আগামী মে মাস থেকে রাস্তায় চলাচলকারী লক্কড়ঝক্কড় বা ‘আনফিট’ গাড়িগুলো তুলে দেওয়ার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন যোগাযোগমন্ত্রী। আপাতদৃষ্টে স্বস্তিকর মনে হয়। অনুপযুক্ত বাসগুলো রাস্তায় বিপজ্জনকভাবে চলাচল করে। যথাযথ পরীক্ষা করে সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিলে নিশ্চয়ই কারও আপত্তি থাকবে না। কিন্তু এই সুযোগে যেন বাস মালিকদের হয়রানি না করা হয়, সেটাও নিশ্চিত করতে হবে।
হঠাৎ ঢালাওভাবে কোনো অভিযান চালানো উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে। কারণ, রাজধানীতে যাতায়াতে মানুষ প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ে। বাসের সংখ্যা প্রয়োজনের চেয়ে কম। ট্যাক্সি, সিএনজিচালিত অটোরিকশা তো এখনো ধরাছোঁয়ার বাইরে। মিটারে তারা যেতে নারাজ। কবে মধ্যবিত্তরা মিটারে ন্যায্য ভাড়া দিয়ে যাতায়াতের সুযোগ পাবে, তা কেউ জানে না।
এ অবস্থায় বাস ছাড়া উপায় নেই। এগুলো মোটামুটি ফিটফাট থাকলে যাত্রীরা একটু আরামে যাতায়াত করতে পারবে। রাজধানীতে যানজট একটি বড় উপদ্রব। আবার কোথাও একটু মারধর-ভাঙচুর বা এ ধরনের কিছু হলেই বাস চলাচল বন্ধ হয়ে যায়। তখন দিন শেষে ঘরে ফেরা মানুষ ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে।
মন্ত্রণালয়কে সবিনয়ে প্রশ্ন করতে চাই, মেট্রোরেল প্রকল্পের কী হলো? সরকার গত পাঁচ বছরেও কাজটা শুরুই করতে পারল না। নকশা পরিবর্তন করতে করতেই বছরের পর বছর পার। যত দেরি হয়, প্রকল্প ব্যয় তত বাড়ে। অথচ সরকার যদি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মেট্রোরেল বাস্তবায়নে উঠেপড়ে লাগত, তাহলে রাজধানীর দেড় কোটি মানুষের জন্য এর চেয়ে বড় কল্যাণ আর কী হতে পারত?
যাচাই-বাছাই করে লক্কড়ঝক্কড় বাসের বিষয়ে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু নীতিটা হতে হবে এমন, যেন ১০টা ঝরঝরে বাস বাতিল করলে সেখানে ২০টা নতুন বাস রাস্তায় নামবে। তার পরও মনে রাখতে হবে, মেট্রোরেল বা এ ধরনের ব্যবস্থা ছাড়া ঘনবসতিপূর্ণ রাজধানী ঢাকায় যাতায়াতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাবে না। তাই আধুনিক মানসম্পন্ন গণপরিবহনব্যবস্থার দ্রুত প্রসার চাই।