
অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এ মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো।
নাফিসের ৩০ বছরের কারাদণ্ড
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক ভবনে বোমা হামলার পরিকল্পনার দায়ে বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। এ সংবাদে মতামত জানিয়ে সুমন্ত আসলাম লিখেছেন: নাফিস পরিকল্পনা করেছিলেন, কারণ তাঁকে তেমনটি করতে শেখানো হয়েছিল। আর আমেরিকার স্টিং অপারেশন হলো কার্যত নিরীহ মানুষকে অপরাধী সাজানোর কৌশল বা সাজানো নাটক। মানুষের মধ্যে ক্ষোভ তো থাকতেই পারে। কথা হলো কে অপরাধপ্রবণতাকে উসকে দিল বা ভুল পথে চালিত করল। আমাদের উচিত নাফিসের পক্ষে কথা বলা। দেশের ভাবমূর্তি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও তা করা দরকার।
মো. তারেক খান: রাষ্ট্র আমাদের এমন এক আলোহীন গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে, যেখান থেকে জন্ম নিচ্ছে জীবনের হতাশা। জন্ম নিচ্ছে ক্লেদ, ক্ষোভ। এ হতাশা, ক্ষোভ, অপ্রাপ্তি ও ব্যর্থতা থেকে মুক্তি পেতে নাফিসের মতো আমরাও ছুটে বেড়াই ইউরোপ থেকে অস্ট্রেলিয়া। হতাশা ও একাকিত্ব আমাদের বিপথে ঠেলে দেয়। আসুন, ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে হতাশ না হয়ে, ‘ইতিবাচক’ কিছু করার চেষ্টা করি। আসুন না, একবার বলি—এ দেশ, এ মাটি আমাদের। এ দেশের সবুজ মাঠ, নদী, দীর্ঘ উপবন, সাদা বক, পানকৌড়ি এসব যেমন আমাদের; ঠিক তেমনি এ দেশের অর্ধনির্মিত সেতু, ঢাকার ডাস্টবিনে উপচে পড়া ময়লা, ট্রাফিক জ্যাম, রানা প্লাজা ধসে হাজারো মানুষের শোক, বিশ্ববিদ্যালয়ের গণরুম, প্রাথমিক বিদ্যালয়ের ভাঙা বেঞ্চও আমাদের! কাকে দোষ দেবেন, বলুন? আওয়ামী লীগ, বিএনপি—নাকি জাতীয় পার্টি? দেশের রাজনৈতিক দলগুলোতে তো আমরাই! ভিনদেশি কেউ নয়। আসুন না, আমরা হতাশা ঝেড়ে দেশটাকে একটু আপন ভাবি। আরেকজন নাফিস যেন আমাদের মধ্য থেকে তৈরি না হয়, সে চেষ্টা করি।
ওয়াহিদ হোসেইন সিদ্দিকী: জঙ্গিরা ধরা খেলে অনেক ভালো ভালো কথা বলে, গল্প-নাটক সাজায়। নাফিসও তা-ই করছেন। নাফিস শুধু নিজের নয়, সব বাংলাদেশির ক্ষতি করেছেন।
নেতিবাচক প্রচারে দ্বিধান্বিত হবেন না: প্রধানমন্ত্রী
ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে বলেছেন, সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারে দ্বিধান্বিত না হতে। এই সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে রেজাউল চৌধুরী লিখেছেন: মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন, এক-এগারো আমাদের জন্য এক বড় শিক্ষা। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনার গত সাড়ে চার বছরের শাসনামল দেখে মনে হয় না, আপনারা এক-এগারো থেকে কোনো শিক্ষা নিয়েছেন। তবে একটা জিনিস ভালো বুঝেছেন, এক-এগারোর সরকারের মতো কেউ যাতে ক্ষমতায় আসতে না পারে, সে পথ বন্ধ করা প্রয়োজন।
আমজাদ চৌধুরী: দুই নেত্রীর রাজনীতি হলো, একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি করা আর গদি দখলের জন্য লড়াই করা। রাজনীতির তত্ত্বকথা তাঁদের বোধগম্য কি না, এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে।
মানুষ শান্তিতে ঈদও করতে পারছে না: খালেদা
ঈদ উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় বলেছেন, দেশের মানুষ ভালো নেই, শান্তিতে নেই। এ খবরে নূরুল আবসার হুসাইন মন্তব্য করেছেন: এ মন্তব্য আমাদের দেশের বিরোধী দলের রাজনীতিকদের জন্য সংরক্ষিত। একসময় আপনি, আরেক সময় শেখ হাসিনা এ কথা বলবেন, এটা যেন নির্ধারিত। এখন আপনি ক্ষমতায় নেই, তাই ঈদ কেন, কোনো সময়ই আপনার মনে শান্তি নেই।
সোহেল চৌধুরী: দেশের মানুষ বিএনপি ও জামায়াতের অত্যাচারে শান্তিতে নেই। আপনাদের অত্যাচারে মানুষ শান্তিতে বাড়িতে যেতে পারছে না। আপনারা তো শুধু নিজেদের পকেট ভারী করেন। দেশের মানুষের কথা ভাবেন না।
আহমাদ: আপনার শাসনামলের চেয়ে অনেক ভালো ঈদ করলাম। জনগণকে নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। পরিবারকে নিয়ে ভালোভাবে ঈদ করুন!
বিলবোর্ডের খরচের উৎস জানতে চায় বিএনপি
রাজধানীর বিলবোর্ডগুলোতে আওয়ামী লীগ সরকারের সাফল্য নিয়ে প্রচারাভিযানের পেছনে খরচের উৎস জনগণ জানতে চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। এ সংবাদে মতামত জানিয়ে দেবপ্রিয় দেব লিখেছেন: বিলবোর্ড ও হাওয়া ভবনের খরচের উৎস একই প্রকৃতির। আপনারা কি ভাবেন, জনগণ দেশটাকে আপনাদের দুই দলের কাছে ইজারা দিয়েছে?
মোহাম্মদ জমির হায়দার বাবলা: সরকার ৬০ কোটি টাকা খরচ করে বিলবোর্ড লাগিয়েছে, আর বিরোধী দল হরতাল করে দেশের বারোটা বাজাচ্ছে। উভয় দল বর্তমানে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য বিষফোড়াসম। সাধারণ মানুষ এদের কাছ থেকে মুক্তি চায়।
আমজাদ: আপনার যদি মনে হয়, সরকার বিলবোর্ডে ভুল তথ্য দিচ্ছে, তবে সঠিক তথ্যগুলো বিলবোর্ডে লিখে জনগণকে জানান। আপনাদের গত শাসনামলের সাফল্য এবং আগামী দিনে ক্ষমতায় এলে কী করবেন ও কীভাবে করবেন, তা-ও মানুষকে জানান। শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না।
সাইফুল: আপনি কি মনে করেন, সরকার বিএনপিকে বিলবোর্ড লাগাতে দেবে? সরকার তো তখন সংবিধানের অমুক ধারা, তমুক ধারা তুলে ধরে বলবে, বিএনপির জন্য বিলবোর্ড ব্যবহার অবৈধ।
নগরজুড়ে সরকারের পক্ষে বেনামি প্রচার
রাজধানীজুড়ে সরকারের সাফল্য প্রচার করে বিলবোর্ড টাঙানো হয়েছে, অথচ কারা তা করেছে, তা দলের লোকেরা জানেন না। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে মতামত জানিয়ে মহিউদ্দিন মাসুদ লিখেছেন: বিলবোর্ড ভোট দেয় না, দেন ভোটাররা। তাঁদের মাথার ভেতরে অনেক বিলবোর্ড। তাই দেশকে বিলবোর্ডে মুড়ে দিলেও কোনো ফায়দা হবে না। জনগণের মাথার বিলবোর্ডগুলোতে হল-মার্ক, ডেসটিনি, শেয়ার মার্কেট, পদ্মা সেতু, গ্রামীণ ব্যাংক, ছাত্রলীগ, সাগর-রুনি ইস্যুর মতো শ দুয়েক বিষয় টাঙানো আছে। এগুলোকে ঢেকে দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। এই যে বিলবোর্ড দখল করে নির্বাচনের প্রচারকাজ শুরু করলেন ক্ষমতসীনেরা, এটা বেআইনি নয় কেন?
সাজ্জাদুর: এখন বিলবোর্ড, কয়েক দিন পর বাড়ি বাড়ি নোটিশ বোর্ড পাঠানো হবে। কিন্তু সরকার আর কী করবে? এত কাজ করল, জনগণের কোনো শোকরানা নেই! তাই নিজেদের ঢোল নিজেদেরই পেটাতে হচ্ছে। পাঁচটি সিটি নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে ভোট দেননি। কারণ, তাঁরা জানতেন না দলটি কী কী উন্নয়ন করেছে। তাই নতুন প্রচার শুরু হয়েছে। এরপর যদি জনগণ ভোট দেয়!
মারুফ: দেশের রাজনীতিকেরা বড় বিচিত্র। তাঁরা মনে করেন, জনগণও তাঁদের মতো উটপাখি হয়ে বালুতে মাথা গুঁজে বসে আছে।
(পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com):