কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ঢাকার রাজারবাগ, মালিবাগ ও শান্তিনগরসহ আরও কয়েকটি জায়গায় হাঁটুসমান পানি জমে যায়৷ রাস্তায় চলতে গিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পড়তে হয় নানা বিড়ম্বনায়৷ স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অফিসগামী লোকজনকে নোংরা পানিতে চলাচল করতে হয়৷ যানবাহনে দিতে হয় অতিরিক্ত ভাড়া৷
এ ছাড়া জলাবদ্ধ রাস্তায় চলতে গিয়ে বিভিন্ন যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে যায়৷ এ কারণে সৃষ্টি হয় তীব্র যানজট৷ একই সঙ্গে অদৃশ্য খানাখন্দে পড়ে রিকশা ও ট্যাক্সিক্যাব উল্টে যায়৷
ঢাকার এই জলাবদ্ধতার চিত্র নতুন নয়৷ অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ভরাট করে গৃহনির্মাণ, নালা-নর্দমায় পলিথিনের কারণে জলাবদ্ধতার তীব্রতা বেড়েই চলেছে দিন দিন৷
বর্ষাকালে ঢাকার বিভিন্ন রাস্তায় খোঁড়াখুঁড়ি, উড়ালসেতুর নির্মাণকাজ এ অবস্থা আরও অসহনীয় করে তোলে৷ প্রতিবছরই এই জলাবদ্ধতা নিয়ে নানা আলোচনা-সমালোচনা, তর্ক-বিতর্ক হয়; কিন্তু এর কোনো সুরাহা হয় না৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ নিয়ে কোনো মাথাব্যথা আছে কি?
সাবিনা পারভীন
গোড়ান, ঢাকা৷