রমনা বোমা হামলার বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছর পর চাঞ্চল্যকর রমনা বোমা হামলার রায় ঘোষিত হয়েছে৷ গতকাল ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলার রায়ে হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড ও অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন৷ এটি বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে৷
মাননীয় আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, এটি কোনো রাজনৈতিক মামলা নয়৷ বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ব্যক্তিরাও সাধারণ মানুষ৷ আয়োজক ছায়ানটও একটি অরাজনৈতিক সংগঠন৷ দেশে অস্থিতিশীলতা ও আতঙ্ক সৃষ্টি করার জন্যই আসামিরা বোমা হামলা চালিয়েছে৷
কেবল আতঙ্ক সৃষ্টি নয়, এই অপশক্তি পবিত্র ধর্মের নামে মানুষের সুকুমার বৃত্তি বিকাশের উপাদান সংগীত, চলচ্চিত্র, নাটক, চিত্রকলা ইত্যািদ ধ্বংস করতে তৎপর৷ কী ঘৃণ্য ও নির্মম ছিল সেই হামলা! বাংলা নববর্ষে ছায়ানটের অনুষ্ঠানে দুর্বৃত্তরা বোমা মেরে হত্যা করেছিল ১০ জন মানুষকে৷ কেবল রমনার বটমূলে নয়, এর আগে ও পরে যেখানেই সুযোগ পেয়েছে হামলে পড়েছে এই জঙ্গিগোষ্ঠী৷ আদালতের বিচারক থেকে শুরু করে রাজনৈতিক দলের সমাবেশেও তারা কাপুরুষোচিত হামলা চালিয়ে মানুষ হত্যা করতে দ্বিধা করেনি৷ কয়েকজন শীর্ষস্থানীয় জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্য দিয়ে এই অপশক্তি নিশ্চিহ্ন হয়েছে—এ রকম মনে করার কোনো সুযোগ নেই৷
নিম্ন আদালতে রমনার বটমূলের হামলার বিচার হয়েছে, আসামিরা দৃষ্টান্তমূলক শাস্তি পেয়েছেন, কিন্তু বিচার–প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলা যায় না যে অপরাধীদের শাস্তি নিশ্চিত হয়েছে৷ বিবাদীপক্ষ উচ্চ আদালতে আপিল করবে, এমন কথা বলেছে৷ রাষ্ট্রপক্ষের দায়িত্ব হবে সেই আপিলের দ্রুত নিষ্পত্তির মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা৷ একই সঙ্গে যত দ্রুত সম্ভব পলাতক আসামিদের পাকড়াও করতে হবে৷
কেবল রমনার বটমূলের ঘটনা নয়, অতীতের সব বোমা ও গ্রেনেড হামলার বিচার করতে হবে৷ বিচারহীনতার সংস্কৃিত অপরাধীদের বেপরোয়া করে তোলে৷ যে অন্ধকারের রাজনীতি জঙ্গিদের এ ধরনের বোমা ও গ্রেনেড হামলা করতে প্ররোচিত করে, সেই রাজনীতিরও অবসান ঘটাতে হবে৷ এই অপশক্তিকে শিকড়সমেত উপড়ে ফেলতে না পারলে ফের তারা যেকোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে৷ তাই বিষয়টি দলীয় দৃষ্টিভঙ্গিতে না দেখে এর বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তি ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে একত্র করতে হবে৷
রমনার বটমূলের বোমা হামলায় যাঁরা নিহত হয়েছেন, আমরা আর তাঁদের ফেরত পাব না৷ তবে এই বিচারের মাধ্যমে তাঁদের স্বজনেরা এই সান্ত্বনাটুকু খুঁজে পাবে যে হত্যার মতো জঘন্য অপরাধের বিচার হয়েছে৷ আর দুর্বৃত্তদের জন্য এটি কঠিন বার্তা হিসেবেই কাজ করবে যে অপরাধ করে পার পাওয়া যায় না৷
রমনা বটমূলে হত্যা মামলার রায় দ্রুত কার্যকর হবে—এটাই দেশবাসীর প্রত্যাশা৷