রহস্যময় হত্যাগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার বিচার না হওয়ার থেকে খারাপ কিছু হতে পারে না। কিন্তু যদি তদন্তই না হয়, তাহলে বিচারের প্রশ্নই আসে না। রাজধানীতে আলোচিত তিন খুনের বেলায় এমনটিই ঘটছে। রহস্যময় খুনের মতোই রহস্যময়ভাবে স্থবির হয়ে আছে মামলার তদন্ত।
গত বছরের মার্চে খুন হন সংগীতজ্ঞ আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক পুলিশ সুপার ফজলুল করিম নিজ গৃহে গুলিতে খুন হন। আর ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াসউদ্দিন মোল্লাহর ব্যক্তিগত সহকারী আমির হোসেনকে হত্যা করা হয় চলন্ত মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে। তিনটি খুনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা তো দূরের কথা, খুনের কার্যকারণ পর্যন্ত জানতে পারেনি পুলিশ। তাদের এই ব্যর্থতা জনমনে নিরাপত্তাহীনতার বোধ বাড়িয়ে তোলে।
তিনটি খুনের ঘটনায় ছিনতাইয়ের কোনো আলামত ছিল না। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সন্দেহ, তিনি আন্তর্জাতিক অপরাধের বিচার ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন, এ কারণে ছোট ভাইকে হত্যা করা হয়ে থাকতে পারে। সিআইডির সাবেক কর্মকর্তা হত্যার কারণ সম্পর্কে তাঁর পরিবার বা পুলিশ কোনো ধারণা দিতে পারেনি। সাংসদের ব্যক্তিগত সহকারী নিহত আমির হোসেনের স্ত্রীর ধারণা, রাজনৈতিক কারণে প্রতিপক্ষ তাঁর স্বামীকে হত্যা করেছে। কারণ যা-ই হোক না কেন, একটি খুনের প্রতিকার না করা মানে হত্যাকারীর জন্য আরও অপরাধের সুযোগ থেকে যাওয়া।
এসব ঘটনা জননিরাপত্তার প্রতি হুমকি। সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে নারায়ণগঞ্জের ত্বকী হত্যাসহ অনেক খুনের কথা বলা যায়, যেখানে প্রশাসনের সদিচ্ছা নিয়ে সন্দেহ করার অবকাশ রয়েছে।
এসব খুনের তদন্ত কী কারণে এগোয় না, সে ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগী হয়ে অনুসন্ধান করতে হবে। নির্ভরযোগ্য সৎ ও দক্ষ কর্মকর্তাদের তদন্তের ভার দিতে হবে। মনে রাখতে হবে, আগে হোক পরে হোক, এসব হত্যার সঙ্গে জড়িতদের ভূমিকা উন্মোচিত হবেই। তখন তদন্তে গাফিলতির জন্য দায়ীরাও বিপদে পড়বেন। সুতরাং সময় থাকতে সাধু সাবধান!