রাজনীতির নামে এই নৃশংসতা বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতিতে সহিংসতা নতুন কিছু নয়, কখনো কখনো রাজনৈতিক আন্দোলন সহিংস হয়ে ওঠে। বাংলাদেশে এখন যা হচ্ছে, তা রাজনীতিও নয়, রাজনৈতিক সহিংসতাও নয়। স্রেফ ঠান্ডা মাথায় নৃশংসতা। যে বা যারা গত সোমবার বাড্ডা এলাকায় শিশুদের হাতে খেলার জন্য ককটেলের বল তুলে দিল, একটু পর কী হতে যাচ্ছে, তা ভেবে কি তাদের হাত তখন একটু কেঁপেও ওঠেনি!
‘বল’ পেলে শিশুরা যা করার তা-ই করেছে; শিশু ইয়াসিন বল পেয়ে তা ছুড়ে দেয় শিশু ফাহিমের দিকে। ককটেলের যা ধর্ম সেটাই হয়েছে; বিস্ফোরণে উড়ে গেছে ফাহিমের দুই হাতের আঙুল। স্প্লিন্টারের আঘাত লেগেছে মুখ ও পেটে। দুই হাতে ব্যান্ডেজ নিয়ে এখন হাসপাতালে কাতরাচ্ছে আট বছরের শিশু ফাহিম। ছবিটি প্রথম আলোয় ছাপা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে বা যারা এ ঘটনা ঘটানোর পেছনে কাজ করেছে অথবা ‘রাজনৈতিক উদ্দেশ্য’ হাসিলের জন্য যারা কাজটি করা জায়েজ মনে করেছে, তাদের মনে এই ছবি দেখে বা খবরটি পড়ে আদৌ প্রতিক্রিয়া হয়েছে কি?
যে দুই অপরিচিত লোক শিশুদের হাতে ককটেলের বল তুলে দিল, তাদের হাত যদি কেঁপে না থাকে, যারা রাজনৈতিক আন্দোলন বা কর্মসূচি দিয়ে যাচ্ছে, তাদের মধ্যে যদি কোনো প্রতিক্রিয়া না হয়ে থাকে, তবে এটা মানতেই হবে যে আমাদের সমাজ অসুস্থ হয়ে পড়েছে। যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হলেও আমাদের বিকার নেই। শিশুদের হাতে খেলার জন্য ককটেলের বল তুলে দেওয়া হচ্ছে, প্রতিক্রিয়া নেই। সামনে কী ঘটবে কে জানে!
দেশ ও জনগণের নামে বিএনপি ও জামায়াত-শিবির যে রাজনীতি করছে, দেখা যাচ্ছে, তা পুরো দেশকে জর্জরিত করে তুলছে। জনগণের সংবেদনশীলতা নষ্ট করে ফেলা হচ্ছে। এ রকম একটি অসংবেদনশীল ও নৃশংস পরিবেশে যে শিশু-কিশোরেরা বেড়ে উঠছে, তাদের মনোজগতে যে প্রতিক্রিয়া হচ্ছে, তা কোন প্রজন্ম তৈরি করবে! বিষয়টি গভীর উদ্বেগের। দেশ, সমাজ ও মানুষের স্বার্থে আমরা এই রাজনৈতিক অপকৌশল ও সহিংসতা বন্ধের দাবি জানাই।