রাজনীতি ও সংখ্যালঘু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু ত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করি বলেই এ দেশকে খুব ভালোবাসি। আর অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি বলে আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন জানাই। কিন্তু বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায় অস্তিত্বের আতঙ্কে ভুগছে। প্রতি পাঁচ বছর পর দেশে জাতীয় নির্বাচন হয়। সংখ্যালঘুদের ওপর নেমে আসে নির্যাতন। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের প্রার্থী জিতলে খুশিতে বা শক্তি প্রদর্শন করতে সংখ্যালঘুদের ওপর হামলা হয়। আর হারলে বলা হয়, হিন্দুরা নৌকাকে জিতিয়েছে। তাই তাদের দেশ থেকে তাড়াও।
আবার কিছু ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থীও এটা করেন, যদিও স্থানীয় নির্বাচনে এটি বেশি হয়। রাষ্ট্র ও রাজনৈতিক দলগুলো এই সাম্প্রদায়িকতাকে উসকে দেয়। যেমন, মানবতাবিরোধী বিচারের রায়ে ‘একাত্তরে হিন্দু নির্যাতনের জন্য শাস্তি’ কথাটি বারবার উঠে আসছে। তাতে সামনে আক্রমণের ভয়াবহতা আরও বাড়বে সন্দেহ নেই। মাননীয় বিচারকদেরও কথাটি মাথায় নেই। সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও মানুষ নির্যাতনের কথাটি না বলে, হিন্দু বা সংখ্যালঘু শব্দ ব্যবহার আমার দৃষ্টিতে অসংগতিপূর্ণ। বারবার এত নির্যাতনের পরও হিন্দুরা দেশের প্রতি মমত্ববোধের কারণে এ দেশের মাটি আঁকড়ে পড়ে আছে। যে রাজনৈতিক দলটির কারণে এত নির্যাতন সহ্য করতে হচ্ছে, তাদের আচরণে বিশ্বাস ভঙ্গের ইঙ্গিত দেখা যাচ্ছে। অন্তত আমার এলাকার হিন্দুদের সঙ্গে কথা বলে এটিই মনে হয়।
পাকিস্তানিদের করা অর্পিত সম্পত্তি বঙ্গবন্ধুর আমলেও বৈধ হলো না, শেখ হাসিনার গত শাসন আমলেও না। আর এবারে করছি, করব, করে করে অক্টোবরে ক্ষমতা ছাড়বে বলে ঘোষণা দিয়ে ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলো। যাতে তাদের পৃষ্ঠপোষক ভূমিদস্যুদের দখলকৃত হিন্দুদের জমি ছাড়তে না হয়। অন্তত আগামী পাঁচ বছর পর্যন্ত। আর অন্য সরকার এলে যে হবে না, এটা প্রায় নিশ্চিত। এটা করে আওয়ামী লীগ আমাদের সঙ্গে অবশ্যই প্রহসন করেছে, দরিদ্র হিন্দু সম্প্রদায়কে মামলায় জড়িয়ে অনেক পরিবারকে পথে বসানো হয়েছে। অনেক পরিবারকে মামলার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। তাহলে কি আমরা ধরে নেব, আওয়ামী লীগ বা বিএনপি হিন্দুনীতিতে এক জোট! কেউ ধনে মারবেন, আর কেউ প্রাণে মারবেন। তাহলে আমরা সংখ্যালঘুরা কেন একটি দলকে সমর্থন করে নির্যাতিত হব—বলতে পারেন কি?
তার পরও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি আমরা বিশ্বাস হারাতে চাই না। যে দালাল চক্রের প্ররোচনায় এত টালবাহানা, তারা নিঃসন্দেহে সরকারকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত।
সূচয়ন সেনগুপ্ত
সারোয়াতলী, বোয়ালখালী, চট্টগ্রাম।