রাজনীতি শুধু ‘রাজত্ব’ করার নীতি নয়। রাজত্ব করার কূটকৌশলও নয়, সেবার প্রীতিময় নীতির নাম রাজনীতি। রাজনীতিও শিল্প, এ শিল্পের নাম সেবা। দুষ্টের দমন শিষ্টের পালন এর মূলমন্ত্র। ফন্দি-প্রবঞ্চনা এর সঙ্গে যায় না। কৌশলের কানাগলি দিয়ে এ শিল্প হাঁটে না। কল্যাণের রাজপথ দিয়ে প্রকাশ্যে এ শিল্পের চর্চা করতে হয়। চোরাগলিতে গেলে তা চোরাবালিতে হারিয়ে যায়। তখন জনতা রুষ্ট হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থা, ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, হরতালের আগুনে পুড়ছে শিশুসহ নিরীহ মানুষ পোকামাকড়ের মতো। হতভাগা দেশের কথা কেউ ভাবছে না।
রাজনীতিশিল্পের অন্যতম অনুষঙ্গ কম্প্রোমাইজ বা সমঝোতা। এ দেশের রাজনীতিকদের মধ্যে সমঝোতার ছিটেফোঁটাও দেখা যায় না। কেউ চাচ্ছে ক্ষমতায় যাওয়া, তা যেভাবেই হোক আর কেউ বলপ্রয়োগের মাধ্যমে গদিতে টিকে থাকার ফন্দি করছে। রাজনীতিবিদদের পথে পথে সাধারণ্যের বিছানো সম্ভাবনাময় স্বপ্নের সফল রূপায়ণ চায় তারা। গণমানুষের স্বপ্নের ওপর দিয়ে হাঁটতে হয় আলতো পায়ে, মৃদু পদে, ভারসাম্য রেখে। কারণ, জনগণের স্বপ্নভঙ্গের অপর নাম সর্বনাশ। ডব্লিউ বি ইয়েটসের মিনতি, আই হ্যাভ স্প্রেড মাই ড্রিমস আন্ডার ইওর ফিট; ট্রেড সফ্টলি বিকজ ইউ ট্রেড অন মাই ড্রিমস।
মো. ওয়াসিম,
কালীকচ্ছ, সরাইল।