুখীন হচ্ছেন, যা তাঁদের তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করছে। শাকসবজি, ফলমূল, তরকারি, চাল, ডাল, মাছ, মাংসসহ সব দ্রব্যাদির স্থায়িত্ব বৃদ্ধির জন্য ফরমালিন, কার্বাইড, মেলামিনসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিক্রেতারা অধিক মুনাফা লাভের জন্য এসব ভেজালমিশ্রিত খাদ্যদ্রব্য প্রতিনিয়ত বিক্রি করছেন। রমজানে ভেজালমুক্ত দ্রব্যাদি পেতে হলে সরকারের পাশাপাশি জনগণকে দ্রব্যসামগ্রী কেনার সময় সচেতন হতে হবে। তাই রাসুলুল্লাহ (সা.) মানুষকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘যদি কেউ ক্রেতার দৃষ্টি আকর্ষণ না করে কোনো ত্রুটিপূর্ণ জিনিস বিক্রি করে, সে আল্লাহর রোষানলে থাকবে অথবা ফেরেশতারা তাকে ক্রমাগত অভিশাপ দিতে থাকবে।’ (ইবনে মাজা)
একজন রোজাদার যখন ভেজাল মেশানো খাদ্যদ্রব্য দিয়ে ইফতার করবেন, তিনি নিশ্চয়ই নানা রোগব্যাধিতে আক্রান্ত হবেন। বিশেষ করে পেটের পীড়াসহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে তাঁর রোজা রাখাই দায় হবে। ভেজাল বানানোর উপাদানগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব ভেজাল দ্রব্য জ্ঞাতসারেই হোক আর অজ্ঞাতসারেই হোক, রোজাদারের দেহের অভ্যন্তরে দীর্ঘমেয়াদি রোগব্যাধি সৃষ্টি করে। এমনকি প্রাণঘাতী ক্যানসার পর্যন্ত তৈরি করতে পারে। তা ছাড়া এসব বিষাক্ত পদার্থ মানবদেহের রোগ প্রতিরোধক ক্ষমতাও চিরতরে নষ্ট করে দেয়। ভেজাল ব্যবসায়ী ক্রেতার বিশ্বাসের চরম অবমাননা ও অবমূল্যায়ন করে প্রতারণা করে থাকেন।
মানুষ হয়ে মানুষের ক্ষতি করে যারা পবিত্র ও স্বাস্থ্যকর খাবারের সঙ্গে লুকোচুরির মাধ্যমে অপবিত্র ও অস্বাস্থ্যকর বর্জ্য পদার্থ এমনকি রোগাক্রান্ত হওয়ার মতো দূষিত উপকরণ মিশ্রণ করে, তারা দেশ ও জাতির শত্রু, ইসলামের দৃষ্টিতে মস্ত বড় গুনাহগার। যারা খাদ্যে ভেজাল মেশায়, তাদের শরিয়ত গর্হিত অপরাধ বহুমাত্রায় পৌঁছে যায়। খাবার নষ্ট করা, প্রতারণা করা, হালাল খাবারে হারাম উপাদান মিশিয়ে বিষাক্ত করা, ব্যবসায় মিথ্যা বলা প্রভৃতি গুরুতর অপরাধে তারা দোষী সাব্যস্ত হয়। ইসলামে তাদের রকমফের অপরাধের ভয়াবহ শাস্তির বর্ণনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কিয়ামতের দিন পাপিষ্ঠ ব্যবসায়ী তথা যারা খাদ্যে ভেজাল মেশায়, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে, সর্বোপরি ক্রেতাকে ঠকায়, তাদের কঠোর শাস্তির জন্য জড়ো করা হবে৷ তবে সেসব ব্যবসায়ী ছাড়া, যারা ব্যবসার কাজে আল্লাহকে ভয় করে চলে, কথা কাজে সৎ থাকে।’ (তিরমিজি ও ইবনে মাজা)
একজন দুষ্ট ও অসৎ ব্যবসায়ী যেভাবে ইসলামে ধিক্কৃত ও নিন্দিত, তেমনি একজন সৎ, দায়িত্বশীল ব্যবসায়ীর জন্য তা হুমকি ও ক্ষতিকারক। তাই খাদ্যে ভেজাল মেশানো প্রমাণিত হলে ভেজালকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ন্যায্য প্রাপ্য। রোজার মাসেই ভেজালবিরোধী অভিযান জোরদার করা প্রয়োজন এবং সর্বব্যাপী ভ্রাম্যমাণ টিম গঠন করা উচিত। শুধু রাজধানী শহরেই নয়, বিভাগীয় শহর এমনকি জেলা-উপজেলা শহরেও ভেজালবিরোধী অভিযান চালানো দরকার।
ড. মুহাম্মদ আবদুল মুনিম খান: বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, গবেষক ও কলাম লেখক।
[email protected]