মগবাজার মোড় রাজধানী ঢাকার একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা৷ এখানকার একটি আবাসিক হোটেলে ধর্ষণের ঘটনা ঘটেছে গত রোববার গভীর রাতে৷ এ ঘটনা ঢাকার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতির চিত্রকেই তুলে ধরছে৷ আর সরকারি দলের ছাত্রসংগঠনের নেতা যখন এ ঘটনায় অভিযুক্ত হন, তখন পরিস্থিতির ভয়াবহতা টের পাওয়া যায়৷
ঘটনার শিকার গৃহবধূ স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন চিকিৎসা নিতে; নিরাপদ স্থান ভেবেই উঠেছিলেন মগবাজারের গোল্ডেন এন প্যালেস হোটেলে৷ রাতে সেখানে গিয়ে সহযোগীসহ হাজির হন ছাত্রলীগের এক নেতা৷ রুমের দরজা খুলতে বাধ্য করা এবং ছুরির ভয় দেখিয়ে স্বামীকে অন্য রুমে আটকে রেখে ছাত্রলীগের সেই নেতা ধর্ষণ করেন তাঁর স্ত্রীকে৷ শেষ পর্যন্ত হোটেলেই পুলিশের হাতে ধরা পড়েছেন দুজন৷ থানায় যে মামলা হয়েছে, তাতে গৃহবধূ ঢাকা মহানগর ছাত্রলীগের (উত্তর) যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনকে ধর্ষণকারী হিসেবে ও তাঁর সঙ্গী উজ্জ্বল মিয়াকে সহায়তাকারী হিসেবে উল্লেখ করেছেন৷
মামলার সূত্রে ঘটনার যে চিত্র পাওয়া গেছে, তাতে এটা পরিষ্কার যে অভিযুক্তরা পরিচিত মুখ এবং তাঁদের ভয়ে হোটেলের ব্যবস্থাপক বা কর্মচারীরা তটস্থ থাকেন৷ তা না হলে ছুরি দেখিয়ে মাঝরাতে হোটেলে ঢুকে পড়া সহজ কাজ নয়৷ বোঝা যায়, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাঁরা এই শক্তি অর্জন করেছেন৷ অবশ্য অভিযুক্ত ইকবালকে ছাত্রলীগ থেকে আগেই বহিষ্কার করা হয়েছে বলে ঘটনার পর সংগঠন থেকে দাবি করা হয়েছে৷ কিন্তু সরকারি দলের ছাত্রসংগঠনের নেতার পরিচয়টি যে তাঁকে নির্বিঘ্নে হোটেলে ঢোকার ও ধর্ষণে ‘সাহস’ জুগিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না৷ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রশ্ন, একটি আবাসিক হোটেল কীভাবে ধর্ষক ও দুর্বৃত্তদের অবাধ বিচরণক্ষেত্র হয়ে উঠল?
ধর্ষণের দায়ে অভিযুক্ত ইকবাল হোসেন ও তাঁর সহযোগী ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার হয়েছেন৷ ফলে আমরা এই মামলার দ্রুত তদন্ত ও অগ্রগতি দেখতে চাই৷ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমেই ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর পরিস্থিতি তৈরি করা যাবে৷