কাজে ন্যূনতম অগ্রগতি না থাকায় সম্প্রতি রাজউক এনা প্রপার্টিজ ও অংশীদারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে করা চুক্তি চূড়ান্তভাবে বাতিল করেছে। এর ফলে উত্তরায় রাজউকের তৈরি অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করা অন্তত সাড়ে পাঁচ হাজার গ্রাহক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। প্রায় সাড়ে তিন বছর আগে ছয় হাজার গ্রাহক জনপ্রতি ১০ লাখ টাকা জমা দিয়েছিলেন। হতাশ হয়ে প্রায় ৫০০ গ্রাহক টাকা তুলে নিয়েছেন। আরও অনেকে টাকা তুলে নিতে চাচ্ছেন। বর্তমান গ্রাহকেরা কিস্তির টাকাও পরিশোধ করেননি। এখানে নির্মাণ প্রতিষ্ঠানের চুক্তিভঙ্গের বিষয়টি তো আছেই, রাজউকের ব্যর্থতাও এড়িয়ে যাওয়া যায় না। গ্রাহকদের যে অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেওয়ার কথা, তা সময়মতো তারা দিতে পারবে কি না, সে প্রশ্ন উঠেছে।
এনা প্রপার্টিজকে রাজউক এর আগে চার দফা চুক্তি বাতিলের চিঠি দিয়েছে। কিন্তু এর বেশি কিছু না। কাজে অগ্রগতি না থাকায় রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। অথচ চুক্তি অনুযায়ী জরিমানা ও প্রকল্প এলাকার মালামাল জব্দ করার কথা।
এনা প্রপার্টিজের মালিকেরা খুব সাহসী, কারণ এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক সরকারি দলের সাংসদ। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো সাংসদ সরকারের সঙ্গে ব্যবসা করতে পারেন না। এনা প্রপার্টিজ কীভাবে পারছে, সে বিষয়ে তদন্ত ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এর আগে রাজউক বলেছিল, বেশিসংখ্যক নাগরিক যেন সাশ্রয়ী মূল্যে আবাসনসংকটের সমাধান করতে পারেন, সে জন্য প্লটের পরিবর্তে তৈরি ফ্ল্যাটের ব্যবস্থা করা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে ফ্ল্যাট অনিশ্চিত। গ্রাহকদের টাকাও বছরের পর বছর আটকে রয়েছে।
মামলা হলে কাজ আটকে যাবে। তাই রাজউক ‘এ’ ব্লকের পরিবর্তে ‘বি’ ব্লকে সমমাপের সমসংখ্যক অ্যাপার্টমেন্ট নির্মাণের কথা বলছে। কিন্তু গত চার-পাঁচ বছরে নির্মাণ ব্যয় বেড়ে গেছে। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে বাড়তি ব্যয় হতো না। এই অপচয়ের বোঝা কে টানবে? গ্রাহকদের ওপর চাপালে অন্যায় হবে। এটা এনা প্রপার্টিজের কাছ থেকে আদায় করা হোক।
সময়মতো এবং পূর্বনির্ধারিত দামে গ্রাহকদের অ্যাপার্টমেন্ট বুঝিয়ে দেওয়া রাজউকের দায়িত্ব। আমরা আশা করব, রাজউক এ বিষয়ে যথাযথ গুরুত্ব দেবে।