রাজধানীর জন্য পদ্মার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবরটি একই সঙ্গে অম্ল আর মধুর। রাজধানীবাসীর দুঃসহ পানির কষ্ট লাঘবে পদ্মার পানি শোধন করে আনা হবে। কিন্তু বুড়িগঙ্গার পানির কী হবে? বুড়িগঙ্গা কি দূষিত মরা পানির নদী হয়ে থাকবে? লালন বলে জলপিপাসায় থাকলে নদী মেঘনার মতো। এখন বলতে হচ্ছে, ঢাকা ধুঁকে জলপিপাসায় থাকতে নদী বুড়িগঙ্গা!
পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (প্রথম পর্যায়) নামের এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিন হাজার ৫০৯ কোটি টাকার প্রকল্পটি অনুমোদিত হয়। এই প্রকল্পের অর্থের বড় জোগান আসবে চীনের কাছ থেকে ঋণের মাধ্যমে। তিন হাজার ৫০৯ কোটি টাকার প্রকল্পে চীনা ঋণে আসবে দুই হাজার ৪১৩ কোটি টাকা। ঋণের শর্ত কী, সুদ কেমন সেটা যেমন জানা দরকার, তেমনি এই প্রকল্পের জনস্বার্থ ও পরিবেশগত দিকটিও খতিয়ে দেখা দরকার। সাধারণত বড় প্রকল্পে সরকারের বিভিন্ন অংশের আগ্রহ বেশি থাকে। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, বড় প্রকল্পে বিধিবহির্ভূত সুবিধা হাসিলের সুযোগটাও অনেক বড় থাকে।
সব ভালো যার, শেষ ভালো তার। প্রকল্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, তা আশা করা যায়। কিন্তু এ ধরনের একটি প্রকল্পের শিকে কেন বুড়িগঙ্গার ভাগ্যে ছিঁড়বে না। বুড়িগঙ্গার সঙ্গে রাজধানী ঢাকার পরিবেশ, প্রতিবেশ এবং জনস্বাস্থ্যের সম্পর্ক রয়েছে। নদীটি খনন, দূষণরোধ ও পাড়রক্ষায় বিভিন্ন সময় আয়োজন নেওয়া হলেও কোনোটাই খুব বড় আকারের ছিল না। এ ছাড়া এসব উদ্যোগের ফলাফল শেষ পর্যন্ত পানিতে টাকা ফেলার সমার্থক হতেও দেখা গেছে।
সিঙ্গাপুর তাদের সিঙ্গাপুর নদীকে বুড়িগঙ্গার দশা থেকে স্বচ্ছসলিলা তরঙ্গিণীতে পরিণত করেছে। দিল্লির যমুনা নদী রক্ষায়ও অনেক কাজ করেছে ভারত সরকার। এমনকি লন্ডনের টেমস নদীর দশাও ফিরিয়ে আনতে বিশেষ বেগ পেতে হয়নি ব্রিটেনকে। কেবল দুর্ভাগা বাংলাদেশের দুর্ভাগিনী বুড়িগঙ্গা দিনকে দিন বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে। এর জন্য দায়ী মানুষের উৎপাত ও সরকারি অবহেলা। সব শেষ হওয়ার আগেই বুড়িগঙ্গার দিকে নজর ফেরান।